‘নির্বাচনী ক্লান্তিতে’ বন্ধ খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফে ভবনে কাল বিকেলে হুলুস্থুল কাণ্ড। গণমাধ্যমের কর্মীদের হুড়োহুড়ি। ঘটনা আর কিছু নয়। সেই পুরোনো সংস্কৃতির চর্চাই জারি রইল। নতুন কমিটি শুরু করল খেলা পিছিয়ে! বাফুফে ও ক্লাব কর্মকর্তাদের যৌথ সভায় সিদ্ধান্ত—আগামীকালের পরিবর্তে প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্ব শুরু ১০ মে থেকে।কারণটা বেশ নতুন—‘নির্বাচনী ক্লান্তি’! ৩০ এপ্রিল বাফুফের নির্বাচন হয়েছে। এই নির্বাচনে ক্লাবগুলোও ব্যস্ত ছিল। তাদের এখন বিশ্রাম দরকার! এ জন্যই ক্লাবগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে খেলা পেছানোর সিদ্ধান্ত বলে দাবি করেছেন বাফুফের কর্তারা। বিদায়ী পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীই এই ব্যাখাটা দিলেন, ‘আমরা কী করব? ক্লাব চেয়েছে খেলা পেছাতে। নির্বাচন করে তারা ক্লান্ত। তার জন্যই কয়েক দিন সময় নেওয়া।’পেশাদার লিগে এমন অপেশাদার কাজের চর্চাই হচ্ছে। কারণে-অকারণে খেলা পেছানো এখানে নিত্য ব্যাপার। কখনো বাফুফে খেলা পেছায়, কখনো পেছায় ক্লাব। এ থেকে পরিত্রাণ পাচ্ছেন না খেলোয়াড়েরা। গত ১ ফেব্রুয়ারি শুরু লিগের প্রথম পর্ব শেষ হয়েছে ২৭ এপ্রিল। প্রায় তিন মাসে প্রতিটি দল খেলেছে মাত্র ১০টি ম্যাচ। গড়ে নয় দিনে একটি করে ম্যাচ!কতবার যে খেলা বন্ধ হয়েছে, হিসাব রাখা কঠিন। ঝড়, বৃষ্টি, মাঠ খারাপ—এসব তো আছেই। কনসার্ট, সংবর্ধনা, কুচকাওয়াজ, হরতাল ছিল এই তালিকায়। এখন যোগ হলো ‘নির্বাচনী ক্লান্তি’। সভায় উপস্থিত আবাহনীর ম্যানেজার এবং বাফুফের সদস্য সত্যজিৎ দাস বললেন, ‘সবাই চেয়েছে, তাই আমরাও সায় দিয়েছি খেলা পেছাতে। ৫ তারিখ খেলা শুরু হলেও আমাদের আপত্তি ছিল না।’অস্বীকার করার উপায় নেই, নির্বাচন করে অনেকে ক্লান্ত। টাকা দিয়ে ভোট কিনে অনেকে পাসও করে গেছেন! কিন্তু ক্লাব তো নির্বাচন করেনি। নির্বাচন করেছেন ব্যক্তি। ক্লান্ত হলে একজন ব্যক্তি হতে পারেন। অদ্ভুত ব্যাপার—এখানে একসঙ্গে ১১টি ক্লাব ক্লান্ত হয়ে পড়ল!কিছুদিন থেকে নির্বাচন উপলক্ষে অগোছালো বাফুফে। নতুন কমিটি সবে এসেছে। তাই নতুন কমিটি খেলা পেছানোর দাবিটা লুফে নিয়েছে। সভাপতি কাজী সালাউদ্দিন ছিলেন সভায়। তবে লিগের মানোন্নয়ন নিয়ে কোনো আলোচনা হয়নি। একবার সূচি দিয়ে চারবার বদলানোর সংস্কৃতি দূর করারও কোনো অঙ্গীকার নেই। তবে ৫ জুলাইয়ের আগে লিগ শেষ করার কথা বলা হয়েছে। কেননা, এর পরপরই রোজা। তাই প্রয়োজনে কমলাপুরেও খেলা হবে।অনেক ক্লাব তিন বিদেশির নিবন্ধন আর দুজনকে খেলানোর অনুমতি দেওয়ার নিয়ম চেয়েছে আগামী মৌসুম থেকে। কেউ কেউ বিদেশি নিষিদ্ধই করার দাবি জানিয়েছেন। এ নিয়ে সালাম মুর্শেদী জানিয়েছেন, আগামী লিগে বিদেশি কমানোর ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। কোনো ক্লাব এবার অবনমন-পদ্ধতি তুলে দেওয়ার দাবি জানিয়েছে।এ দেশে যখন যেভাবে সুবিধা, সেভাবেই ক্লাব-ফেডারেশন সিদ্ধান্ত নিতে চায়। সত্যিকারের ভালো চাওয়ার সুমতি যে কবে হবে সবার!