‘পরের ম্যাচ পর্যন্ত ক্যাপ্টেনসি করছি, এটুকুই জানি’
আবার মাশরাফির চোটের কারণে আপনি অধিনায়ক। কী মনে হচ্ছে, আবারও কি তাহলে ওয়েস্ট ইন্ডিজের মতো সিরিজ জিতবে বাংলাদেশ?সাকিব আল হাসান: সিরিজ নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য প্রতি ম্যাচেই উন্নতি করা। সে হিসেবেই আগামীকাল চেষ্টা করব আগের ম্যাচের চেয়ে ভালো করতে। সেটা করতে পারলে জিততেও পারি। অধিনায়কত্ব ছাড়ার সময় বলেছিলেন ‘উপভোগ করছি না।’ এখন আবার দলের প্রয়োজনে করতে বাধ্য হচ্ছেন। এভাবে বাধ্য হয়ে অধিনায়কত্ব করাটা কি উপভোগ করা যায়?সাকিব: আসলে পরের ম্যাচ পর্যন্ত ক্যাপ্টেনসি করছি, এটুকুই জানি। তা ছাড়া বোর্ডের কাছে সময়ও তো বেশি ছিল না। তাই বেশি কিছু ভাবছি না। তা ছাড়া ভাবার সময়ও তো নেই। আপাতত পরের ম্যাচটা পর্যন্ত করি, তাহলে তাদের (বোর্ড) জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। এ জন্যই পরের ম্যাচটা পর্যন্ত করা। তার মানে দ্বিতীয় ম্যাচের পর আর অধিনায়কত্ব করতে চান না?সাকিব: এটা বোর্ডের সিদ্ধান্ত, বোর্ড নেবে। আমাকে যদি জিজ্ঞেস করে, তাহলে আমি আমার সিদ্ধান্ত জানাব। আপনাকে জিজ্ঞেস করলে কী বলবেন? সাকিব: সেটা তখনই বলব। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি আবারও দলকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ, চাপ মনে হচ্ছে না?সাকিব: আসলে চিন্তা করলেই চ্যালেঞ্জ। আমি ওসব নিয়ে তাই চিন্তাই করছি না। আমি প্রথমে দলের একজন ক্রিকেটার, আমার প্রথম কাজ ব্যাটিং-বোলিং করা। তার পরও যদি বাড়তি কিছু থাকে, তাহলে করার চেষ্টা করব। চেষ্টা করব দলের জন্য কিছু করার। দলের জন্য যদি এক রানও করতে পারি বা একটা রানও সেভ করতে পারি, সেটাই অনেক আমার কাছে। প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস এখন তুঙ্গে থাকার কথা। অথচ বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ নিয়ে এখন অনিশ্চয়তা। দলের সবাই নিশ্চয়ই হতাশ?সাকিব: খেলার ইচ্ছে তো সবারই আছে, সিরিজের একটা ম্যাচ কে মিস করতে চায়। সিরিজ শুরুর অনেক আগে থেকেই ট্রেনিং শুরু হয়েছে, সবাই অনেক কষ্ট করেছে। অনেকেরই এই সিরিজে অনেক লক্ষ্য আছে। সিরিজে একটা ম্যাচ কম খেললে অনেকের পরিকল্পনায় একটু পরিবর্তন আনতে হবে। এ জন্যই কেউ কম খেলতে চায় না। সবাই খেলার জন্য আগ্রহী। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের সিরিজেও বাংলাদেশ প্রথম ম্যাচ জিতেছিল, কিন্তু সিরিজ জিততে পারেনি। এবার কি অন্যরকম কিছু হবে?সাকিব: এই সিরিজেও ওটাই হতে পারে, আবার না-ও হতে পারে। যদি আমরা আরও উন্নতি করতে পারি, তাহলে হয়তো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলা সম্ভব। প্রথম ম্যাচটা হারায় নিউজিল্যান্ড নিশ্চয়ই আরও ফোকাসড থাকবে। ওদের গেম প্ল্যান নিয়ে ওরা অনেক সিরিয়াস থাকবে, প্ল্যানগুলো কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করবে। আমাদের জন্য কাজটা অবশ্যই খুব কঠিন হবে। আমরা চাইব, আমাদের খেলাটাকে আরও একটু ওপরে তুলে নিতে। দ্বিতীয় ম্যাচটা জিততে পারলে তো সিরিজ জয়ের ভালো একটা সুযোগ এসে যাবে...সাকিব: এভাবে চিন্তা করলে তো অবশ্যই একটা বড় ব্যাপার। আমরা যদি পরের ম্যাচটা ভালো খেলতে পারি এবং জিতি, তাহলে সিরিজ জয়ের একটা ভালো সুযোগ আসবে। আমাদের লক্ষ্য থাকবে, শুরুটা ভালো করা। শুরু ভালো করার পর আমরা যদি ধরে রাখতে পারি, তাহলে জেতা সম্ভব। যদি ম্যাচ হয়, তাহলে পেসার কে কে খেলবে?সাকিব: এখন পর্যন্ত আমি যত দূর জানি, আমরা দুই পেসার নিয়ে খেলব। সে ক্ষেত্রে শফিউল এখন পুরোপুরি ফিট। ও খেলবে, আর খেলবে রুবেল। গত ম্যাচে মিডল-অর্ডার খুব ভালো করেনি, বেশ কজন সেট হয়ে আউট হয়ে গেছে। তাঁদের কী বলেছেন বা বলবেন?সাকিব: আসলে সবাই সবার ভুলগুলো ধরতে পারছে। আমিও যেমন জানি, তেমনি যারা ভুলগুলো করেছে, তারাও জানে। রকিবুল, জুনায়েদ, মুশফিক ভাই সেট হয়ে আউট হয়েছে। সবাই দায়িত্ব সম্পর্কে সচেতন। হয়তো একই ভুল পরের ম্যাচগুলোয় আর করবে না। দ্বিতীয় ম্যাচ নিয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা কি আছে?সাকিব: সেটা বলে দিলে তো ওরা জেনে যাবে, তাই না? তামিম, আশরাফুল, মাশরাফি ছাড়াই আমরা প্রথম ম্যাচ জিতলাম। দলের জন্য এটা কি ইতিবাচক দিক?সাকিব: আমি আসলে কিছুদিন ধরেই বলছিলাম যে, দলে এখন অনেক ম্যাচ উইনার। এক-দুজন নয়, বেশ কয়েকজন এখন ম্যাচ জেতাতে পারে। নাঈম ভাই ম্যাচ জিতিয়েছে, রিয়াদ ভাই জিতিয়েছে, রাজ ভাই (রাজ্জাক) জিতিয়েছে। একেক দিন আমাদের এখন একেকজন ম্যাচ জেতাচ্ছে। এটা অবশ্যই আমাদের জন্য আশার ব্যাপার। দলের নিয়মিত কয়েকজন ছাড়া আমরা জিতছি, অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক ব্যাপার। দল ১-০-তে এগিয়ে, ভেট্টোরির সঙ্গে আপনার যে অলিখিত একটা ব্যক্তিগত লড়াই, সেটাতেও ১-০। দলের মতো আপনিও নিশ্চয়ই এই লড়াইয়ে ২-০-তে এগিয়ে যেতে চান?সাকিব: আসলে এসব নিয়ে আমি কখনোই চিন্তা করি না। আমার লক্ষ্য প্রতি ম্যাচেই দলের জন্য ভালো পারফর্ম করা। সেটা যদি না পারি, তাহলে আরও বেশি করে চেষ্টা করি।