'পঞ্চাশ' ফিরবে না, বলছেন পঞ্চাশেরই নায়ক!

মারাকানার ‘দুঃখ’ আর ফিরবে না। ১৯৫০ বিশ্বকাপের মতো আর দুঃস্বপ্নে ডুববে না ব্রাজিল। এমনটাই মনে করেন ১৯৫০ বিশ্বকাপে ‘মারাকানা ট্র্যাজেডি’র মূল চরিত্র উরুগুয়ের অ্যালিসিডেস ঘিগিয়া।
এবারের আগে একবারই বিশ্বকাপ আয়োজন করেছে ব্রাজিল। সেটা ১৯৫০ সালে। প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে শেষ ম্যাচে ড্রই যথেষ্ট ছিল। উদযাপনের সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল। ব্রাজিলীয়দের আত্মবিশ্বাস এতটাই বেশি ছিল যে ফাইনালের দিন (১৬ জুলাই) ‘ও মুন্ডে’ পত্রিকা ব্রাজিল দলের ছবি ছাপিয়ে শিরোনাম করে—এই দলটাই চ্যাম্পিয়ন! কিন্তু লাখো ব্রাজিলীয়কে স্তব্ধ করে উরুগুয়েকে শিরোপা এনে দিয়েছিলেন ঘিগিয়া।
৬৪ বছর পর আবারও বিশ্বকাপ ফিরেছে ব্রাজিলে। নেইমাররা কি পারবেন সেই ‘মারাকানাজো’ স্মৃতি মুছে ফেলতে? নেইমাররা পারবেন কি না সময়ই বলে দেবে। তবে ১৯৫০ সালে ব্রাজিলকে দুঃস্বপ্নে ডুবানো ঘিগিয়ার বিশ্বাস, ‘আমি বিশ্বাস করি, মারাকানাজো আর কখনোই ফিরে আসবে না।’
রিও ডি জেনিরোতে এক অনুষ্ঠানে এ কথাই বললেন ৮৭ বছর বয়সী ঘিগিয়া। এবার শিরোপা জিতে ব্রাজিলীয়রা ৬৪ বছর আগের ক্ষতে প্রলেপ দেবে, এমনটাই বিশ্বাস তাঁর, ‘আশা করছি, এবার বিশ্ব-সেরা হবে ব্রাজিল। ঘরের মাঠে প্রথমবারের মতো শিরোপা জয়ের আনন্দে মতে উঠবে ব্রাজিলীয়রা।’ সূত্র: এএফপি।