'পর্তুগালে'র রোনালদো নিজেই যখন আস্থাহীন

শেষ মুহূর্তে রোনালদোর ক্রস থেকে ভারেলার গোল। তাতেই পর্তুগাল-যুক্তরাষ্ট্র ম্যাচ ড্র। না, প্রায় হারতে বসা ম্যাচ ড্র করে পর্তুগাল বেঁচে উঠেছে এ কথা বলা যাবে না। এ বরং আইসিইউতে অপেক্ষার প্রহর গোনা। হ্যঁা, কোমায় চলে গিয়েও কতজন অবিশ্বাস্যভাবে ফিরে আসেন। খুব ক্ষীণ একটা সম্ভাবনা আছে পর্তুগালেরও। তবে সেটা শুধু অঙ্কের হিসাবে। বাস্তবে এমন অবিশ্বাস্য কিছুর প্রত্যাশা করছেন না এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোও। পর্তুগালকে নিয়ে তাই স্বপ্নের ফানুস ওড়াতে চান না দেশটির অধিনায়ক।
শেষ ম্যাচে ঘানার বিপক্ষে জিতলেও অনেক ‘কিন্তু’ ‘যদি’র ভরসায় থাকতে হবে পর্তুগালকে। সম্ভাবনা এত ক্ষীণ বলেই আগে থেকে বাস্তববাদী হয়ে গেলেন রোনালদো, ‘এটা অলৌকিক কিছু নয়। আমরা জানতাম, কঠিন গ্রুপে আছি এবং সম্ভবত অন্য দলগুলো আমাদের চেয়ে ভালো। কখনোই ভাবিনি, বিশ্ব চ্যাম্পিয়ন হব। নিজেদের অবস্থানটা বুঝতে হবে আমাদের। আমি ভণ্ড নই, কখনোই ভাবিনি, বিশ্বকাপের জয়ের সামর্থ্য আমাদের আছে।’
নিজে এ মুহূর্তে ফিফা বর্ষসেরা ফুটবলার। ফুটবল ইতিহাসেরও অন্যতম সেরা। তবে রোনালদোর দল পর্তুগাল কখনোই ফুটবলের পরাশক্তি হয়ে উঠতে পারেনি। সত্যটা জানেন বলেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ শেষে তাঁর স্বীকারোক্তি, ‘আমাদের সম্ভাবনা খুবই ক্ষীণ। পর্তুগাল গড়পড়তা দল। আমি যদি বলি পর্তুগাল পরাশক্তি, সেটা হবে মিথ্যা কথা। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে আবার আমরা সেরা ছন্দেও নেই। বড় দলগুলোর বিপক্ষে সেই সীমাবদ্ধতাগুলো বেরিয়ে আসাটাই স্বাভাবিক। এমন দল নিয়ে বড় দলগুলোকে হারানো সম্ভব নয়।’
বিশ্বকাপের শুরু থেকেই রোনালদোর ফিটনেস নিয়ে চলছে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না, এ নিয়েও সংশয় ছিল। তবে নিজের ফিটনেসকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না পর্তুগিজ অধিনায়ক, ‘নিজের শারীরিক সমস্যা দিয়ে পারফরম্যান্সের বিচার করতে আমি চাই না। আমি খেলছি, লড়াই করছি, দৌড়াচ্ছি, সেরাটাই দেওয়ার চেষ্টা করছি। নিজের সমস্যার কথা বলার কোনো মানে হয় না। প্রতিদিন আমার সম্পর্কে কাগজে কত কথা লেখা হয়। সব কথার জবাব দিতে চাই না।’
জার্মানির বিপক্ষে লজ্জাজনক হারের পর পরশু পিছিয়ে থেকে কোনোরকমে ড্র। প্রশ্ন উঠছে তাই পর্তুগিজ খেলোয়ারদের মাঠে শরীরী ভাষা নিয়েও। তবে শরীরী ভাষা নয়, সামর্থ্যের সীমাবদ্ধতাকেই দুর্বল পারফরম্যান্সের কারণ মনে করেন রোনালদো, ‘আমি মনে করি না খেলোয়াড়দের শরীরী ভাষায় কোনো সমস্যা ছিল। এখানে প্রতিটি দলই জিততে এসেছে। আমরা জানতাম, আমরা ফেবারিট নই। সেটা কখনোই ছিলামও না।’ গোল ডটকম।