‘পাকিস্তান ক্রিকেটে বিপ্লব দরকার’
পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খান বলেছেন, ক্রিকেটে স্পট ফিক্সিংজাতীয় দুর্নীতিগুলো প্রমাণ করা খুবই কঠিন। তাই আইসিসির উচিত ক্রিকেট থেকে দুর্নীতি দূর করার জন্য নিজেদের আরও শক্তিশালী করে গড়ে তোলা। সম্প্রতি সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান হাশান তিলকরত্নের মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে ক্রিকেট বিশ্বে। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য তিলকরত্নে বলেছেন, প্রায় দুই যুগ ধরেই শ্রীলঙ্কা ক্রিকেট দল ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। ইমরান খান এ সম্পর্কে সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে আসলেই আমার কোনো জ্ঞান নেই। আসলে ক্রিকেটে দুর্নীতি হয় খুব ছোট পরিসরে, লোকচক্ষুর আড়ালে। এগুলো ধরা খুবই কঠিন। অভিযোগ করা যায়, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ হাজির করা কঠিন।’ইমরান খান বলেন, যদি আইসিসি ক্রিকেট থেকে দুর্নীতি দূর করতে চায়, তাহলে তাদের বিশেষ ব্যবস্থা নিতে হবে। প্রতিটি দলের খেলোয়াড়দের ব্যাংক হিসেবে খতিয়ে দেখার ব্যবস্থা নিতে পারে আইসিসি।ইমরান খানের মতে, পাকিস্তানের ক্রিকেটে এই মুহূর্তে একটি বিপ্লব দরকার। এমন বিপ্লব, যা পরিবর্তিত করে দেয় সবকিছু। এমন কিছু ঘটলেই কেবল সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে পাকিস্তান ক্রিকেট।