‘নিজেদেরটা নিজেদের করে নিতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচটা চেন্নাইয়ে হলো, নাকি ঢাকায়?বাংলাদেশ খেলছে না, অথচ গোটা দেশের মানুষ টিভির পর্দায় তাকিয়ে! ওয়েস্ট ইন্ডিজের সাফল্যে উল্লাসধ্বনি, ইংল্যান্ডের সাফল্যে হতাশা। কোয়ার্টার ফাইনালে খেলতে ১৯ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না জিতলেও চলবে কি না, সেটা জানতে চাতক পাখির মতো তাকিয়ে থাকল কোটি কোটি চোখ।কোটি কোটি চোখের মধ্যে ১৫ জোড়া চোখ ছিল একটু আলাদা। বাংলাদেশ দলও যে কাল দর্শক হয়ে ছিল এ ম্যাচের! তবে খেলা শেষে আর সবাই যখন ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের শোকে বিহ্বল, সাকিব আল হাসান অপেক্ষায় দক্ষিণ আফ্রিকার, ‘এ ম্যাচে ইংল্যান্ড হারলে আমাদের জন্য ভালো হতো। সেটা যখন হলোই না, নিজেদেরটা নিজেদের করে নিতে হবে। দক্ষিণ আফ্রিকা ম্যাচে জয়ের বিকল্প কিছু থাকল না আমাদের হাতে।’কাল সকালেই অনুশীলন হয়ে যাওয়ায় বিকেল আর সন্ধ্যাটা খেলোয়াড়েরা যে যাঁর মতো কাটিয়েছেন। একসঙ্গে বসে খেলা দেখা হয়নি। তবে ইংল্যান্ড দলের ইনিংসের সময় এক একটা উইকেট পড়েছে আর চিৎকার ভেসে এসেছে শেরাটন হোটেলে ক্রিকেটারদের কক্ষগুলো থেকে। অনেকে হোটেলের বাইরে গেলেও খেলায় চোখ ছিল সবার। যে যেখানে ছিলেন টেলিভিশনে খেলা দেখেছেন। অনেকে লাইভ স্কোর জানতে মোবাইল ইন্টারনেটে খুলে রেখেছিলেন ক্রিকইনফো।ইংল্যান্ডের ২৪৩ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের রান তখন ২৮ ওভারে ১৫০, হাতে ৪ উইকেট। বন্ধুদের সঙ্গে দারুণ টেনশন নিয়ে খেলা দেখছিলেন আবদুর রাজ্জাক। ‘খেলা কোন দিকে’ জানতে চাইলে রাজ্জাকের হাসিতেও ফুটে উঠল ম্যাচের রোমাঞ্চ, ‘ওয়েস্ট ইন্ডিজের আরও অন্তত একটা উইকেট হাতে থাকলে বলা যেত। এখন যে খেলা কোন দিকে যাবে বলা কঠিন। সব তো আউট হয়ে যাচ্ছে।’ উইকেটে তখন রাজ্জাকের শেষ ভরসা হয়ে ছিলেন রামনরেশ সারওয়ান, ‘সারওয়ান যতক্ষণ আছে, আশা আছে। ওকেই কিছু একটা করে দিয়ে আসতে হবে। নয়তো হবে না।’হোটেলে নিজের রুমে খেলা দেখতে দেখতে একপর্যায়ে টেলিভিশনের চ্যানেলই বদলে দিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিস গেইল আউট হয়ে গেছেন, খেলা দেখে আর লাভ কী! না, সাকিব তখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যাননি। তবে একটু দুশ্চিন্তা তো ছিলই, ‘গেইল থাকলে ভালো হতো। তার পরও দেখা যাক, উইকেট ভালোই মনে হচ্ছে। স্পিনাররা ভালো বল করলে অবশ্য আলাদা কথা।’ মজার ব্যাপার হলো গেইল আউট হওয়ার পর আর খেলাই দেখেননি সাকিব!হোটেলে কিছুক্ষণ খেলা দেখে বাসায় চলে গিয়েছিলেন শাহরিয়ার নাফীস। বাসায় বসে খেলা দেখতে দেখতে জানালেন টেনশনের কথা, ‘ইংল্যান্ড ২৪৩ করে ফেলেছে...কেমন কেমন জানি লাগছে। শেষ দিকে বোলিংটা আরও ভালো হওয়া উচিত ছিল ওয়েস্ট ইন্ডিজের।’ সাকিবের মতো উইকেটের ওপর ম্যাচের ভাগ্য ছেড়ে দিয়েছিলেন তিনিও। তবে গেইল তখনো উইকেটে ছিলেন বলে শাহরিয়ার কিছুটা নির্ভর করছিলেন তাঁর ওপর, ‘সব নির্ভর করছে গেইলের ওপর। আর উইকেট কেমন আচরণ করে সেটাও দেখতে হবে।’ম্যাচের বেশির ভাগ সময়ই ক্রিকইনফোতে চোখ রেখে স্কোর জেনেছেন ইমরুল কায়েস। গেইল আউট হয়ে যাওয়ায় আফসোস ঝরল তাঁর কণ্ঠে, ‘গেইলের ওপর অনেক কিছু নির্ভর করছিল। ও তো আউট হয়ে গেল! অবশ্য ও রানটা বাড়িয়ে গেছে। এখনো বলা যায় না কী হবে।’পুরো ম্যাচের সময়ই বন্ধ পাওয়া গেল তামিম ইকবালের মোবাইল। সহ-অধিনায়ক অবশ্য কাল দুপুরেই এ রকম একটা আভাস দিয়ে রেখেছিলেন। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে যা-ই হোক, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে চান। অন্যরা টেনশনে থাকলেও তাঁর কাছে এ ম্যাচ ‘গুরুত্বহীন’। ম্যাচের সময়টাতে তাই ঘুমিয়ে কাটানোরই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন, ‘যা হওয়ার হবে। আমি ঘুমাব, ম্যাচ দেখব না। ফলাফল যা-ই হোক ঘুম থেকে উঠে জেনে নেব।’যতই ‘গুরুত্বহীন’ ম্যাচ হোক, ঘুম থেকে উঠে দুঃসংবাদটা যখন শুনলেন, দক্ষিণ আফ্রিকা ম্যাচের গুরুত্বটা নিশ্চয়ই আরেকবার অনুভব করেছেন তামিম।