ধাপে ধাপে সব সিঁড়ি ভেঙে এসে খুলে ফেললেন জাতীয় দলের দরজা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া এই সুযোগটা কাজে লাগিয়ে দলে টিকে থাকতে চান বাঁহাতি স্পিনার মোহাম্মদ সোহরাওয়ার্দী (শুভ) বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হওয়ার পর অনুভূতিটা কেমন?সোহরাওয়ার্দী: আলহামদুলিল্লাহ্। খুব ভালো লাগছে। ভালো খেলতে পারলে সুযোগ পাওয়াটা সার্থক হবে। সুযোগ পাবেন আশা করেছিলেন?সোহরাওয়ার্দী: অনেক দিন ধরেই আশা করছিলাম, যেকোনো সময়ই সুযোগ চলে আসবে। তাই নিজেকে সব সময় বলতাম, ভালো খেলতে হবে। ভালো খেলতে থাকলে আমাকে বিবেচনা করবেনই নির্বাচকেরা। খবরটা প্রথম কার কাছে শুনেছেন?সোহরাওয়ার্দী: শামসুর রহমান (শুভ) প্রথম ফোন করে বলেছে। ও আমার বন্ধু। ওকে কেউ একজন ফোন করে অভিনন্দন জানিয়ে বলেছে, ও-ই নাকি সুযোগ পেয়েছে। ও তাঁকে বলল, আপনি কি আমাকে ফোন দিয়েছেন না সোহরাওয়ার্দীকে ফোন দিয়েছেন। দুজনের নাম শুভ তো, তাই গোলমাল হয়ে গিয়েছিল...। সে কী বলল?সোহরাওয়ার্দী: ও বলল, তুই চান্স পেয়েছিস। কবে খাওয়াবি বল। আমি বললাম, কী বলছিস...এভাবে হাস্যরস হলো। আমি তো খুবই খুশি। কার কথা সবার আগে মনে পড়েছে?সোহরাওয়ার্দী: বাবা-মা, আমার সব কোচের কথা মনে পড়েছে। তবে একজনের কথা আলাদা করে বলব, ফুফাতো ভাই মিঠু অনেক সাহায্য করেছেন আমাকে। আমার এতদূর আসার পেছনে তাঁর অবদান আছে। মিঠু ভাইকে খুব মনে পড়েছে তখন। নিজেকে আপনি ব্যাটিং না বোলিং অলরাউন্ডার ভাবেন?সোহরাওয়ার্দী: যেকোনো পরিস্থিতিতে ব্যাটিংটা করতে পারি, তবে বোলিংটাই বেশি উপভোগ্য আমার কাছে। নিজেকে বোলিং অলরাউন্ডারই মনে করি। মোহাম্মদ রফিকের জায়গায় অনেকে আপনাকে দেখতে চান। রফিককে নিজের আদর্শ মনে করেন?সোহরাওয়ার্দী: ছোটবেলা থেকেই রফিক ভাইয়ের বোলিং দেখে আসছি। এখন সাকিবের বোলিংও দেখছি। দুজনের বোলিংই ভালো লাগে। রফিক ভাই ব্যাটসম্যানদের ভালো রিড করতে পারতেন। সাকিব নিখুঁত লাইনে বল করে। আসল ব্যাপারটা হলো, বাঁহাতি স্পিনটা শেখার জন্য এখন দেশের বাইরের কাউকে ফলো করার দরকার নেই। আমাদের দেশেই খুব ভালো বাঁহাতি স্পিনার আছে। আপনি প্রায় সব বয়সভিত্তিক দলেই খেলেছেন। ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য কোথায়?সোহরাওয়ার্দী: ঘরোয়া ক্রিকেটে এক দলে ৩-৪ জন খুব ভালো ব্যাটসম্যান থাকে। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে এক দলের সবাই ভালো ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটটা অনেক কঠিন। ক্রিকেটার হলেন কীভাবে?সোহরাওয়ার্দী: রংপুরে আল হেরা ইনস্টিটিউটে আমি তখন ক্লাস সিক্সে পড়ি। সে সময় নির্মাণ স্কুল ক্রিকেটে স্কুল দলে আমি থাকলেও সুযোগ পেতাম না। একদিন সেরা একাদশের একজন না আসায় সুযোগ পেয়ে ৪ ওভারে ১০ রানে ৫ উইকেট পেলাম। সেই ম্যাচের পরই নিয়মিত খেলতে লাগলাম। বিকেএসপিতে ভর্তি হলেন কীভাবে?সোহরাওয়ার্দী: ওই ম্যাচে বিকেএসপির কর্মকর্তারা মাঠে ছিলেন। তাঁরা আমাকে পছন্দ করলেন এবং বাবা-মায়েরও ইচ্ছা ছিল, বিকেএসপিতে ভর্তি হই। ব্যস, হয়ে গেলাম। বিকেএসপিতে কোনো স্মরণীয় ঘটনা মনে পড়ছে?সোহরাওয়ার্দী: একদিন আমি হেলমেট ছাড়া ব্যাটিং প্র্যাকটিস করছিলাম, হঠাত্ একটা বল আমার ঠোঁটে লাগল। রক্ত বেরোল, মুশফিকরা (মুশফিকুর রহিম) তো বলছে, মেডিকেলে যা...। পরে দেখলাম আমার তিনটা ঠোঁট হয়ে গিয়েছে...হা...হা...হা! মুশফিকুরের সঙ্গে একই রুমে ছয় বছর ছিলাম। পরিবার সম্পর্কে কিছু বলুন।সোহরাওয়ার্দী: আমরা দুই ভাই, এক বোন। বড় ভাই দুবাইতে ব্যবসা করেন। রংপুর শহরে আমাদের বাসা। বাবা রংপুর প্রেসক্লাবের সভাপতি ছিলেন দুবার।