‘পরিস্থিতি বুঝে উঠতে পারিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ সফরে গিয়ে খারাপ খেলে আসার অভিজ্ঞতা তাঁর নেই বললেই চলে। ‘এ’ দলের ইংল্যান্ড সফরে সে অভিজ্ঞতাও হয়ে গেছে। তবে নিজের পারফরম্যান্সে খুশি হতে না পারলেও ইংল্যান্ডের অভিজ্ঞতাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন সোহাগ গাজী কেমন কাটল ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফর?সোহাগ গাজী: ভালোই...অনেকগুলো ম্যাচ হারলেও শিখেছি অনেক কিছু। এটা ছিল আমার প্রথম ইংল্যান্ড সফর। শেখার জন্য খুবই ভালো ছিল সিরিজটা। অনেক কিছু শিখেছি, জেনেছি। কী শিখলেন বা জানলেন, একটু কি ব্যাখ্যা করবেন?সোহাগ: একে তো ওখানকার উইকেট-আবহাওয়া পুরোই ভিন্ন। ঘণ্টায় ঘণ্টায় উইকেটের আচরণ বদলায়। তার ওপর পুরো সফরেই ছিলাম জার্নির মধ্যে। আটটা ম্যাচ খেলেছি সাত মাঠে। প্রতি ম্যাচের আগেই মাঠ আর উইকেটের সঙ্গে নতুন করে মানিয়ে নিতে হয়েছে। ওদের ব্যাটসম্যানদের দেখেও অনেক কিছু শেখার আছে। উইকেট হাতে রেখে খেলতে চায় ওরা। পরিস্থিতি অনুযায়ী খেলার ধরনই বদলে ফেলে। সাত ম্যাচে ৫ উইকেট পেয়েছেন। নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট?সোহাগ: সন্তুষ্ট তো অবশ্যই না। এই প্রথম কোনো সফরে এত কম উইকেট পেলাম। তবে এটারও বোধ হয় দরকার ছিল আমার জন্য। ভালো কিছু পেতে পেতে খারাপ পরিস্থিতিটা কেমন হয়, তা-ও জানলাম। এই অভিজ্ঞতাও কাজে লাগবে। তা ছাড়া ও-রকম আবহাওয়ায় এই প্রথম খেললেও আমাকে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে বল করতে হয়েছে। ৪৮-৪৯তম ওভারে আগে কখনো বল করিনি, ওখানে গিয়ে করেছি। আপনি না হয় প্রথম গেছেন ইংল্যান্ডে, দলের অনেকে তো আগেও গেছেন। দলের পারফরম্যান্স এত খারাপ হলো কেন?সোহাগ: জার্নি একটা কারণ হতে পারে। এমন দিনও গেছে, কোনো একটা ভেন্যুতে গিয়ে ব্যাগও খোলা হয়নি ঠিক করে, আমরা আরেক জায়গায় চলে গিয়েছি। আমার মনে হয়, কিছু বোঝার আগেই সব ঘটে গেছে। পরিস্থিতি বুঝে উঠতে পারিনি। একটা মাঠের উইকেট বোঝার আগেই আরেক মাঠে খেলতে নেমেছি। তবে প্রতিটা ম্যাচেই আমাদের শুরু ভালো হয়েছে। উল্টাপাল্টা হয়েছে পাওয়ার প্লেতে গিয়ে। আপনাদের স্পিন কোচ সাকলায়েন মুশতাক তো ইংল্যান্ডেই থাকেন। দেখা হয়েছে?সোহাগ: হ্যাঁ, ওখানে যাওয়ার পর টেলিফোনে নিয়মিতই কথা হতো। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচে মাঠে এসেছিলেন। ওই ম্যাচে অবশ্য আমি খেলিনি। ইংলিশ কন্ডিশনে কীভাবে বল করতে হবে, এসব নিয়ে কথা হয়েছে?সোহাগ: ওই আবহাওয়ায় স্পিনারদের জন্য বল করা কঠিন। সাকলায়েন ভাই সেসব নিয়ে কিছু টিপস দিয়েছেন...কী করলে আরও ভালো হবে। উনি একটা কথাই বলেছেন—ব্যাটসম্যান কী করতে চাচ্ছে, সেটা বুঝে বল করো। দেশে তো লটারির ‘দলবদল’ হয়ে গেল। কীভাবে দেখছেন এটাকে?সোহাগ: এবার লিগই হবে না ভেবেছিলাম। তা-ও তো হচ্ছে। তবে টাকাপয়সা পাওয়ার গ্যারান্টি থাকলে ভালো হয়। বিপিএলে মাত্র ২৫ ভাগ টাকা পেলাম। জানিও না, সিলেট রয়্যালসের এখন কী অবস্থা। প্রিমিয়ার লিগেও একই অবস্থা হয় কি না, কে জানে! নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতির জন্য কীভাবে নিচ্ছেন লিগটাকে?সোহাগ: সেদিক দিয়ে অনেক ভালো একটা সুযোগ এটা। তবে অনেক দিন পর টেস্ট খেলব বলে আমাদের লাল বলে ম্যাচ খেলাও জরুরি। তিন দিনের একটা প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা আছে, সেটা হলে ভালো। আমাদের আসলে প্রচুর ম্যাচ খেলা উচিত। ইংল্যান্ড সফরের এটাও একটা শিক্ষা। ওরা ভালো খেলবে না কেন? সারা বছরই তো খেলার মধ্যে থাকে। আমাদেরও সেটাই দরকার।