
১০ চার, পাঁচ ছক্কায় ৬৪ বলে অপরাজিত ৯৮। কালকের মতো এমন রুদ্র রূপে তাঁকে দেখা গেছে খুব কমই। এবার ঢাকা লিগে পারফরম্যান্সও বেশ ধারাবাহিক। রকিবুল হাসান জানালেন, ব্যাটিং নিয়ে বাড়তি কাজ করার সুফলই মিলছে ২২ গজে
আজ (কাল) এমন ঝড় তুললেন, শুধু স্লগ ওভার ছিল বলেই নাকি ব্যাটিংয়ের ধরনেও পরিবর্তন আনছেন?
রকিবুল হাসান: ক্যারিয়ারজুড়েই আমি চেষ্টা করেছি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে। দলের প্রয়োজনমতোই ব্যাটিং করার চেষ্টা করি সব সময়। আজকেও দলের প্রয়োজনটাই মাথায় ছিল।
ক্যারিয়ারের শুরুর দিকে আপনি অনেক আক্রমণাত্মক ছিলেন। পরে নিজেকে গুটিয়ে ফেললেন...
রকিবুল: ক্যারিয়ারের শুরুর দিকে আমি ওপেনিংয়ে ব্যাট করতাম। এ জন্য তখন চালিয়ে খেলতাম। পরে মিডল অর্ডারে নেমে দায়িত্ব নিয়ে খেলতে হয়েছে। দলের চাহিদাকে প্রাধান্য দিতে হয়েছে।
ধারাবাহিকভাবেই ভালো খেলছেন এবার, লিগে পঞ্চম সর্বোচ্চ রান আপনার (৪৭.৫৫ গড়ে ৪ ফিফটিতে ৪২৮)। জাতীয় দলের বাইরে বলে কি লিগটাকে এবার অনেক গুরুত্ব দিয়েছিলেন?
রকিবুল: আমি প্রথম যেবার ঢাকা লিগ খেললাম, সেবারও তিনটি সেঞ্চুরি করেছিলাম। প্রতিটি মৌসুমই আমার জন্য গুরুত্বপূর্ণ। এবারও চেয়েছি আগের মতো গুরুত্ব দিতে। পরিকল্পনা করেছি আগের মতো খেলব। ভালো-খারাপ ফর্ম সব ক্রিকেটারের ক্যারিয়ারেই আসে। আল্লাহর রহমতে এবার ভালো ফর্মে আছি।
মৌসুম শুরুর আগে ব্যাটিং নিয়ে কোনো বাড়তি কাজ করেছিলেন?
রকিবুল: ব্যাটিং নিয়ে বাড়তি কিছু কাজ করেছি। ফাহিম স্যার (নাজমুল আবেদীন) আমাকে অনেক সাহায্য করেছেন। ওনার প্রতি অনেক কৃতজ্ঞ। শুধু এবার নয়, আগেও করেছেন। আমি যত কোচ পেয়েছি ক্যারিয়ারে, ব্যাটিং কোচ হিসেবে তিনি সেরাদের একজন। স্যার এখন অনেক অসুস্থ, ওনার জন্য সবার কাছে দোয়া চাইছি।
ব্যাটিংয়ের বাড়তি কাজটা নির্দিষ্ট কোনো জায়গা নিয়ে করেছেন?
রকিবুল: ছোটখাটো কিছু টেকনিক্যাল পরিবর্তন করেছেন স্যার। স্ট্যান্সটা একটু বদলে দিয়েছেন। ব্যাটিং গ্রিপটাও একটু পরিবর্তন করেছেন।
মৌসুমের শুরুতে ফিটনেস ক্যাম্পটিও নিশ্চয়ই অনেক কাজে দিয়েছে?
রকিবুল: হ্যাঁ, ওটা অনেক সাহায্য করেছে। বিশেষ করে সেসব ক্রিকেটারকে যাঁদের পরিশ্রম করে খেলতে হয়। আমার ক্ষেত্রে অনেক কাজে দিয়েছে ফিটনেস ক্যাম্পটি।
জাতীয় দলের বাইরে অনেক দিন, ফেরার তাড়না কতটা তীব্র?
রকিবুল: আমি আসলে এখন জাতীয় দল নিয়ে ভাবছি না। শুধু নিজের ব্যাটিং নিয়েই ভাবছি। ভালো ফর্মে আছি, রান পাচ্ছি। ধারাবাহিকভাবে রান করে যেতে চাই। এরপর নির্বাচকেরা আছেন, তাঁরা তো সব দেখছেনই।
‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে ভালো করতে পারলে হয়তো নির্বাচকদের নজর কাড়তে পারতেন?
রকিবুল: ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে একটি ম্যাচে সুযোগ পেয়ে ৭২ করেছি। অন্য ম্যাচগুলোয় আমাকে নিচে ব্যাটিং করতে হয়েছে (একটিতে তিনে খেলেছেন, একটিতে ছয়ে, আরেকটি সাতে)। এ জন্য হয়তো ভালো খেলতে পারিনি। তবে সব মিলিয়ে তাই মনে হয় না খুব খারাপ করেছি।
জাতীয় দলে এখন অনেক প্রতিযোগিতা, বিশেষ করে মিডল অর্ডারে...
রকিবুল: এটা দলের জন্য ভালো, দেশের ক্রিকেটের জন্য ভালো। ক্রিকেটের মানটা যে অনেক উন্নত হয়েছে আমাদের, সেটা বোঝা যাচ্ছে এই প্রতিযোগিতা থেকে।
আপনি নিজে কি সেই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত?
রকিবুল: অবশ্যই!