‘নিজের শক্তির জায়গা থেকে সরে যেয়ো না’
উপমহাদেশের মাটিতে আয়োজিত এবারের বিশ্বকাপে স্পিনাররাই একটা বড় ভূমিকা পালন করবেন, এমন অনুমান করা যাচ্ছিল আগে থেকেই। গতকাল প্রস্তুতি ম্যাচে সেটা একেবারে হাতে-কলমে প্রমাণ করে ছাড়লেন ভারতের স্পিনাররা। ২১৪ রানের সহজ টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে জয় অনেকখানি নিশ্চিতই করে ফেলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেষ মুহূর্তে পীযূষ চাওলা আর হরভজনের ঘূর্ণিতে ভারত পেয়েছে ৩৮ রানের দুর্দান্ত এক জয়। গতকালের এই ম্যাচটার পর হয়তো স্পিনার-নির্ভরতা আরও বাড়ানোর চিন্তা করবে সবাই। তবে সাবেক ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথের মতে, স্পিনারদের প্রাধান্য দিতে গিয়ে কোনো দলেরই তাদের নিজস্ব শক্তির জায়গা থেকে সরে আসাটা উচিত হবে না। গতকাল সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় ভারতের অন্যতম সফল এই ফাস্ট বোলার বলেছেন, ‘শুধু স্পিনার-বান্ধব কন্ডিশনের জন্যই বেশি বেশি স্পিনার খেলানোটা খুব কাজের হবে না। উপমহাদেশের মাটিতে স্পিনাররা সব সময়ই একটা বড় ভূমিকা পালন করে। কিন্তু এই কন্ডিশনের ফায়দা তোলার জন্য দরকার বিশেষজ্ঞ স্পিনার। নিজেদের পুরো শক্তি নিয়ে খেলতে পারাটাই হলো মূল বিষয়। এটা পেসও হতে পারে, স্পিনও হতে পারে।’এবারের বিশ্বকাপে ভারতীয় পেসারদের পারফরমেন্স দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শ্রীনাথ। ২০০৩ বিশ্বকাপে জহির খান আর আশিষ নেহরার সঙ্গে ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবারও এ দুজন অনেক ভালো করবে বলে আশাবাদী শ্রীনাথ। আর ভারত বাদে অন্য দলগুলোর পেস আক্রমণের শক্তি বিচার করতে গিয়ে তিনি এগিয়ে রেখেছেন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ডকে। বলেছেন, ‘ভারত আর অস্ট্রেলিয়ার পর এগিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা। কারণ, ডেল স্টেইন আর মরনে মরকেল খুবই ভালো পেসার। ইংল্যান্ডেরও বেশ কিছু ভালো পেসার আছে।’ হিন্দুস্থান টাইমস।