‘নির্বুদ্ধিতা’র মাশুল দিতে হবে জাপানকে
বিশ্বকাপে নির্বুদ্ধিতার জন্য জাপানকে মূল্য দিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন সাবেক কোচ ফিলিপ ট্রেসিয়ের। ব্রাজিল বা স্পেন দলের মতো করে খেলার স্বপ্ন দেখলে চোখের জল নিয়ে ফিরতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। ২০০২ সালের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সহ-আয়োজক ছিল জাপান। সেবার জাপানের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ট্রেসিয়ের। দক্ষিণ আফ্রিকায় এবার কোচ তাকেসি ওকাদার তত্ত্বাবধানে যখন বিশ্বকাপ অভিযানে নামতে যাচ্ছে জাপান, তখন সাবেক এই কোচের কণ্ঠে ক্ষোভের সুর। ক্ষোভের কারণ, ঘরের মাঠে গত সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হার।কোরিয়ার কাছে ২-১ এ হারকে কোনোভাবেই মানতে পারছেন না ট্রেসিয়ের। তাঁর অভিযোগ, কেবল নির্বুদ্ধিতার কারণেই হারতে হয়েছে জাপানকে। আর এটিই বিশ্বকাপে জাপানের জন্য কাল হয়ে দাঁড়াবে। রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে ট্রেসিয়ের বলছেন, ‘খুব বাজে অবস্থায় আছেন ওকাদা। ১৯৯৮ সালের বিশ্বকাপে যখন জাপান তাঁর তত্ত্বাবধানে ছিল, তখনো এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।’ ওকাদার নির্বুদ্ধিতার অভিযোগ তুলে ট্রেসিয়ের বলেন, ‘এই কোচ আসলে সব সময় সংশয়ে ভোগেন। দক্ষিণ কোরিয়াকে হারানোর তাঁর অন্ধবিশ্বাসের ফলেই হারতে হয়েছে। বিশ্বকাপে নির্বুদ্ধিতার মাশুল গুণতে হবে জাপানকে।’ফুটবলারদের পরীক্ষা করে নিতে সোমবারের ম্যাচটি জাপানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল উল্লেখ করে ট্রেসিয়ের বলেন, ‘মাত্র ছয় মিনিটের মাথায় একটি গোল হজম করার পরও জাপানের ফুটবলারদের মধ্যে তা পরিশোধ করার চেষ্টা দেখা যায়নি। আসলে কী করতে হবে বুঝতে পারছিল না তারা। আত্মবিশ্বাস না থাকলে ঝুঁকি নেওয়া যায় না।’কোচ ওকাদার সমালোচনা করে ট্রেসিয়ের বলেন, ওকাদা ব্রাজিল বা স্পেনের মতো করে ফুটবলারদের খেলাতে চান। তাকে সতর্ক হয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। না হলে বিশ্বকাপে চোখের জলই কেবল মিলবে জাপানের। চাইলেই নিজেকে উচ্চতায় তোলা সম্ভব নয়।