'নেইমারের বিপক্ষে খেলেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দ্রে ডি সুজা
আন্দ্রে ডি সুজা

এবার আবাহনীতে দুজন ব্রাজিলিয়ান। তাঁদেরই একজন আন্দ্রে ডি সুজা চোখ কাড়বেন বলেই বিশ্বাস আকাশি নীল সংশ্লিষ্টদের। সাওপাওলোর এই ফুটবলার ঢাকায় এসে আবাহনীতেই পেয়ে গেলেন আরেক ব্রাজিলিয়ান ডি কাস্ত্রোকে। স্বদেশিকে ছাপিয়ে আকাশি নীলের মিডফিল্ডার ঢাকার মাঠে নিজেকে তুলে ধরতে উদগ্রীব
 ব্রাজিলের কোথায় আপনার বাড়ি?
আন্দ্রে ডি সুজা: সাওপাওলো।
 সাওপাওলোতে তো অনেক বিখ্যাত ফুটবলারের জন্ম। কাকা, কাফু, এই সময়ের তারকা নেইমার...
ডি সুজা: হ্যাঁ, হ্যাঁ, অনেক গ্রেট খেলোয়াড় এসেছে সাওপাওলো থেকে। ব্রাজিলের ফুটবলে সাওপাওলোর অনেক অবদান।
 আপনার সঙ্গে নেইমারের কখনো দেখা হয়েছে?
ডি সুজা: হয়েছে। আরে, আমি তো নেইমারের বিপক্ষে খেলেছি। সেটা অবশ্য স্কুলপর্যায়ে। বছর সাতেক আগে। এটা সাওপাওলাতেই।
 সেই নেইমার তো এখন অনেক বড় তারকা। নিশ্চয়ই নেইমারের বিপক্ষে খেলার স্মৃতিটা আপনাকে আনন্দ দেয়?
ডি সুজা: তা তো দেয়ই। তখন অবশ্য বুঝিনি নেইমার এত বড় খেলোয়াড় হবে। খুব একটা কথাবার্তাও হয়নি। এখনো তো ওর সঙ্গে দেখা করাও সহজ ব্যাপার নয়, তাই না? (হাসি)।
 তখন তো আপনার বয়স ২১। নেইমার ১৪। তা কোনো স্মৃতি মনে পড়ছে?
ডি সুজা: হুম...সে রকম কিছু নয়। সে সময় আমি সাওপাওলোর প্রথম বিভাগের দল পর্তুগিজায় খেলি। নেইমার সান্তোসে।

 সময়ের সঙ্গে আপনার ফুটবল জীবন অন্যদিকে বাঁক নিয়েছে। মানে বাংলাদেশে এলেন। এখানে এসে কেমন লাগছে?
ডি সুজা: বেশ ভালো। এখানকার মানুষ খুব বন্ধুপরায়ণ। তবে আমার এবং কাস্ত্রোর কাছে পরিবেশটা নতুন। খাওয়ায় সমস্যা হচ্ছে। এখানকার রাইচ, চিকেনই বেশি খেতে হচ্ছে। ব্রাজিলেও রাইচ আছে, তবে সেটা একটু ভিন্ন রকমের। এখাকার খাবারে ঝাল। তাই পেটে গন্ডগোল দেখা দিয়েছে আমার।
 একটা দিক থেকে তো ভালোই আছেন মনে হয়। রুমমেট একজন স্বদেশি...
ডি সুজা: কাস্ত্রোকে পেয়ে সময়টা ভালোই কাটছে। এখানে এসেই ওর সঙ্গে পরিচয়। আমরা একই ভাষায় কথা বলি (পর্তুগিজ)। তবে আমি ক্লাবে থাকতে চাই না। একটা অ্যাপার্টমেন্ট দরকার। যেখানে নিজের মতো করে থাকা যায়।
 আপনি এর আগে কোথায় কোথায় খেলেছেন?
ডি সুজা: হাঙ্গেরি, মাল্টা, স্লোভেনিয়া। গত বছর চারেক ধরে ইতালির ডিভিশস থ্রিতে খেলছি। এটা নিউ ভ্যানিস শহরের পাশেই। দারুণ একটা জায়গা।
 শুনেছি আপনি ইতালিয়ান পাসপোর্টধারী...
ডি সুজা: আমার আসলে ব্রাজিল-ইতালিয়ান দ্বৈত নাগরিকত্ব। তবে আমি একজন ব্রাজিলিয়ানই। ইতালিতে থাকি বলেই ওই দেশের পাসপোর্ট পেয়েছি (এখনো বিয়ে করেননি, সামনে করবেন)।
 আপনাদের খেলা দেখার বাড়তি আগ্রহ ঢাকার ফুটবল অনুরাগীদের । ব্রাজিলিয়ান ছন্দ দেখা যাবে খেলায়?
ডি সুজা: আমি চেষ্টা করব। যতটুকু পারি নিজকে মেলে ধরব। ফুটবলার হিসেবে যদি জিজ্ঞেস করেন আমার বিশেষত্ব কী? উত্তর—ফ্রিকিক। আমি ফ্রিকিক ভালো নিতে পারি। গত বছর পাঁচটা গোল শুধু ফ্রিকিক থেকেই করেছি। আবাহনীর জার্সি গায়েও সেই ধারা ধরে রাখার লক্ষ্য আমার।
 আগামী বছর বিশ্বকাপ হচ্ছে ব্রাজিলে। নিশ্চয়ই খুব উদ্দীপ্ত লাগছে?
ডি সুজা: ভীষণ, ভীষণ...। আমার বিশ্বাস, ব্রাজিল বিশ্বকাপ জিতবে ষষ্ঠবারের মতো। মাঠে বসেই সেই দৃশ্য দেখতে চাই।