বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম দুই ম্যাচে একেবারেই ‘ফ্লপ’ ওয়েইন রুনি। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে সদ্য শেষ করে আসা মৌসুমে ৪৪ ম্যাচে করেছেন ৩৪ গোল। কিন্তু ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানের প্রথম দু ম্যাচে একটিও গোল নেই তাঁর। ব্যাপারটি নিয়ে রুনি যে চরম বিরক্ত, আলজেরিয়ার বিপক্ষে ইংল্যান্ডের গোলশূন্য ড্র ম্যাচেই স্পষ্ট সেটা। সমর্থকদের ‘দুয়ো’র জবাব দিয়েছেন ক্যামেরার সামনে চরম বিরক্তি নিয়ে।প্রিয় শিষ্যের দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসন। বিশ্বকাপ দেখতে দক্ষিণ আফ্রিকা যাননি ম্যানইউর স্কটিশ কোচ। তবে ফোনে কথা বলেছেন রুনির সঙ্গে। রুনির সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছে ইংল্যান্ড শিবিরে দুশ্চিন্তা আর শঙ্কা, ‘আমি ইংল্যান্ড দলে দুশ্চিন্তার গন্ধ পেলাম। বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়ায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি আমি দেখিনি। তবে আমার মনে হচ্ছে ইংল্যান্ড প্রত্যাশার চাপে ভুগছে।’প্রত্যাশার চাপ রুনির ওপরও। জন টেরি, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, রুনিদের এই দলটিকে নিয়ে খুব উচ্ছ্বাস ছিল ইংল্যান্ডে। ইংলিশদের বিশ্বাস ছিল, ৪৪ বছর পর আবার ইংল্যান্ডকে বিশ্বকাপ এনে দিতে পারে এই দলটি। তাদের স্বপ্নটা ছিল রুনিকে ঘিরেই। কিন্তু রুনি সেই প্রত্যাশা পূরণ করতে পারছেন না। ফার্গুসন তাই তাঁকে পরামর্শ দিয়ে বলেছেন, ‘নির্ভার থাকো, উপভোগ করো।’রুনির মতো এখন পর্যন্ত বিশ্বকাপটাকেও ‘ফ্লপ’ই মনে করছেন ফার্গুসন, ‘হতাশার এক বিশ্বকাপই হচ্ছে এটা। ইউরোপে কঠিন মৌসুম পার করে আসার পর খেলোয়াড়দের পক্ষে সেরাটা দেওয়াও আসলে অসম্ভব। মৌসুম শেষে মাত্র ৩-৪ দিনের জন্য একত্র হয়েছিল তারা।’ এএফপি।