‘পর্যটক’ ইব্রার ডেরা এবার পিএসজি
‘থিয়াগো সিলভা ও ইব্রাহিমোভিচের জন্য প্যারিস সেন্ট জার্মেইয়ের প্রস্তাব আমরা গ্রহণ করেছি’—এসি মিলানের মালিক-সভাপতি সিলভিও বেরলুসকোনির কথাটাই সত্যি হলো। গত ১৪ জুলাই চুক্তিপত্রে স্বাক্ষর করে পাঁচ বছরের জন্য প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে গেছেন থিয়াগো সিলভা। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের পথ ধরে ফরাসি ক্লাবটিতে পাড়ি জমালেন জ্লাতান ইব্রাহিমোভিচও।কথাবার্তা চূড়ান্ত হওয়ার পর গতকাল পিএসজিতে ডাক্তারি পরীক্ষাটাও হয়ে গেছে এই সুইডিশ স্ট্রাইকারের। চুক্তিপত্রে সই করার আনুষ্ঠানিকতা এবং পিএসজির খেলোয়াড় হিসেবে ইব্রাহিমোভিচের প্রথম সংবাদ সম্মেলনটাও কাল হয়ে যাওয়ার কথা। ডাক্তারি পরীক্ষার জন্য কাল সকালেই প্যারিস হাসপাতালে যান ৩০ বছর বয়সী তারকা।চুক্তির পরই ইব্রাহিমোভিচ হয়ে যাচ্ছেন ফ্রেঞ্চ লিগ ওয়ানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। বছরে বেতন পাবেন এক কোটি ৫০ লাখ ইউরো।জীবনের তুলনায় ভ্রমণটা যেন বেশিই হলো ইব্রার। ১৯৯৯ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন স্বদেশি ক্লাব মালমো এফএফের হয়ে। পরে আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা হয়ে ২০১০ সালে ঠিকানা করেন এসি মিলানকে। অমিয় প্রতিভা তো ছিলই, ইব্রাহিমোভিচ সব সময় যেন ভাগ্যকেও পাশে পান। যেখানেই গেছেন, উড়িয়েছেন সাফল্যের পতাকা। লিগ জিতেছেন দেশের বাইরে খেলা সব ক্লাবের হয়েই! দেশের বাইরের ১১ বছরের ক্যারিয়ারে লিগ শিরোপা জিতেছেন আটবারই!বিস্ময়কর এই সাফল্যের মধ্যেও একটা হাহাকার আছে। এখনো পাওয়া হয়নি চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। এই জায়গাটায় এসে ইব্রাহিমোভিচের মনের ক্ষুধাটা মিলে যাচ্ছে নতুন ঠিকানা পিএসজির সঙ্গেও। গত মৌসুমে ফ্রান্সের লিগ ওয়ানে রানার্সআপ হয়ে ১৯৯৪ সালের পর এবার চ্যাম্পিয়নস লিগে খেলার ছাড়পত্র পেয়েছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগে ভালো করার আশাতেই ফরাসি ক্লাবটি দলে বসাচ্ছে তারার মেলা। কাতারি ধনকুবের নাসের আল খেলাইফি মালিকানা কেনার পর গত মৌসুমেই বড় অঙ্কের চুক্তিতে পিএসজি দলে টেনেছে হাভিয়ের আর্জেন্টাইন প্লে-মেকার হাভিয়ের পাস্তোরে, ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যালেক্স এবং মিডফিল্ডার থিয়াগো মোত্তাকে। এবার? এজেকুয়েল লাভেজ্জি, থিয়াগো সিলভার পর ইব্রাহিমোভিচও উঠলেন পিএসজির তাঁবুতে। এএফপি, রয়টার্স।