‘পরিকল্পনা অনুয়ায়ী কোনো কিছু হচ্ছে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবেই কোপা আমেরিকা শুরু করেছিল আর্জেন্টিনা। প্রস্তুতি ম্যাচগুলোতে ভালো খেলে ফেবারিট তকমার যৌক্তিকতাও বেশ ভালোমতোই প্রমাণ করেছিলেন মেসি-তেভেজরা। কিন্তু মূল আসরে এখন পর্যন্ত সমর্থকদের শুধু হতাশাতেই ডুবিয়েছেন সার্জিও বাতিস্তার শিষ্যরা। গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচে এখনো জয়ের দেখা পাননি তাঁরা। যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, মাঠে সেগুলোর কোনোকিছুই ঠিকমতো বাস্তবায়ন করা যাচ্ছে না বলে স্পষ্টই স্বীকার করেছেন আর্জেন্টিনার কোচ।আজ কোপা আমেরিকার অফিসিয়াল ওয়েবসাইটে বাতিস্তা বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচগুলোতে আমরা যেভাবে খেলেছিলাম, এখানে সেইভাবে খেলতে পারিনি। কেউ এ ধরনের খেলা প্রত্যাশা করে না। কিন্তু আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, তার কোনোকিছুই কাজে লাগছে না।’গ্রুপ পর্বের দুইটা ম্যাচ ড্র করার পর এখন প্রথম রাউন্ড থেকেই লজ্জাজনক বিদায়ের আশঙ্কা ভর করেছে আর্জেন্টিনা সমর্থকদের মনে। এ ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য কোস্টারিকার বিপক্ষে শেষ ম্যাচটা জিততেই হবে স্বাগতিকদের। তবে প্রথম দুই ম্যাচে আশানুরূপ পারফরমেন্স দেখাতে না পারলেও শিষ্যদের ওপর থেকে আস্থা হারাচ্ছেন না বাতিস্তা। পরবর্তী ম্যাচের জন্য দলে কোনো পরিবর্তন আনার কথা ভাবছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি এখনো এই দলের খেলোয়াড়দের ওপরই আস্থা রাখছি। তারা খুবই ভালো ফুটবলার। এখন পরবর্তী ম্যাচের জন্য আমাদের শান্ত থাকতে হবে। বড় কোনো পরিবর্তন আমরা আনব না। আমাদের মনে করতে হবে যে এটা একটা ফাইনাল ম্যাচ। মাঠেও সেভাবেই নিজেদের সেরাটা খেলারই চেষ্টা করতে হবে।’ ইএসপিএন।