‘নিষিদ্ধ পাকিস্তান’ চান না ইমরান
‘ফিক্সিং পাকিস্তানের ক্রিকেটকে ক্যানসারের মতো সংক্রমিত করেছে’ অভিযোগ তুলে পাকিস্তানকে ক্রিকেট থেকেই নিষিদ্ধ করার দাবি তুলেছেন ইয়ান বোথাম। কদিন আগে একই দাবি তুলেছিলেন মাইকেল ভনও। তবে দুই সাবেক ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে একমত নন সাবেক পাকিস্তান অধিনায়ক ইমরান খান ও অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং। দুজনই একমত, নিষিদ্ধ করে দেওয়া কোনো সমাধান নয়।ইমরানের যুক্তি, পাকিস্তানিদের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই, ‘কোনো পর্যায়ের অবৈধ কাজের জন্যই কোনো একটি দেশকে শাস্তি দেওয়া যায় না এবং লাখ লাখ সমর্থককে বঞ্চিত করা যায় না। তা ছাড়া পাকিস্তানিদের বিপক্ষে অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর ভিডিও ফুটেজই একমাত্র প্রমাণ, যেখানে একজন লোককে দেখে মনে হচ্ছে, তার হাতে টাকা এবং তিনি সেটা ক্রিকেটারদের দিচ্ছেন। স্রেফ এটুকুর ভিত্তিতে একটি দেশকে শাস্তি দেওয়া যায় না।’ পন্টিং ব্যাপারটিকে বিবেচনা করতে বলছেন সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে, ‘আইসিসির উচিত সব অভিযোগের শিকড়ে পৌঁছানো। তবে পাকিস্তানকে নিষিদ্ধ করা সুবিবেচিত সিদ্ধান্ত হবে না। কারণ, এতে অন্য বিষয়গুলোর ওপর আরও বড় প্রভাব পড়তে পারে।’ওভাল ওয়ানডে ফিক্সিংয়ের নতুন অভিযোগ ওঠার পর পাকিস্তানে খুব জনপ্রিয়তা পেয়েছে ‘ষড়যন্ত্র তত্ত্ব’। পিসিবির প্রধান ইজাজ বাটসহ সাবেক ক্রিকেটারদের অনেকেই মনে করেন, এসব পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র। ইমরান ‘ষড়যন্ত্র’ শব্দটা ব্যবহার করেননি, তবে ধুয়ে দিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেট মহল ও ব্রিটিশ ট্যাবলয়েডগুলোকে, ‘১৯৯২ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরে ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস যখন রিভার্স সুইং দিয়ে ইংলিশদের ধ্বংস করে দিচ্ছিল, তখন তারা ওয়াসিম-ওয়াকারকে প্রতারক বলেছিল। অথচ সেই ইংল্যান্ডই যখন রিভার্স সুইং দিয়ে ২০০৫ অ্যাশেজ জিতল, তখন সেটাই হয়ে গেল শিল্প। ওদের নীতি দ্বিমুখী। ইংল্যান্ডের যখন ভালো ফাস্ট বোলার ছিল, তখন কোনো বাধ্যবাধকতা ছিল না। কিন্তু যখনই ওয়েস্ট ইন্ডিজের একগাদা ফাস্ট বোলার এল, তখন বাউন্সারে বাধ্যবাধকতাসহ ফাস্ট বোলারদের লাগাম পরানোর নানা নিয়ম করা হলো।’ ওয়েবসাইট।