‘নিজেকে অসহায় মনে হচ্ছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের অক্টোবরে জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমির ব্যবস্থাপনা কমিটির প্রধানের দায়িত্ব নিলেও অভিজ্ঞতা মোটেও সুখকর হয়নি সাবেক ক্রিকেটার শাকিল কাসেমের। ক্ষোভ আর হতাশায় গত পরশু তাই সরেই দাঁড়ালেন দায়িত্ব থেকে। তারেক মাহমুদকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক একাডেমি প্রধান বললেন তাঁর অসহায়ত্বের কথা— ঠিক কী কারণে পদত্যাগ করলেন একাডেমির ব্যবস্থাপনা কমিটির প্রধানের পদ থেকে?শাকিল কাসেম: দুই বছরের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যার আট মাস প্রায় শেষ। এই আট মাসে আমি একাডেমির কোনো কাজেই গতি আনতে পারিনি। একাডেমির লক্ষ্য কী, বোর্ড কতটা সিরিয়াস—সেসব বিষয়ে আমি ঠিক নিশ্চিত নই। বিদেশ থেকে ডিরেক্টর অব কোচিং আনার কথা। সেজন্য নামের সংক্ষিপ্ত তালিকা করে পাঠানো হয়েছে। বাজেট দেওয়া হয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। কবে হবে না-হবে সেটাও জানি না। স্থানীয় যে স্টাফ নেওয়ার কথা সেগুলোর কোনো গতি হয়নি। একাডেমি ভবনে যেসব সুযোগ-সুবিধা থাকার কথা ছিল, সেসবও নেই। মোট কথা, কোনো প্রোগ্রাম চালানোর মতো অবস্থায়ই এখনো আসিনি আমরা। আট মাস দায়িত্বে থেকেও যদি এতটুকু না করতে পারি, এটা আমারই অক্ষমতা। এ পরিস্থিতিতে আমার মনে হয়েছে জায়গাটা আঁকড়ে ধরে থাকা হয়তো ঠিক নয়। যে সমস্যাগুলোর কথা বললেন সেগুলোর কারণ কি অর্থাভাব নাকি বোর্ডের আন্তরিকতায় কোনো ঘাটতি আছে?শাকিল: আমি নির্দিষ্ট করে বলতে পারব না কোথায় সমস্যা। হতে পারে বোর্ডের কাছে অন্য কাজগুলোকেই বেশি জরুরি মনে হচ্ছে। হয়তো একাডেমির জন্য এ মুহূর্তে আলাদা করে বাজেট দেওয়া সম্ভব হচ্ছে না। একাডেমিকে পুরোপুরি কার্যক্ষম করতে অনেক টাকা-পয়সা দরকার। তবে বোর্ড একাডেমি নিয়ে কতটা সিরিয়াস, সে ব্যাপারে আমি কোনো মতামত দিতে চাই না। সভাপতি সাহেব একপর্যায়ে খুব আগ্রহী ছিলেন একাডেমির ব্যাপারে। পরে ওনাদের চিন্তাধারা কোন দিকে গেছে, আমি ঠিক নিশ্চিত নই। আপনার কি মনে হয়, বোর্ড একাডেমির গুরুত্বই বুঝতে পারছে না?শাকিল: একাডেমির জন্য একটা ভবন তৈরি হলো, এত আয়োজন হলো...কিন্তু উদ্দেশ্য হাসিলের কোনো লক্ষণ আমি কারও মধ্যে দেখছি না। একাডেমির গুরুত্ব একটু হলেও বোঝা দরকার বোর্ডের। জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের বেশির ভাগই ১০ বছর ধরে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এ জায়গায় এসেছে। কিন্তু পাঁচ বছর পর যখন এই দলের ৭০-৮০ শতাংশ ক্রিকেটার থাকবে না, তাদের জায়গা পূরণের জন্য আগের মতো কোনো হাইপারফরম্যান্স ইউনিট এখন নেই। একাডেমির ভেতরই এই ইউনিটের কাজ করার কথা। এ মুহূর্তে একাডেমির অবস্থা কী?