ইংল্যান্ডের বেডফোর্ডশায়ার টেনিস ক্লাবের প্রথম বিদেশি কোচ এখন কাজ করছেন কানাডার টরন্টো ক্রিকেট, স্কেটিং অ্যান্ড কার্লিং ক্লাবের কোচ হিসেবে। কানাডা-প্রবাসী আজহার আলী খান কথা বললেন বাংলাদেশের ক্রিকেটারদের মানসিক শক্তি বাড়ানোর দায়িত্ব নিয়ে

ভেতরে অনেক হইচই শোনা গেল। মিউজিকও বাজছিল কিছুক্ষণ। কী হচ্ছিল আসলে?
আজহার আলী খান: মানসিক দৃঢ়তা আসে ইতিবাচক মানসিক শক্তি থেকে। এটা আয়ত্তে আনতে হয়। শরীর আর শরীরী ভাষাকে ব্যবহার করতে হয়। মিউজিক দিয়ে আত্মবিশ্বাসের পর্যায়টা বা মানসিক শক্তি অনেক উঁচুতে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ‘ইয়েস’ শব্দটাকে যোগ করছি এই জন্য যে ‘ইয়েস’ একটা ইতিবাচক শব্দ। আপনি যখন মিউজিকের সঙ্গে ‘ইয়েস’ বলছেন এবং শরীরটাকেও সেভাবে ব্যবহার করছেন, এমনিতেই আপনার ভালো লাগবে।
মানসিক শক্তি বাড়াতে এগুলো কীভাবে কাজ করে?
আজহার: কেউ ন্যাতানো ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলে শরীরে কিছু রাসায়নিক পদার্থের অনুপস্থিতি দেখা দেবে। আবার যখনই পিঠটান হয়ে সোজা দাঁড়াবেন, শরীর চাঙা হয়ে যাবে। মিউজিক শুনে আপনি হয়তো রোমাঞ্চিত বোধ করছেন, আপনার ভেতর তখন হ্যাপি কেমিক্যাল চলে আসবে। এই কেমিক্যালগুলো পারফরম্যান্সে প্রচণ্ড সাহায্য করে। অনেক বড় বড় খেলার আগে ড্রেসিংরুমে এ ধরনের এক্সারসাইজ করানো হয়, যেন খেলোয়াড়েরা মানসিকভাবে শক্ত থাকে এবং ভালো পারফর্ম করতে পারে।
প্রথম সেশন শেষে খেলোয়াড়দের সম্পর্কে কী মনে হলো?
আজহার: আমি আজ থেকে ওদের চিনি না। ওদের খেলা দেখি, ওদের বিশ্লেষণ করি। ওদের সম্পর্কে তাই আমার কিছুটা ধারণা ছিল। তামিম, নাসির আর মুশফিকের সঙ্গে কথা বলেও অনেক কিছু জেনেছি। এই সেশনেও দেখেছি সেই জিনিসগুলোই ঘুরেফিরে আসছে। মানসিক শক্তি আমরা রাখতে পারছি না, ইতিবাচক ইচ্ছাটা থাকছে না খেলার সময়। নার্ভাস হয়ে যাচ্ছি।
এটা থেকে বের হয়ে আসার উপায় কী?
আজহার: মিডিয়ার চাপ, সমর্থকদের চাপ, সবার প্রত্যাশা, ক্যারিয়ারের চাপ—এসব জিনিস পারফরম্যান্সে বাধা হচ্ছে। কিন্তু এগুলো তো থাকবেই, আপনি এগুলো উধাও করে দিতে পারছেন না। এসব থাকার পরও কীভাবে মনঃসংযোগ ধরে রাখতে হবে, সেটির কৌশল আমরা শেখাচ্ছি। এর সঙ্গে পারফরম্যান্সকে পরের ধাপে নিতে হলে দৃষ্টিটা অনেক উঁচুতে নিতে হবে, লক্ষ্য আরও বড় করতে হবে। নিজেকে চ্যালেঞ্জ করতে হবে।
কিছুদিন ধরে দেখা গেছে বাংলাদেশ দল একবার ছন্দ হারিয়ে ফেললে আর তাতে ফিরতে পারছে না...
আজহার: শুধু বাংলাদেশ নয়, যেকোনো দলের পারফরম্যান্সই ওঠানামা করে। একজন বিশ্বমানের খেলোয়াড় কি পাঁচ মিনিটের মধ্যে বা পাঁচ দিনের মধ্যে সব দক্ষতা ভুলে যায়? এটা সম্ভব না। তাহলে কী ভুলে যায় যে জানা শটও খেলতে পারে না! এখানেই মানসিক শক্তির প্রশ্ন। তার মধ্যে ভয়, আতঙ্ক চলে এলে পারফরম্যান্স হারিয়ে যায়। মানসিক উত্থান-পতনের কারণেই পারফরম্যান্সে উত্থান-পতন ঘটে।
মাত্র তিন দিনের কাজে কি দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে খেলোয়াড়দের ওপর?
আজহার: অবশ্যই না। প্রথম কাজটা হচ্ছে শেখা। দ্বিতীয় কাজটা হলো অর্জন করা। আমরা প্রথম কাজটা শুরু করেছি। আশা করি, বোর্ড পরের ধাপ নিয়েও চিন্তা করবে। আমি করব না অন্য কেউ করবে, তা জানি না। কারণ কানাডাতে আমার অন্য দায়িত্ব আছে। তবে এটা শুরু হওয়া দরকার ছিল। সেটা শুরু হলো।
খেলোয়াড়দের মনে কি কোনো ধরনের নিরাপত্তাহীনতা দেখেছেন?
আজহার: দুনিয়ার যেকোনো মানুষই কোনো না কোনো নিরাপত্তাহীনতায় ভোগে। খেলোয়াড়দের নিরাপত্তাহীনতা হলো তার পেশাকে ঘিরে। পারফরম্যান্স খারাপ হলে এটা নিয়ে মিডিয়া কী বলবে, দল থেকে বাদ পড়ে যাব কি না...এসব নিরাপত্তাহীনতা সব সময়ই থাকে এবং এটা স্বাভাবিক। ভালোও, কারণ নিরাপত্তাহীনতা না থাকলে কেউ কঠোর পরিশ্রম করবে না। নিরাপত্তাহীনতার কারণে যদি এ রকম হয় যে আপনি সব গুলিয়ে ফেলেছেন, তাহলেই সমস্যা। কিন্তু নিরাপত্তাহীনতাকে ইতিবাচকভাবে ব্যবহার করে আপনি যদি নতুন লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েন, তাহলে এটা ভালো জিনিস।