প্রতিটি বড় বড় প্রতিযোগিতায় মাঠের লড়াই শুরুর অনেক আগে থেকেই শুরু হয় কথার লড়াই, একে অপরের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা, আর কোনো দল জিততে পারে বা কার জেতার সম্ভাবনা বেশি—তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে চলতে থাকে নিরন্তর গবেষণা। অ্যাশেজ সিরিজে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মুখোমুখি হওয়ার আগেও এগুলো চলছে পুরোদমেই। সাম্প্রতিক ফর্ম, উইকেট, কন্ডিশন, এমনকি ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। জল্পনা-কল্পনার অন্ত নেই সিরিজের ফলাফল নিয়ে। সাম্প্রতিক পারফরম্যান্স আর ফর্মের বিচারে অনেকদিন পর অ্যাশেজ লড়াইয়ে ইংল্যান্ডকে ফেবারিট ধরা হচ্ছে। অস্ট্রেলিয়ার বাজে পারফরম্যান্সে খোদ অসি মিডিয়াতেই চলছে পন্টিং বাহিনীর মুণ্ডুপাত। অস্ট্রেলিয়ার অনেক পাড় সমর্থক তো বটেই অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্নের মতো কিংবদন্তিরাও অ্যাশেজে এগিয়ে রেখেছেন ইংল্যান্ডকেই। তবে অন্যদের সঙ্গে একমত নন জাস্টিন ল্যাঙ্গার। ক্রিকেটটা খুব ভালোমতো না বুঝে শুধু পত্র-পত্রিকার সমালোচনা অনুসরণ করাতেই অনেকে ইংল্যান্ডকে ফেবারিট মানছেন বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার। দুই দিন পরই ব্রিসবেনে শুরু হবে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। কথার লড়াই শেষ হয়ে অবশেষে মাঠের লড়াই শুরু হতে যাচ্ছে দেখে হাঁপ ছেড়ে বেঁচেছেন ল্যাঙ্গার। বিবিসির এক কলামে তিনি লিখেছেন, ‘সাফল্য ধরে রাখাটা সহজ কাজ না। কথার লড়াইয়ে এগিয়ে থাকা দলই যে অ্যাশেজ জিতবে এমনটা ভাবার কোনোই কারণ নেই। অ্যাশেজ তাঁরাই জিতবে, যাঁরা মাঠের বাস্তবতা বুঝে লড়াই চালিয়ে যেতে পারবেন। সাম্প্রতিককালে বাজে খেললেও অস্ট্রেলিয়ার চাপ সামলিয়ে ভালো করার সব ধরনের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ল্যাঙ্গার।ল্যাঙ্গার অবশ্য প্রথমেই স্বীকার করেছেন, এই মুহূর্তে কাগজ-কলমে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে রয়েছে। তিনি মনে করেন, ইংলিশদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসও সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন। স্ট্রাউসের ফর্মে থাকাটা ইংলিশদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন তিনি। স্ট্রাউস আর কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের মধ্যে ভালো বোঝাপড়াও তাঁদের শক্তির একটা অন্যতম দিক বলে উল্লেখ করেছেন তিনি। ইংল্যান্ডের টেস্টে এক নম্বর দলে পরিণত হওয়ার যে লক্ষ্য তাতে এই সিরিজটাকে তারা প্লাটফর্ম হিসেবে ব্যবহার করতে চান বলে মনে করেন ল্যাঙ্গার। কিন্তু অস্ট্রেলিয়া তাদের এই লক্ষ্য কোনোভাবেই পূরণ হতে দেবে না বলেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন তিনি। অসি অধিনায়ক রিকি পন্টিংকে তিনি শুধু ক্রিকেটেরই নয় বরং আধুনিক ক্রীড়া জগতেরই অন্যতম লড়াকু সৈনিকের মর্যাদা দিয়েছেন। আর তাঁর নেতৃত্বে অসিরা ইংল্যান্ডকে ধরাশায়ী করবে বলেই আশা ল্যাঙ্গারের।