৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ডলি আক্তারকে নিয়েই সবাই আশাবাদী ছিল। কিন্তু শেষ মুহূর্তে তাঁকে টপকে রুপা জিতলেন মাহফুজা খাতুন। এতটা তিনি নিজেও আশা করেননি। অপ্রত্যাশিত সাফল্যের পর জানালেন নিজের অনুভূতির কথা ক্যারিয়ার-সেরা পারফরম্যান্স করলেন, নিশ্চয়ই ভালো লাগছে?মাহফুজা খাতুন: হ্যাঁ। তা তো লাগছেই। তবে সোনা জিততে পারলে আরও ভালো লাগত। ৩৫.৪৩ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতলেন, আগের টাইমিং কত ছিল?মাহফুজা: এর আগে আমি ২০০৭ সালের জাতীয় চ্যাম্পিয়নশিপে ৩৫.৬২ সেকেন্ড সময় করেছিলাম। এবারেরটা তো দেখলেনই। এটা নিয়ে কি সন্তুষ্ট?মাহফুজা: আমি তো বলব অনেক ভালো করেছি। গত সাফ গেমসে টাইমিং ছিল ৩৬.৮৭ সেকেন্ড। সেবার ব্রোঞ্জ জিতেছিলাম। এবার কি সোনার আশা করেছিলেন?মাহফুজা: আসলেই আশা করেছিলাম। কিন্তু মাঝখানে বেশ কিছুদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকা-চট্টগ্রাম-রাজশাহী দৌড়াদৌড়ি করেছি। ওই সময় প্র্যাকটিসে একটু ভাটা পড়েছিল। বিশ্ববিদ্যালয়ে কি সুযোগ মিলেছে?মাহফুজা: (হাসি...)। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে ভর্তি হয়েছি। এটাই কি আপনার সেরা সাফল্য?মাহফুজা: এটাই আমার জীবনের সেরা টাইমিং। এমনকি বাংলাদেশে এযাবত্কালের ৫০ মিটারে ব্রেস্টস্ট্রোকের সেরা টাইমিংও আমিই করলাম। পুলে নামার সময় কী মনে হচ্ছিল?মাহফুজা: আসলে তখন নির্দিষ্ট কোনো চিন্তা ছিল না। আমার আর ডলির একই লক্ষ্য ছিল। আমরা যেহেতু হিটে দেখেছি নাতাশাকে। তখনই চিন্তা করি ওকে ফাইনালে ভালোভাবে ধরতে হবে। সেই চেষ্টা করেছিলাম। কিন্তু শেষ মুহূর্তে এসে আর পারিনি। আর কোন ইভেন্টে সাঁতরাবেন?মাহফুজা: আগামীকাল ১০০ মিটারে ব্রেস্টস্ট্রোকে সাঁতরাব। সেখানে কী লক্ষ্য?মাহফুজা: অবশ্যই সোনা। সোনা জেতা নাতাশা তো খুব বেশি এগিয়ে ছিলেন না...মাহফুজা: হ্যাঁ। দুজনই প্রায় একই টাইমিং করেছি। আশা করছি ১০০ মিটারেও এমন লড়াই হবে। আপনি কি আশাবাদী?মাহফুজা: আমি আশাবাদী। আমার মনে হয় আমি ও ডলি দুজনই ভালো করব। ডলি যেহেতু আমার চেয়ে একটু লম্বা তাই ও একটু সুবিধা পেতে পারে। আপনার দেশের বাড়ি কোথায়?মাহফুজা: যশোরের নোয়াপাড়ায়। সাঁতার দেখতে পরিবারের কেউ এসেছিল?মাহফুজা: হ্যাঁ, আমার বাবা, বড় বোন আর দুলাভাই এসেছিল। ওঁরা তো বেশ খুশি...মাহফুজা: হ্যাঁ। ওনারা তো ভাবেনইনি যে আমি এমন একটা রেজাল্ট করব। আশা করেছিল বড়জোর ব্রোঞ্জ আসতে পারে। আমি নিজেও ভাবতে পারিনি আমি এমন রেজাল্ট করব। আসলে আল্লাহর ইচ্ছা ছিল, ভালো টাইমিং করেছি। কোচ কি আলাদাভাবে কোনো পরামর্শ দিতেন?মাহফুজা: না, আলাদা কোনো পরামর্শ দেননি। তবে আমাদের সবাইকেই তিনি খুব ভালোভাবে প্রস্তুত করিয়েছেন। তবে এটা সত্যি, যারা একটু ভালো করবে তাদের তো বিশেষভাবে কিছু বলতেনই। তাদের মধ্যে আমিও ছিলাম। হিটে তো ভালো করেননি।মাহফুজা: হিটে তো আমরা শতভাগ দিই না। কিছু তো রেখেই দিই। তবে আত্মবিশ্বাস ছিল ওর চেয়ে ভালো করব। আমরা জানতাম, ওর টাইমিং আমাদের চেয়ে বেশি ভালো না। গত ১৬ ডিসেম্বরে আপনার টাইমিং কেমন ছিল?মাহফুজা: ওখানে আমি দ্বিতীয় হই। ডলি প্রথম। আমার টাইমিং ছিল ৩৬.৫৩ সেকেন্ড। সেই হিসাবে আমি বলব আমি অনেক উন্নতি করেছি।