ঢাকায় আজ শুরু আট দলের এশিয়ান গেমস হকির বাছাইয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে—এমনই প্রত্যাশা হকি অঙ্গনের। বাংলাদেশ অধিনায়ক মামুনুর রহমানও (চয়ন) এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে চান
:এশিয়া কাপের বাজে ফলের পর এবার আরেকটি প্রতিযোগিতায় ঘরের মাঠে খেলা। কী ভাবছেন এশিয়ান গেমসের বাছাইপর্ব নিয়ে?

মামুনুর রহমান: ভাবনা একটাই—চ্যাম্পিয়ন হব। এর কোনো বিকল্প নেই। প্রতিটি ম্যাচই আমাদের জন্য ফাইনাল। সর্বশেষ টুর্নামেন্ট এশিয়া কাপে আট দলে সপ্তম হয়েছি। ওই দুঃখটা ঘোচাতে আমরা বদ্ধপরিকর।
:মাঠে তাহলে আমরা নতুন এক বাংলাদেশকে দেখব?
মামুনুর: অবশ্যই। আমরা প্রতিজ্ঞা করেছি, মাঠে সর্বস্ব দিয়ে চেষ্টা করব, চ্যাম্পিয়ন হব। এশিয়ান গেমসের আগের দুটি বাছাইও ঢাকায় হয়েছিল, প্রথমবার চ্যাম্পিয়ন হলেও গতবার আমরা পঞ্চম। এবার আমরা অনেক পরিশ্রম করেছি। মাঠে এর প্রতিফলন আপনারা দেখতে পারবেন আশা করি।
:এবার অনেক গুরুত্ব সহকারে নিচ্ছেন এই টুর্নামেন্টকে। কাগজে-কলমে ফেবারিট হওয়াই কি মূল কারণ?
মামুনুর: সবচেয়ে বড় কারণ—আমরা গত এশিয়া কাপের বাজে ফল থেকে বেরিয়ে আসতে চাই। তা ছাড়া কাগজে-কলমে আমরা ফেবারিট, এটাও ভুলে যাচ্ছি না। খেলোয়াড়েরা সবাই উদ্দীপ্ত। আমাদের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া খুবই জরুরি।
:অনেকে বলছেন, এখানে চ্যাম্পিয়ন হওয়া আপনাদের দায়িত্ব। আপনি কী বলেন?
মামুনুর: দায়িত্ব তো অবশ্যই। সে সম্পর্কে আমরা সজাগ, এটা দলের জন্য পজিটিভ দিক। তবে সিঙ্গাপুর-ওমানের মতো দলগুলো এগিয়ে যাচ্ছে। ওদের হালকা করে দেখার কোনো সুযোগ নেই। এই দুটি দলকে আমরা আলাদা গুরুত্ব দিচ্ছি। অন্য দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেললে আশা করি জিততে সমস্যা হবে না।
:গতবার এই প্রতিযোগিতায় বাংলাদেশ হেরে গিয়েছিল সিঙ্গাপুরের কাছে। নিশ্চয়ই তা ভোলেননি। তা ছাড়া এবার কাকে মূল প্রতিপক্ষ ভাবছেন?
মামুনুর: সিঙ্গাপুরের কাছে গতবারের হারের কথা মনে আছে। সে জন্য খেলোয়াড়দের বলেছি, এবার ভুল করা চলবে না। আর আমাদের মূল প্রতিদ্বন্দ্বী ভাবছি ওমানকে। এই দলটার সঙ্গে আমাদের কষ্টের স্মৃতি আছে। এশিয়ান গেমসে ওদের কাছে হেরেছি। সর্বশেষ এশিয়া কাপেও একই ফল। কাজেই ওমানকে এবার হারাতেই হবে।
:দলে সিনিয়র খেলোয়াড় আপনিসহ মাত্র তিন-চারজন। বলতে গেলে তারুণ্যনির্ভর নতুন একটা দল নিয়ে যাত্রা করছে বাংলাদেশ। একটু কি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে না?
মামুনুর: চ্যালেঞ্জিং তো বটেই। তবে আগে যেমন আমরা ভাবতাম, একটা পেনাল্টি কর্নার পেলে চয়ন গোল করে দেবে, জিমি দু-তিনটি ভালো মুভ করে একটা গোল করবে..., অমন ভাবনা এখন দলে নেই। আমরা একটা দল হিসেবে খেলব। নতুনরা ভালো করবে বলেই আমার বিশ্বাস। নৌ, সেনা ও বিমানবাহিনীর সম্মিলিত দলের সঙ্গে আজ (কাল) অনুশীলন ম্যাচে ৬ গোলে জিতলাম আমরা, এটা খেলোয়াড়দের আত্মবিশ্বাস জোগাচ্ছে।
:নিষিদ্ধ থাকা জিমি-জাহিদদের অভাব কি অনুভব করবেন?
মামুনুর: জিমি-জাহিদ ভাইরা নেই, তাঁদের অভাব অনুভব করব। তবে তাঁদের জায়গা তো পূরণ করতে হবে। নতুনদের নিয়েই এগিয়ে যেতে হবে এবং আমরা প্রস্তুত।
:কোচ নাভিদ আলম কী ধরনের হকি খেলাতে চান? বাংলাদেশ দলের কাছে দর্শক কেমন হকি দেখবে এই প্রতিযোগিতায়?
মামুনুর: গোছানো হকি। উদ্দেশ্যহীন লম্বা বল নয়, গুছিয়ে খেলতে হবে। এটাই কোচের মূল কথা। কোচ যা শিখিয়েছেন, আমরা এখন অন্ধের মতো সেটাই অনুসরণ করছি। দৃষ্টিনন্দন হকিই আশা করি উপহার দেব।