'নিজেদের ওপর আমাদের অগাধ আস্থা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকেই বলছেন, এই বেলজিয়াম বিশ্বকাপে সবাইকে চমকে দিতে পারে৷ কিন্তু সেই বেলজিয়ামের
অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি কী মনে করছেন?

ভিনসেন্ট কোম্পানি
ভিনসেন্ট কোম্পানি


l আপনার গ্রুপটা কীভাবে দেখছেন?
ভিনসেন্ট কোম্পানি: এটা অদ্ভুত৷ আমি কখনো ভাবিনি এমন একটা গ্রুপে পড়ব, যেখানে আমাদের ফেবারিট বলা হবে৷ আমার মনে হয়, আমাদের নিয়ে অন্যদের এটা বলা সহজ৷ এসব দিক দিয়ে, এই মুহূর্তে নিজেদের সেরা ফুটবল খেলাটা আমাদের দায়িত্ব৷ নিজেদের ওপর আমাদের অগাধ আস্থা৷ এটা প্রতিভাবান একটা দলই শুধু নয়, দুর্দান্ত মানসিকতা ও অসাধারণ মনোবলের একটা দলও৷ শুধু এই পর্যায়ে আমাদের অভিজ্ঞতা একটু কম৷
l কিন্তু এই অনভিজ্ঞতা কি আপনাদের ওপর বাড়তি একটা চাপ?
কোম্পানি: আমরা সৌভাগ্যবান৷ কারণ, আমাদের ম্যানেজার মার্ক উইলমটস ২০০২ বিশ্বকাপে বেলজিয়ামের অধিনায়ক ছিলেন৷ এই দলের আরও অনেক স্টাফই ছিলেন সেবার৷ কিন্তু আমরা এখনো অজানার দিকে চলছি৷ বিশ্বকাপ খেলা আসলে কেমন, সেটা বুঝতে তো মিনিট খানেকের বেশি লাগে না৷ কিন্তু আমাদের চাপ নেওয়া চলবে না৷ নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলা উচিত৷
l উইলমটস এই দলে কীভাবে প্রভাব ফেলেছেন?
কোম্পানি: অভিজ্ঞতা ও তাড়না৷ তিনি ভীষণ রকম সৎ, শীর্ষ পর্যায়ের ফুটবলারদের জন্য যেটা খুবই দরকার৷ খেলোয়াড়েরা তাঁকে শ্রদ্ধা করে, তাঁর সিদ্ধান্তও মেনে নেয়৷ দলটাকে একসুতায় গাঁথতে যে ব্যক্তিত্ব দরকার, সেটা তাঁর আছে৷ অসাধারণ একজন ম্যানেজার তিনি৷
l বেলজিয়ামের জন্য ভালো টুর্নামেন্ট আসলে কী হবে?
কোম্পানি: বলা কঠিন৷ ঐতিহ্যগতভাবে গ্রুপপর্ব পেরোনোই হবে বেলজিয়ামের জন্য ভালো একটা ফল৷ কিন্তু অনেকেই মনে করেন, অনেক প্রজন্মের মধ্যে আমাদের দলটা সেরা৷ ১৯৮৬ বিশ্বকাপে আমরা সেমিফাইনালে গিয়েছিলাম, ওটাই ছিল আমাদের সেরা সাফল্য৷ সেটা আমাদের ছাড়িয়ে যাওয়া উচিত৷ আমি স্বপ্নবিলাসী লোক, এটা আমি জিততে চাই৷ আমাদের নকআউট পর্বে যাওয়ার ক্ষমতা আছে৷ তবে এরপরের কাজটা খুব কঠিন৷ আমি মনে করি ভালো একটা টুর্নামেন্ট হলো সেটির মাঝামাঝি কোথাও থাকা৷
l এই দলের অনেকেই তো ক্লাবে একসঙ্গে খেলে না৷ ব্যাপারটা কঠিন না?
কোম্পানি: একদমই না৷ আমরা সবাই ঘনিষ্ঠ বন্ধু, সারা বছর নিজেদের মধ্যে আমরা যোগাযোগ রাখি৷ তাই একসঙ্গে হলে আমাদের মানিয়ে নিতে খুব বেশি সময় লাগে না৷ এমন নয় যে আগে কখনো আমরা একসঙ্গে খেলিনি৷ আর এক মাস ধরে তো আমরা প্রস্তুতি নিচ্ছিই৷ এই প্রথম ১২ বছর ধরে আমরা অনুশীলন করছি, থাকছি, একসঙ্গে খেলছি৷ এটা আমাদের এক হতে সাহায্য করছে৷ ভবিষ্যতের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ৷
l এই দলের অধিনায়ক হওয়ার অনুভূতিটা কেমন?
কোম্পানি: এটা দারুণ একটা সম্মান৷ আমি খুবই গর্বিত৷ আমি কখনোই ভাবিনি দেশের অধিনায়কত্ব করব৷ আমি শুধু নিজের ব্যক্তিত্ব দলের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করি৷ যখনই আমি বাহুবন্ধনী পাই, আমি সবাইকে বোঝানোর চেষ্টা করি এটা কত বড় একটা সুযোগ৷ আমরা দেশে দারুণ সব মানুষকে পাশে পেয়েছি৷ এটা অসাধারণ একটা অনুভূতি৷
l আপনার প্রথম বিশ্বকাপ স্মৃতি কী?
কোম্পানি: হল্যান্ডের বিপক্ষে ফিলিপ অ্যালবার্টের গোলে সেই জয়৷ হাফ ভলিটা এখনো আমার স্পষ্ট মনে আছে৷ একজন সেন্টার হাফের জন্য এটা দুর্দান্ত ব্যাপার৷ তাঁর গোঁফটাও ছিল দেখার মতো, সেটা রাখারও চেষ্টা করেছিলাম৷ পারিনি৷
ফোরফোরটু থেকে ভাষান্তর