‘নির্দোষ’ শ্রীনিবাসন
অভিযোগ ওঠায় সরে দাঁড়িয়েছিলেন সাময়িকভাবে। তবে শিগগিরই হয়তো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদে আবারও দেখা যাবে এন শ্রীনিবাসনকে। আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির সঙ্গে তাঁর এবং তাঁর জামাতা গুরুনাথ মায়াপ্পনের জড়িত থাকার যে অভিযোগ উঠেছিল সেটা থেকে নিষ্কৃতি পেয়েছেন দুজনই। বিসিসিআই গঠিত তদন্ত কমিটি নাকি স্পট ফিক্সিংয়ের সঙ্গে এ দুজন তো বটেই, রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রারও সংশ্লিষ্টতা খুঁজে পায়নি।অভিযোগ ওঠার পর না চাইলেও শেষ পর্যন্ত সাময়িকভাবে সরে যেতে হয়েছে শ্রীনিবাসনকে। এরপর ভারতীয় হাইকোর্টের দুজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করেছিল বিসিসিআই। পরশু তদন্ত কমিটি বিসিসিআইয়ের অন্তর্বর্তীকালীন সভাপতি জগমোহন ডালমিয়ার কাছে তাঁদের রিপোর্ট জমা দিয়েছে। বিসিসিআইয়ের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রিপোর্টে এমন কিছুই নেই যাতে শ্রীনিবাসন ও মায়াপ্পনের স্পট ফিক্সিংয়ে সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়। এএফপি, ওয়েবসাইট।