‘নিজের ব্যাটে’ই তামিমের বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেট প্র্যাকটিসে যাওয়ার আগে হাতের ব্যাটটা সামনে বাড়িয়ে দেখালেন। সিএ ব্যাট, ব্যাটের লেভেলের মধ্যেই একটা জায়গায় লেখা ‘তামিম’। চোখেমুখে খুশির আভা। তামিম ইকবাল বললেন, ‘দ্যাখেন, এইটা আমার ব্যাট...।’সেদিন অনুশীলনে নামার আগে যে ব্যাটটাকে তামিম বললেন ‘আমার ব্যাট’, সেটি আক্ষরিক অর্থেই তামিমের। দিন কয়েক আগে এক বন্ধুকে নিয়ে পাকিস্তানের শিয়ালকোটে গিয়ে নিজের জন্য সাতটা ব্যাট বানিয়ে এনেছেন, সেগুলোরই একটা নিজের নাম লেখা ওই ব্যাটটি। সাকিব, মুশফিকুর ও রকিবুলের অর্ডার দেওয়া আরও ছয়টি ব্যাটও এনেছেন সঙ্গে।ব্যাট নিয়ে সব সময়ই একটু খুঁতখুতে তামিম। শুধু গ্রিপ ধরে ভালো লাগেনি বলে কিছুদিন আগে পাকিস্তান থেকে পাঠানো অন্য একটা ব্যাট দিয়ে কোনো ম্যাচই খেলেননি। জিম্বাবুয়ে সিরিজ আর প্রিমিয়ার লিগে খেলতে বাধ্য হয়েছেন প্র্যাকটিস ব্যাট দিয়ে। কিন্তু বিশ্বকাপ তো আর জোড়াতালি দিয়ে খেলা যায় না! খুঁতখুঁতে মন নিয়ে খেলার জায়গাও এটা না। তামিম তাই উড়ে গেলেন পাকিস্তানে।যাওয়া-আসা মিলে চার দিন, মাঝের দুই দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিএর কারখানায় বসে থেকে বানিয়ে নিয়েছেন একটার পর একটা ব্যাট। ব্যাট নিয়ে এত কষ্ট একটা কারণেই—বিশ্বকাপের প্রস্তুতিতে কোনো খুঁত রাখা যাবে না, ব্যাট নিয়ে তো নয়ই, ‘বিশ্বকাপের জন্য নিজেকে এমনভাবে প্রস্তুত করছি যেন পরে আফসোস করতে না হয়। আমি ব্যাট নিয়ে চিন্তিত থাকি সব সময়ই। পছন্দমতো ব্যাট না হলে আরাম করে খেলতে পারি না। পাকিস্তান থেকে ব্যাট আনাও বিশ্বকাপের প্রস্তুতি। কোনো ঘাটতি রাখতে চাই না আমি।’ শুধু টাকা দিয়ে কিনে আনলেই একটা ব্যাট ‘নিজের ব্যাট’ হয়ে যায় না তামিমের কাছে। সবার আগে ব্যাটটা মনে ধরতে হবে, ‘ব্যাট ধরে আমার ভালো লাগতে হবে। আমি যে রকম চাই ব্যাটের ওজন সে রকম হতে হবে। বাংলাদেশ দলের আর সবাই স্বাভাবিক উচ্চতার ব্যাট দিয়ে খেললেও আমার ব্যাট ১ ইঞ্চি বেশি লম্বা। তা ছাড়া আমি একটু মোটা গ্রিপের ব্যাট দিয়ে খেলি। সব মিলিয়ে ব্যাটটা ধরে মনে হতে হবে, এটা আমার ব্যাট।’বিশ্বকাপে ভালো করার জন্য সবই করতে রাজি তামিম। বিশ্বকাপের পর যাতে মনে না হয়, চেষ্টার ত্রুটি ছিল। এসব দেখে কি মনে হচ্ছে না, বিশ্বকাপ ব্যাপারটা জীবন-মরণ বাজি হয়েই দাঁড়িয়েছে তাঁর কাছে? তা এবারের বিশ্বকাপ তামিমের কাছে সে রকমই, ‘এখন বুঝি বিশ্বকাপ কত বড় ইভেন্ট। জানি, এখানে ভালো খেললে নিজেকে আরেকটা ধাপ ওপরে নিয়ে যেতে পারব।’ ভাবুন একবার, এই তামিমের কাছেই চার বছর আগের বিশ্বকাপটা ছিল ছবি তোলার উপলক্ষ, ‘সব দলের সঙ্গে খেলব, সব খেলোয়াড়কে দেখব—মাথায় খালি এসবই ঘুরেছে। বিশ্বকাপ শুরুর আগে একটা পার্টি হয়েছিল। যাদের সব সময় টিভিতে দেখেছি সেখানে তাদের সামনে পেয়ে আমি ক্যামেরা নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। এর ছবি তুলি, ওর পাশে গিয়ে দাঁড়াই। যুবরাজ, টেন্ডুলকার, দ্রাবিড়, হাসি, সাইমন্ডস—এই পাঁচজনের সঙ্গে ছবি আছে আমার!’খেলা নিয়ে চিন্তা তো ছিলই, বলা ভালো সেটি ছিল দুশ্চিন্তা, ‘ভালো খেলতে হবে, এই জিনিসটা মাথায় ছিল কম। আমি খালি চিন্তা করছিলাম ১৪০ কিলোমিটার গতিতে বল এলে কীভাবে দেখব! তবে প্রথম বল খেলার পর বুঝলাম সবই দেখা যায়, সবই বোঝা যায়। ভারতের বিপক্ষে ওই ম্যাচে যা চেয়েছি তাই হয়েছে।’ ২০১১ বিশ্বকাপে যদি ভারতের বিপক্ষে ও রকমই একটা ইনিংস খেলেন এবং ৫৩ বলে ৫১ রান করে আউট হয়ে যান, এবার মোটেও খুশি হবেন না তামিম, ‘ওই ইনিংসটিই যদি এখন খেলি, আমি খুশি হব না। লক্ষ্য এখন অনেক বড়। আমার কাছে সবার প্রত্যাশাও বেশি। ও রকম ইনিংস খেললে এখন আর সেটা ম্যাচ জেতার জন্য যথেষ্ট হবে না।’চার বছর আগের তামিম আর আজকের তামিমের পার্থক্যটা ধরতে পারছেন নিশ্চয়ই। চিন্তাভাবনায় এতটাই পরিণতিবোধ এসেছে যে, প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারতও গতবারের ভারত-বধের অন্যতম নায়ককে রোমাঞ্চিত করছে না, ‘ভারত বলে কোনো কথা নেই। আমরা ছয়টা ম্যাচ খেলব। ছয় ম্যাচে আমার একই টার্গেট—যত বেশি সময় উইকেটে থাকব, যত বড় ইনিংস খেলা যায় খেলব।’দুই বিশ্বকাপ ভিন্ন দুটি রঙে ধরা দিলেও ‘বিশ্বকাপ’ নিয়ে তামিমের ধারণাটা কিন্তু একেবারেই সাধারণ। বিশ্বকাপ কখনোই তার কাছে দেশের হয়ে খেলার চেয়ে বড় নয়। এবার সহ-অধিনায়ক বলে ব্যাপারটা আরও বেশি। যদিও সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে একটু দূর থেকেই দায়িত্ব পালনের ইচ্ছা তামিমের, ‘সাকিব নিজের বুদ্ধি-বিবেচনায়ই সবকিছু করতে চায়। এটা ভালো এবং এ কারণেই সে এখন পর্যন্ত সফল। তবে অনেক সময় অন্যের সাহায্যও দরকার হয়। ও চাইলে তখন এগিয়ে যাব। তবে আমি মনে করি, সহ-অধিনায়ক হিসেবে মাঠের বাইরেই আমার দায়িত্বটা বেশি।’আর ব্যাটসম্যান হিসেবে? ব্যাট নিয়ে খচখচানি দূর করতে তামিম যা করলেন, এর পরও কি প্রশ্নটার উত্তর দেওয়ার দরকার আছে!