'নিজেদের ক্ষমতা অনুযায়ী সবকিছু করব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগোস্লাভিয়ার হয়ে খেলেছিলেন ১৯৮২ বিশ্বকাপে। এবার কোচ হিসেবেও বিশ্বকাপ অভিষেক হয়ে যাচ্ছে। ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাৎকারে আলজেরিয়ার কোচ ভাহিদ হালিলহজিচ শোনালেন সেই নতুন জীবনের গল্প

ভাহিদ হালিলহজিচ
ভাহিদ হালিলহজিচ

আপনাদের প্রস্তুতি কত দূর? আপনি কি মনে করেন ব্রাজিলের জন্য আপনার খেলোয়াড়েরা তৈরি?
ভাহিদ হালিলহজিচ: এখনো এ নিয়ে কথা বলার সময় আসেনি। আমাদের কিছু খেলোয়াড় এখনো পুরোপুরি প্রস্তুত নয়। আমাদের অনেকেই বিদেশে খেলে, তাদের সবাইকে সব সময় একসঙ্গে পাওয়াও যায় না। সবাইকে একসঙ্গে কম সময়ের জন্য পাওয়াটাই আমাদের প্রধান সমস্যা, কিন্তু আমরা তো আর সেটা বদলাতে পারি না। নিজেদের সেরা চেষ্টাটাই আমরা করব। আমি বুঝি, বিশ্বকাপ একটা ব্যতিক্রমী টুর্নামেন্ট, আপনাকে সেটার জন্য ভালো প্রস্তুতি নিতে হবে।
আলজেরিয়ার কোচ হয়ে আপনাকে ঠিক কোন বিষয়গুলো সামলাতে হচ্ছে?
হালিলহজিচ: আমরা ছোট একটা দেশ। আমাদের প্রথম লক্ষ্য অন্তত একটা ম্যাচ জেতা, এরপর সম্ভব হলে গ্রুপ পর্ব পেরোনোর চেষ্টা করা। আলজেরিয়া আগে কখনো এটা করতে পারেনি, কাজটা সহজ হবে না মোটেই। কিন্তু আমি ছোট ছোট বিষয়গুলো নিয়েও এমনভাবে কাজ করছি, যাতে আমরা সুযোগগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারি।
দল যেভাবে ব্রাজিলে পৌঁছেছে তাতে কি আপনি খুশি?
হালিলহজিচ: এটা নতুন একটা দল। ২০১১ সালে যখন দায়িত্ব নিই, সেই দলটা তখন একটা চক্র শেষের দ্বারপ্রান্তে। তাদের আসলে উচ্চাকাঙ্ক্ষা বা উদ্যম বলতে কিছুই অবশিষ্ট ছিল না। আমাকে অনেক কিছুই বদলাতে হয়েছে। এই দলটা তিন বছর ধরে ধীরে ধীরে গড়ে উঠছে। দলে অনেক তরুণ খেলোয়াড় আছে, কিন্তু সত্যি বলতে কী এই বিশ্বকাপ তাদের জন্য হয়তো একটু তাড়াতাড়িই হয়ে গেছে। কিন্তু আমাকে এটাও বলতে হবে, আমরা মালির ভালো একটা দলকে হারিয়েই ব্রাজিলে এসেছি। আফ্রিকান নেশনস কাপে ওরা তৃতীয় ছিল। এরপর বুরকিনা ফাসোর দুর্দান্ত একটা দলকে প্লে-অফে হারিয়েছি। এসব ফল আমাদের আত্মবিশ্বাস জোগাবে।
উত্তর আফ্রিকার একমাত্র দল হিসেবে বিশ্বকাপে যাওয়াটা আসলে কেমন?
হালিলহজিচ: এটা বিশাল ব্যাপার। আমরা ব্রাজিলে একমাত্র আরব দল, এটাও গুরুত্বপূর্ণ। আলজেরিয়ান সমর্থকেরা আমাদের সাফল্যে খুবই গর্বিত। এখন আমাদের নিজেদের কাজের দিকে মনোযোগ দিতে হবে, যাতে আমরা ওদের ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারি। এটা বিশাল একটা চ্যালেঞ্জ, আমরা নিজেদের ক্ষমতা অনুযায়ী সবকিছু করব।
আপনি কি মনে করেন সোফিয়ান ফেগুলি বা সাফির তাইদেরের মতো তরুণেরা এবার আলো ছড়াতে পারবেন?
হালিলহজিচ: আমাদের দলে বড় মঞ্চে ভালো করার মতো বেশ কিছু খেলোয়াড় আছে। এদের মধ্যে ব্রাজিলে অবশ্যই এক বা দুজন নজর কাড়বে। তবে আলজেরিয়ার মূল শক্তি দলীয় সংহতি। অন্য আফ্রিকান দেশগুলোর যেমন দ্রগবা, ইতো বা এসিয়েনদের মতো খেলোয়াড় আছে, আমাদের তেমন কেউ নেই।
বেলজিয়াম, রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো শক্ত দলের গ্রুপসঙ্গী আপনাদের সম্ভাবনা কতটুকু?
হালিলহজিচ: আমি প্রতিপক্ষ দলগুলোর অসংখ্য ভিডিও দেখেছি। অবশ্যই তারা সবাই খুবই ভালো দল। ব্যক্তিগত বা দলীয়ভাবে সবাই শক্তিশালী। আমার মনে হয়, দক্ষিণ কোরিয়া এবার সবাইকে চমকে দেবে।
প্রথম ম্যাচটাই বেলজিয়ামের সঙ্গে। আরেকটু সহজ ম্যাচ তো পেতেই পারতেন ...
হালিলহজিচ: বেলজিয়াম ইউরোপের অন্যতম সেরা দল। তাদের দলে প্রতিভার ছড়াছড়ি। আমাদের সঙ্গে ওরা নিরঙ্কুশ ফেবারিট। ওদের চমকে দেওয়ার জন্য আমাদের দারুণ কিছু করতে হবে।