‘নিজেকে কিশোর মনে হচ্ছে’
সাফল্যের বৃষ্টিতে ভিজছেন অনেক দিন ধরেই। ২০০৮ সালে এক বছরেই ছয়টি শিরোপা জিতলেন বার্সেলোনার হয়ে। স্পেনের হয়ে জিতলেন ২০১০ বিশ্বকাপ। কিন্তু সদ্য শেষ হওয়া ২০১০-১১ মৌসুমটিকেই জীবনের সেরা বলছেন বার্সার মিডফিল্ডার জাভি দারুণ একটা মৌসুম গেল। কী বলেন...জাভি: অবশ্যই। শুধু একটাই আক্ষেপ, কোপা ডেল রের ফাইনালটি। সব কটি টুর্নামেন্টেই আমরা শেষ পর্যন্ত খেলেছি। মৌসুমটা শুরুই করেছিলাম স্প্যানিশ সুপার কাপ শিরোপা জিতে। লা লিগা জিতলাম। মৌসুম শেষ করলাম সত্যিই দারুণ ফুটবল খেলে। এরপর আমরা বার্সেলোনার সর্বকালের সেরা ম্যাচটা খেললাম। আসলে সব কটি ম্যাচ আর আমার দেখা হয়নি, তবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের মতো আর কোনো ম্যাচ খেলে আমি এতটা উপভোগ করিনি। লা লিগার কিছু ম্যাচ উপভোগ করেছি, কিন্তু এটার মতো নয়। সত্যিই খুব মজা পেয়েছি। মাত্রই ফুটবল শুরু করা, সবকিছুতেই মজা খুঁজে পাওয়া একটা কিশোরের মতো মনে হচ্ছে নিজেকে। আমি নিজেও আমার জীবনে এতটা ভালো খেলিনি। চারটা এল ক্লাসিকো হলো। এরপর ক্যাসিয়াসের (স্পেন ও রিয়াল মাদ্রিদ অধিনায়ক) সঙ্গে কথা হয়েছে?জাভি: কোপা ডেল রের ফাইনালের পরই ওর সঙ্গে কথা হয়েছে। ওকে অভিনন্দিত করেছি। ওর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আমরা তাই পেছনের এই সব ভুলে যাওয়ার একটা উপায় নিশ্চয়ই খুঁজে নেব। বার্সা আর এর ভবিষ্যর্যা নিয়ে আপনার এখনকার ভাবনা কী?জাভি: আমি সত্যিই আশাবাদী। ফুটবলে আসলে কোনো কিছু নিয়েই ভবিষ্যদ্বাণী করা যায় না। কখনো কখনো সেটা অননুমেয়। যদি আমি বলি, আরও পাঁচ বছর আমরা অনেক শিরোপা জিতব, এরপর দেখা গেল পরের বছরই আমরা পারলাম না; তখন নিজের কথা নিজেকেই হজম করতে হবে। আমি তাই ভবিষ্যর্যা নিয়ে কিছু বলতে পারি না। তবে হ্যাঁ, আমার অনুভূতি খুবই ইতিবাচক। শুধু মাঠের ফুটবল নয়, আমাদের ড্রেসিংরুমের আবহাওয়াও অনেক ভালো। দুর্দান্ত। এটাই কি তবে আপনার খেলা সেরা ড্রেসিংরুম, এঁরাই কি সেরা সতীর্থ?জাভি: হ্যাঁ, অবশ্যই। এই দলে অহংবোধের কোনো সমস্যা নেই। আমরা সবাই একসঙ্গে মজা করি, হাসিঠাট্টা, আড্ডা চলে। সবাই মানুষ হিসেবে অনেক ভালো। আসলে আমাদের এখানে ৫০ জনের মতো আছে, ৩৫-৪০ জনেরই বার্সাতে বেড়ে ওঠা। সবাই বার্সা অন্তঃপ্রাণ। পেপ গার্দিওলা একসময় ক্লান্ত হয়ে পড়বেন—এমন কোনো ভয় কি আপনার মনে আছে?