টেস্ট ক্রিকেটে পাঁচটি ফিফটি থাকলেও সেঞ্চুরির দেখা পাননি এর আগে। অবশেষে ১৫তম টেস্টে এসে দেখা মিলল একজন ব্যাটসম্যানের আজন্ম আরাধ্য সেই টেস্ট সেঞ্চুরির। জুনায়েদ সিদ্দিক যেটিকে দেখছেন জেদের ফসল এবং ভবিষ্যতে আরও ভালো খেলার প্রেরণা হিসেবে টেস্টেই শুধু নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও প্রথম সেঞ্চুরি করলেন। কেমন লাগছে?জুনায়েদ সিদ্দিক: ভালো তো অবশ্যই লাগছে। কারণ ওয়ানডে বা টি-টোয়েন্টিতেও আমার সেঞ্চুরি নেই। টেস্ট খেলতে শুরু করার পর তো সেঞ্চুরির কথা নিশ্চয়ই ভেবেছেন। টেস্ট খেলার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন কবে থেকে?জুনায়েদ: আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল বাংলাদেশ দলে খেলা। টেস্ট বা ওয়ানডে খেলার কথা আলাদা করে চিন্তা করিনি কখনো। প্রতিযোগিতামূলক ক্রিকেটে এসে পারফর্ম করার পর থেকেই আমার প্রথম এবং একমাত্র স্বপ্ন ছিল বাংলাদেশ দলে খেলব। মাঝে মাঝে ভালো ইনিংস খেললেও ধারাবাহিকভাবে সেটা হচ্ছিল না। একটু কি চাপ অনুভব করছিলেন?জুনায়েদ: আমি নিজেও ব্যাপারটা খুব উপলব্ধি করি। খুব আপসেট ছিলাম। অনেক পরিশ্রম করেও ধারাবাহিকতা আনতে পারছিলাম না খেলায়। তার পরও আমি কঠোর পরিশ্রম দিয়ে সব সময় চেষ্টা করে যাই। জানি বড় ইনিংস খেললে আত্মবিশ্বাস বাড়বে। আর ভালো খেলা খারাপ খেলা তো অনেকটা আল্লাহর ওপরও নির্ভর করে। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। ইংল্যান্ডের বিপক্ষেই সেই বড় ইনিংস পেয়ে যাবেন বলে আশা ছিল? প্রথম ইনিংসে তো রান পাননি...জুনায়েদ: সবচেয়ে বড় কথা, আমার কমিটমেন্ট ছিল। নিজের ওপর একটা জেদ ছিল। প্রথম ইনিংসে শর্ট বলে আউট হওয়ার পর এই ইনিংসে টার্গেট ছিল শর্ট বল হলেও আমি শেষ পর্যন্ত বলটা দেখব। সব সময়ই ভালো খেলার চেষ্টা করি। আজও (গতকাল) আমি চেষ্টা করেছি দলের জন্য শতভাগ উজাড় করে দিতে। চতুর্থ দিন মুশফিকুর রহিম যখন উইকেটে এলেন, আপনাদের পরিকল্পনা কী ছিল?জুনায়েদ: মুশফিকুর যখন আসে, তখন ৫টা উইকেট পড়ে গিয়েছিল। আমরা আমাদের বেসিক ক্রিকেটটাই খেলতে চেয়েছি—ও রকম কোনো শট খেলতে যাব না। যতক্ষণ সম্ভব উইকেটে থাকব। সহজে উইকেট দেব না। তবে সত্যি কথা, আমি একটু নার্ভাস ছিলাম। রান পাচ্ছিলাম না, রানটা আমার জন্য দরকার ছিল। খেলতে খেলতে সেই নার্ভাসনেস দূর হয়, আস্তে আস্তে আত্মবিশ্বাসী হয়ে উঠি। নিজের খেলা ভালো ইনিংসগুলো মনে করতে থাকি। আপনার আউটটার কথা বলুন। ভুলটা হয়েছে কোথায়?জুনায়েদ: বলটা ভালো ছিল। খুব অল্প টার্ন করেছে। বড় টার্ন করলে হয়তো বা ব্যাটে লাগত না। ব্যাটিংয়ের সময় ইংল্যান্ডের ফিল্ডাররা উত্ত্যক্ত করেনি?জুনায়েদ: এটা ক্রিকেটেরই অংশ। শুধু বাংলাদেশ না, সব দলের খেলোয়াড়দেরই এটা করে। আমাদের ফোকাসই ছিল বলের দিকে। আর তারা সে রকম কিছু বলেওনি। একসময় টি-টোয়েন্টি ক্রিকেটারই ভাবা হতো আপনাকে। এখন টেস্ট স্পেশালিস্ট হয়ে যাচ্ছেন। নিজের এই পরিবর্তনটা কীভাবে দেখেন?জুনায়েদ: আমি আসলে এটা নিয়ে ভাবি না। ‘স্পেশালিস্ট’ বলে কোনো কথা নেই। আমরা যেটাতে ভালো খেলি, সবাই ভাবে সেটাতেই বুঝি স্পেশালিস্ট। তবে ওয়ানডেতে ভালো খেলছি না বলে আমার নিজেরই একটা ক্ষোভ আছে। আমার ইচ্ছা ওয়ানডেতেও ভালো খেলার। এই টেস্ট সেঞ্চুরিটা হয়তো আমাকে সে আত্মবিশ্বাস দেবে। পরিশ্রম করলে একদিন ভালো কিছু পাবই। সেঞ্চুরি পাওয়ার পরও কোনো আফসোস কি আছে? এই টেস্ট ড্র করারও তো একটা সম্ভাবনা জাগিয়েছিলেন আপনারা...জুনায়েদ: আফসোস একটাই...আমি যদি আর ১০-১৫ ওভার খেলতে পারতাম তাহলে হয়তো বা মুশফিকুরও আরও আত্মবিশ্বাসী থাকত। এ জন্য মনটা একটু খারাপ। আমি চেয়েছিলাম সেঞ্চুরির সঙ্গে এমন কিছু করতে যাতে সবাই মনে রাখে। কাউকে উত্সর্গ করবেন সেঞ্চুরিটা?জুনায়েদ: উত্সর্গ তো সবাইকেই করতে চাই। আমার আব্বা-আম্মা, বাসার সবাইকে। তবে এ মুহূর্তে রাজশাহীতে আমার কোচ শাহনেওয়াজ শহীদ শানু ভাইয়ের কথা সবচেয়ে বেশি মনে পড়ছে। আব্বা আমার আদর্শ, কিন্তু শানু ভাইয়ের কারণেই আমি সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলছি, রান করছি।