
দলবদলের দাবিতে আবার হকি খেলোয়াড়েরা বিদ্রোহ ঘোষণা করেছেন। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জমায়েত হয়েছিলেন জাতীয় দলের খেলোয়াড়েরা। সেখানেই কঠোর অবস্থান জানানোর পর জাতীয় দলের অধিনায়ক জাহিদ হোসেন বললেন, বারবার এভাবে বিদ্রোহ করতে তাঁরা বাধ্যই হচ্ছেন
l প্রতিবছরই দলবদলের দাবিতে বিদ্রোহ করাটা এখন রুটিন কাজ হয়ে গেছে হকি খেলোয়াড়দের। কেন এই অবস্থা হয় প্রতিবছর?
জাহিদ হোসেন: ফেডারেশনের দুর্বলতাই এখানে বড় হয়ে উঠছে। হকি ফেডারেশনের নির্বাহী কমিটি সব ক্লাবের লোকজন নিয়ে গঠিত নয়। সালাউদ্দিন ভাইকে দেখেন, ফুটবলে প্রতিবছর একটা নির্দিষ্ট সময়ে দলবদল দিচ্ছেন। তিনি এটা পারছেন, কারণ ফুটবল ফেডারেশন প্রায় সব ক্লাবের লোকজন নিয়ে গঠিত। হকিতে এটা না থাকায় শুধু দলবদল এলেই এই ঝামেলা শুরু হয়।
l গত একটা বছর আন্তর্জাতিক অঙ্গনে এত ভালো খেলার পর আবার সেই বিদ্রোহ, এটা তো খুবই বাজে একটা অবস্থা...
জাহিদ: হ্যাঁ, এর চেয়ে বাজে অবস্থা আর হয় না। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক হকিতে দারুণ খেলেছি, চীনের মতো দলকে হারিয়েছি। হকি খেলোয়াড়দের আয় বলতে দলবদলই সম্বল। এই দলবদলের সময়ই দেখবেন প্রতিবছর নানা টালবাহানা। এই ক্লাব খেলতে চায়, ওই ক্লাব বেঁকে বসেছে ইত্যাদি নাটক। কী আর বলব, ভাই...।
l ফেডারেশন বলছে, আপনারা তাদের সঙ্গে কথা না বলেই চরম পথ বেছে নিয়েছেন...
জাহিদ: এটা ঠিক নয়। দলবদল চেয়ে আমরা ফেডারেশনকে কয়েকবার চিঠি দিয়েছি খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে। ফেডারেশন বলে ক্লাবের সঙ্গে কথা বলতে। আমরা ক্লাবের সঙ্গে কী কথা বলব। এটা তো আমাদের কাজ নয়।
l এই যে প্রতিবছর একই কাহিনি, একই চিত্রনাট্য। দলবদলের জন্য এভাবে বারবার আন্দোলন করতে নিজের কাছে কেমন লাগে?
জাহিদ: নিজের কাছেই লজ্জা লাগে। দলবদল চেয়ে বারবার ঘ্যানঘ্যান করতে কার ভালো লাগবে, বলেন! ১০ বছর ধরে খেলছি, লিগ পেয়েছি মাত্র পাঁচটা। তার মধ্যে তিনটা দলবদলই কান্নাকাটি করে নিতে হয়েছে। এটা নিয়ে হবে চারটা। আসলে দলবদল নিয়ে একটা নোংরামি চলে সব সময়। এটা থেকে এখন আমাদের পরিত্রাণ দরকার।
l অনেকে বলছেন, জাতীয় দলের ক্যাম্প বর্জনের হুমকি দিয়ে কাজটা ভালো করেননি আপনারা। জাতীয় দলকে জিম্মি করা কি ঠিক হবে?
জাহিদ: আমরা চাই না জাতীয় দলকে জিম্মি করতে। কিন্তু খেলোয়াড়েরা এটা বাধ্য হয়েই করছে। এই যে কিছুদিন হকি নিয়ে পজিটিভ নিউজ হওয়ার পর এখন আবার নেগেটিভ নিউজ, এগুলো ভালো লাগে না। কিন্তু বাস্তবতা আমাদের এই পথে ঠেলে দিয়েছে। ঢাকার বাইরের সব খেলোয়াড় আমাকে ফোন করে অনুরোধ করে বলেছে, ‘আমরা তো কিছু করতে পারছি না। আপনারা যদি ক্যাম্প বর্জন করতে পারেন, তাহলে যদি কিছু হয়।’
l মাঝখানে তো বোধ হয় সব খানে একটু আলাদা সম্মান পেতেন আন্তর্জাতিক অঙ্গনে ভালো করায়। এখন আবার বাইরের প্রতিক্রিয়া কেমন দেখছেন?
জাহিদ: আমি পুরান ঢাকার খেলোয়াড়, চীনকে হারিয়ে বা অন্য আন্তর্জাতিক ম্যাচগুলোতে ভালো করার পর সবাই আলাদা গুরুত্ব দিয়েছে আমাদের। ‘কেমন আছেন, আপনাদের খেলা খুব ভালো হয়েছে’, ইত্যাদি বলে প্রশংসা করেছে। এখন কী বলে জানেন, ‘তোমরা তো আবার খাদের মধ্যে পড়লা।’ এই সব গ্যাঞ্জামের কারণে হকিতে নাকি কিছু হবে না এই দেশে।
l আপনার কী মনে হয়, হকির ভবিষ্যৎ কী?
জাহিদ: এভাবে দলবদল নিয়ে প্রতিবছর আন্দোলন করা লাগলে ভবিষ্যৎ অন্ধকার। গত বছর ফেব্রুয়ারিতে আমরা সর্বশেষ দলবদল করেছি। সামনে কবে হবে জানি না। চোখেমুখে সরষে ফুল দেখছি।
l এই যে জাতীয় দলের ক্যাম্প ডেকে স্থগিত করা হলো, এটাকে কীভাবে দেখছেন?
জাহিদ: হকি স্টেডিয়ামে নাকি থাকার জায়গা নেই। টোটালটাই ফেডারেশন চাপিয়ে দিয়েছেন এনএসসির ওপর। ক্যাম্প শুরুর আগের রাত সাড়ে ১০টায় এই সিদ্ধান্ত কেন? মিমু-কৌশিক-সারোয়াররা বাইরে থেকে ঢাকায় চলে এসেছে। এদের আসা-যাওয়ার খরচটা কে দেবে? এসব বলেই বা লাভ কী!