জাভি: পেপ আসলে খুবই বিচক্ষণ একজন মানুষ। তিনি ভালো করেই জানেন, চুক্তিটা এক বছরের বদলে চার-পাঁচ বছরের হলে হয়তো তাঁর মধ্যে আলসেমি চলে আসবে। প্রেষণা আর চ্যালেঞ্জ অনুভবে ঘাটতি দেখা দেবে। আর তিনি যদি এক বছরের জন্য চুক্তিবদ্ধ থাকেন, তাহলে তাঁর মধ্যে যতটা বেশি সম্ভব জেতার তাড়না কাজ করবে। এ কারণেই ও এক বছর করে চুক্তি বাড়াচ্ছে। এটা সত্যিই বেশ চৌকস একটা ভাবনা। কিন্তু কোচ চলেও যেতে পারেন, এটা কি দলের মধ্যে একটা উদ্বেগও তৈরি করে না?জাভি: উদ্বেগের বদলে আমি বলব একধরনের অনিশ্চয়তা থাকে। একটা দিক দিয়ে দেখলে এটা ভালোই। পেপ বার্সাকে ভালোবাসেন। সুযোগ থাকলে তো তিনি ১০ বছরের জন্যই চুক্তি করে ফেলতেন। জীবনের বাকি সময়টাও তাঁকে বার্সেলোনার সঙ্গেই জড়িয়ে থাকতে হবে। তাঁর মতো একজনকে চলে যেতে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। চ্যাম্পিয়নস লিগের ট্রফিটা যে এরিক আবিদাল নিলেন, এটা কি কার্লোস পুয়োল ভেবে ঠিক করে রেখেছিলেন?জাভি: এটা আসলে স্বতঃস্ফূর্তভাবেই হয়েছে। তা-ই কি? কখনো কখনো তো অহংও বাধা হয়ে দাঁড়ায়...জাভি: একদমই বাজে কথা। কে ট্রফিটা তুলল, তাতে কী আসে যায়! এটা তো মাত্র দুটো সেকেন্ডের ব্যাপার। ট্রফি জয়ের গর্ব তো আসলে সবার জন্যই সমান। দল বলতে তো আমরা এটাই বুঝি। পুয়ি (পুয়োল) আমাকে বলল, ‘জাভি, তুই নে ট্রফিটা’ (ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন জাভিই)। আমি বললাম, না। ও আগে এটা বলেনি। তা ছাড়া পুয়ি খেলতে পারেনি (৮৫ মিনিটে নেমেছিলেন), এ জন্য আমার খারাপও লেগেছিল। কিন্তু সে নিজেই ঠিক করল, আবিদালই (ক্যানসার থেকে ফেরা) কাপটা নেবে। এটা চাপাচাপি করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। পুরো বিশ্ব তো বলছে, আপনারাই বিশ্বসেরা দল...জাভি: সবাই এটা বলছে, আর গর্বে বুক ভরে যাচ্ছে আমার। কিন্তু ফন বাস্তেন, লুইস আরাগোনেস, সাচ্চি...। ভাবলে তো রোম শিউরে ওঠে, আমাদের কিনা সাচ্চির মিলান কিংবা সত্তরের ব্রাজিলের সঙ্গে তুলনা করা হচ্ছে! এটাই কি ছিল আপনার সবচেয়ে সুখের মৌসুম?জাভি: হ্যাঁ, নির্দ্বিধায়। নিজেকে পরিপূর্ণ তৃপ্ত মনে হচ্ছে, মনে হচ্ছে সত্যিই কিছু অর্জন করেছি। আমাকে নিয়ে সমালোচনা হচ্ছিল। কেউ কেউ আমার ওপর আস্থা পাচ্ছিলেন না। এতকিছুর পর এই অর্জনটাকে আরও অনেক বড় মনে তো হবেই। যারা কখনো কষ্টের ভেতর দিয়ে যায়নি, তারা বুঝতেই পারবে না এই পর্যন্ত আসতে কতটা আত্মত্যাগ আমাকে করতে হয়েছে।