শাকিল: এ মুহূর্তে একাডেমিতে কোনো ডিরেক্টর অব কোচিং নেই, কোনো স্টাফই নেই বলতে পারেন। কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে এখানে দেওয়া হলেও এক সপ্তাহের মধ্যে তাকে আবার জাতীয় দলের কাজে ফিরিয়ে নেওয়া হয়েছে। অথচ দক্ষিণ আফ্রিকা একাডেমির বিপক্ষে সিরিজের জন্য নির্দিষ্ট কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল সালাউদ্দিনকে। শেষ মুহূর্তে আমরা শুনলাম, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, আনুষ্ঠানিকভাবে আমাদের কিছুই জানানো হলো না! পরে কোনোরকমে একজন কোচ জোগাড় করে চট্টগ্রামে পাঠাতে হয়েছে। গেম ডেভেলপমেন্ট থেকে একজন কোচকে নিয়ে একাডেমির হেড কোচ বানিয়ে পাঠানো হয়েছে। কম্পিউটার এনালিস্ট, ফিজিও-ট্রেনারও এখান থেকে নেওয়া হয়েছে। খেলোয়াড়দের যে সাপোর্ট দরকার তার কিছুই আমরা দিতে পারছি না। ঢাকায় টি-টোয়েন্টি ক্রিকেট খেলে রাতের ট্রেনে চট্টগ্রাম পৌঁছে তারা সকালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার দিনের ম্যাচ খেলতে নেমেছে। এটা কিন্তু একাডেমির উন্নয়নের সঠিক পথ হলো না। নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। এ রকম সমন্বয়হীনতা থাকলে তো কাজে ধারাবাহিকতা থাকে না। মোটামুটিভাবে এখানে বিল্ডিংটা আছে, থাকা-খাওয়ার জায়গা আছে। এর বেশি কিছু নেই। অন্যান্য দেশের একাডেমির মতো বিসিবির একাডেমিরও নিশ্চয়ই একটা লক্ষ্য আছে। কিন্তু এভাবে চললে কি সে লক্ষ্য পূরণ হবে?শাকিল: বোর্ড কিন্তু মনে করে, ক্রিকেটের উন্নয়নে একাডেমির একটা নির্দিষ্ট ভূমিকা আছে এবং এই ভূমিকা খুব গুরুত্বপূর্ণ।্রযেকোনো কারণেই হোক এ মুহূর্তে হয়তো ওনারা একাডেমির দিকে ঠিকভাবে নজর দিতে পারছে না, তবে আমার বিশ্বাস, কখনো না কখনো তারা এ ব্যাপারে সিরিয়াস হবে। আমি এখানে একটা পদে ছিলাম এবং সব রকম সমর্থন পেলে হয়তো দায়িত্বটা পালনও করতে পারতাম। হয়তো আমিই আমার প্রয়োজনের ব্যাপারগুলো বোর্ডকে সেভাবে বোঝাতে পারিনি, এটা আমারও ব্যর্থতা হতে পারে। শুধু শোভা বর্ধন করার জন্য এখানে বসে থেকে তো লাভ নেই। গেম ডেভেলপমেন্ট কমিটিতে থাকলেও একাডেমি প্রধানের দায়িত্ব ছেড়ে দিলেন। যাওয়ার সময় কোনো পরামর্শ কি থাকবে একাডেমির ভবিষ্যতের জন্য?শাকিল: আমার একটাই কথা—একাডেমির দিকে ওনারা যেন একটু নজর দেন। আমার আশঙ্কা, আগামী পাঁচ বছরের মধ্যে ভালো খেলোয়াড়ের একটা সংকট তৈরি হবে এখানে। ভবিষ্যতের ক্রিকেটার তৈরির পাইপলাইনটাকে ঠিক রাখতে হলে একাডেমির প্রতি নজর দেওয়াটা খুবই প্রয়োজন।