‘নেইমার বিক্রির জন্য নয়’
নেইমারের পেছনে রিয়াল মাদ্রিদ, চেলসির দৌড়াদৌড়ি তাহলে বৃথা যাবে? ব্রাজিলিয়ান এই তারকার ক্লাব সান্তোসের সভাপতি লুইস আলভেরো ডি অলিভেইরা রিবেইরোর বক্তব্য তা-ই বলে। রিবেইরো জানিয়েছেন, নেইমারকে বিক্রি করার কোনো পরিকল্পনাই সান্তোসের নেই। আরও কয়েক বছর নেইমার সান্তোসেই থাকবেন।গত সপ্তাহে সান্তোসকে চার যুগ পর দক্ষিণ আমেরিকান ক্লাব চ্যাম্পিয়নশিপ কোপা লিবার্তোদোরেস জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নেইমার। আজ শুরু হওয়া কোপা আমেরিকায় ব্রাজিলের অন্যতম বড় ভরসা এই প্রকৃতিদত্ত প্রতিভা। অনেক দিন ধরেই গুঞ্জন, ১৯ বছর বয়সী এই তারকা রিয়াল মাদ্রিদ, চেলসির মতো ক্লাবে চলে যেতে পারেন। প্রতিদিনই মিডিয়ায় এ নিয়ে হচ্ছে লেখালেখি।এরই জবাবে রিবেইরো বলেছেন, ‘আমাদের খেলোয়াড় নেইমারকে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে যা লেখা হচ্ছে, তার জবাবে এফসি সান্তোসের পক্ষ থেকে আমি বলতে চাই, নেইমারের সঙ্গে কৌশল, বিপণন এবং চুক্তিবিষয়ক কোনো আলোচনা করা যাবে না।’রিবেইরোর কথা, সব প্রস্তাব উড়িয়ে দিয়ে নেইমারকে ‘অনেক বছরের জন্য’ ধরে রাখার চেষ্টাই করবে সান্তোস। রয়টার্স।