'নিজের অভিজ্ঞতা বিনিময় করব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা মহিলা রেফারি ছিলেন। মহিলা বিশ্বকাপসহ প্রায় দেড় শ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা তাঁর। এখন ফিফা মহিলা রেফারি প্রশিক্ষক। পরশু রাতে ঢাকায় এসেছেন বাংলাদেশে প্রথম ফিফা মহিলা রেফারিজ কোর্স পরিচালনা করতে। এসব নিয়েই কাল কথা বললেন জাপানের সাবেক মহিলা ফুটবল রেফারি মায়োমি ওইওয়া

মায়োমি ওইওয়া
মায়োমি ওইওয়া

 বাংলাদেশে স্বাগত...
মায়োমি ওইওয়া: ধন্যবাদ। বাংলাদেশে প্রথম এসে আমার খুবই ভালো লাগছে। এখানে আসার আগে অবশ্য বাংলাদেশের মেয়েদের ফুটবল সম্পর্কে তেমন ধারণা ছিল না। আশা করি এখন কিছুটা জানব (হাসি)।
 এটা কি জানেন বাংলাদেশে কোনো মহিলা ফিফা রেফারি নেই?
ওইওয়া: হ্যাঁ, এটা জানতাম। বাংলাদেশ থেকে মহিলা ফিফা রেফারি বের করে আনতে সহায়তা করতেই আমি এসেছি। এটা খুব দরকার। দেশ থেকে মহিলা ফিফা রেফারি বের হলে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে বলেই আমার বিশ্বাস।
 আপনার দেশ জাপান তো মেয়েদের ফুটবলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। এটা কি আপনাকে ফিফা মহিলা রেফারি প্রশিক্ষক হতে আরও অনুপ্রাণিত করেছে?
ওইওয়া: তা তো অবশ্যই। আমি আসলে জাপানে ১০ বছর মেয়েদের ঘরোয়া ফুটবল খেলেছি। তারপর ছয় বছর ফিফা রেফারি হিসেবে কাজ করেছি। ২০০৮ সালে এএফসির এবং এ বছর ফিফা মহিলা রেফারি প্রশিক্ষক হয়েছি। ও হ্যাঁ, জাপানে ১৭ বছর আমি রেফারিং করেছি।
 আপনার এই রেফারিং জীবনে মজার কথা শুনতে চাই...
ওইওয়া: আমি ২০০৭ মহিলা বিশ্বকাপের ফাইনালে চতুর্থ রেফারি ছিলাম। ওটা ছিল আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। বিশ্বকাপের ফাইনাল বলে কথা! ২০০২ সালে কানাডায় অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ পরিচালনা করেছি। অনেক মজার স্মৃতি আছে। কোনটা রেখে কোনটা যে বলি!
 রেফারিদের মাঠে অনেকক্ষেত্রে কঠিন সময় যায়। আপনার সেই রকম কোনো ঘটনা মনে পড়ে?
ওইওয়া: একটা ঘটনা বলতে পারি। ২০০৬ সালে পূর্ব এশিয়ান মহিলা ফুটবল হয়েছিল অস্ট্রেলিয়ায়। আমি উত্তর কোরিয়া-চীন ম্যাচে ছিলাম চতুর্থ রেফারি। দারুণ উপভোগ্য ম্যাচটা ১-১ এগিয়ে যাওয়ার পথে উত্তর কোরিয়া শেষ মুহূর্তে গোল করলেও সহকারী রেফারি অফসাইডের কারণে তা বাতিল করেন। এ নিয়ে মহাক্ষুব্ধ উত্তর কোরিয়ার এক মেয়ে তো ইতালিয়ান রেফারিকে কিকই মেরে বসল। তুমুল গন্ডগোলের পর পুলিশের সহায়তায় আমরা ড্রেসিংরুমে ফিরে আসি। উফ্ ভয়ানক এক ম্যাচ ছিল সেটি!
 রেফারি হতে গেলে আর কী কী গুণ লাগে?
ওইওয়া: ফিটনেস থাকা চাই। খেলাটা সম্পর্কে জ্ঞান এবং ইংরেজি জানা আবশ্যক। ফুটবলে নিয়মকানুন বদলাচ্ছে, এগুলো জানতে হবে। সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ।
 এই বিষয়গুলো নিয়েই আপনি কাজ করবেন ঢাকায়, তাই তো?
ওইওয়া: হ্যাঁ, আমি এখানে পাঁচ দিনের কোর্স পরিচালনা করব। এএফসি-ফিফা মিলিয়ে আমি প্রায় দেড় শ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছি। ঢাকায় হাতে-কলমে মেয়েদের সঙ্গে সেই অভিজ্ঞতা বিনিময় করব। ফিফা মহিলা রেফারি প্রশিক্ষক হিসেবে এটি আমার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। কদিন আগে চীনে একই কোর্স পরিচালনা করে এসেছি।
 এত কিছু থাকতে ফুটবলের রেফারি হলেন কেন?
ওইওয়া: ছোটবেলা থেকেই আমি ফুটবল খেলা দেখছি। বলতে পারেন ফুটবলে আসক্ত। আমার পরিবারে আর কেউ খেলাধুলায় আসেনি। তবে সবাই সহায়তা করেছে। আমার সাবেক স্বামীও রেফারিং জীবনে পাশে ছিল। তাঁর সঙ্গে ছাড়াছাড়ির পর এখন একা আছি। ভাবছি আবার বিয়ে করব (এবার হাসিতে ফেটে পড়লেন)। তবে রেফারিং নিয়ে কাজটা ছাড়তে পারব না। এটা আমি অনেক উপভোগ করি।