‘নীরব’ জাতীয় লিগে তিন সেঞ্চুরি
বিশ্বকাপের ডামাডোলে বিসিবি বোধহয় ভুলেই বসেছিল জাতীয় লিগের গুরুত্ব! পরশু অনেকটা নীরবে-নিভৃতেই রাজশাহী, বগুড়া ও সিলেটে শুরু হয়ে গেছে দেশের একমাত্র প্রথম শ্রেণীর ক্রিকেট জাতীয় লিগের চার দিনের আসর। লিগ যে ১৫ মার্চ শুরু হচ্ছে, বিসিবি সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। সরবরাহ করেনি পরশু হয়ে যাওয়া প্রথম দিনের স্কোর কার্ডও!বিসিবি জাতীয় লিগ নিয়ে ‘নীরব’ থাকলেও মাঠের খেলা যথেষ্টই জমজমাট হচ্ছে। কাল একসঙ্গে দুই দিনের স্কোর কার্ড হাতে পেয়ে জানা গেল, প্রথম পর্বের প্রথম তিনটি ম্যাচে এরই মধ্যে হয়ে গেছে তিনটি সেঞ্চুরি!বগুড়ায় ফরহাদ হোসেন (১৮৬) ও ধীমান ঘোষের (১০১) সেঞ্চুরির সৌজন্যে ৯ উইকেটে ৪৩৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে রাজশাহী। দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৩২ রান বরিশালের। নাসির উদ্দিন ৫৪ রান নিয়ে খেলছেন। সেঞ্চুরি হয়েছে সিলেট বিভাগীয় স্টেডিয়ামেও। সগীর হোসেনের সেঞ্চুরি (১১৪) ৯ উইকেটে ৩৫৯ রান এনে দিয়েছে খুলনাকে। খুলনার ইনিংস ঘোষণার পর দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২৬১ রান করেছে চট্টগ্রাম। নাজিমউদ্দিন ৭৪ ও ফয়সাল হোসেন ৮০ রান নিয়ে উইকেটে। রাজশাহীতে সেঞ্চুরি না হলেও ৯৯ রানে আউট হয়েছেন সিলেটের ওপেনার ইমতিয়াজ হোসেন। সিলেটের প্রথম ইনিংসে করা ২৩৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ২৭৩ রান ঢাকার। শামসুর (৬১), মেহরাব (৬৩) ও শুভাগতর (৬৫) ফিফটির পর ৪৪ রানে অপরাজিত মার্শাল আইয়ুব।