'পাকিস্তান সেমিফাইনালের যোগ্য না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের খেলা নিয়ে হতাশ ওয়াকার। ছবি: এএফপি।
দলের খেলা নিয়ে হতাশ ওয়াকার। ছবি: এএফপি।

ওয়াকার ইউনিসের বিরক্তির সীমা নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা তাঁর দেশ যেভাবে হারল, তাতে কোচ হিসেবে ওয়াকার মুখ লুকাচ্ছেন লজ্জায়। ম্যাচ শেষে ক্ষুব্ধ ওয়াকার বলেছেন, ‘পুরো দল প্রতিযোগিতায় যে ধরনের ক্রিকেট খেলেছে, তাতে কোনোভাবেই এরা সেমিফাইনাল খেলার যোগ্য হতে পারে না।’
নিউজিল্যান্ডের ১৮০ রান তাড়া করতে গিয়ে শেরজিল খানের দুর্দান্ত ব্যাটিংয়ে একটা পর্যায়ে জয়ের পথেই ছিল পাকিস্তান। কিন্তু ৮ ওভারের পর থেকেই কী যেন হয়ে গেল তাদের। টি-টোয়েন্টি ক্রিকেটে যে চার-ছয়ের ভূমিকা অপরিসীম, সেটাই যেন ভুলে গেল পাকিস্তানিরা। আহমেদ শেহজাদ, উমর আকমলের মতো ‘মারকুটে’ ব্যাটসম্যানরাও শুরু করে দিলেন ঠুকঠুক। নিউজিল্যান্ডের বোলারদের কৃতিত্ব দিয়েও ওয়াকার ধুয়ে দিয়েছেন শেহজাদ ও উমরকে, ‘এই সময় পাকিস্তান দলের তথাকথিত দুই উদীয়মান তারকা ব্যাট করছিল। যথেষ্ট সময় ব্যাট করেও তারা কিছু করতে পারেনি। অথচ একটা সময় প্রত্যাশা করেছিলাম, এরা হয়তো ম্যাচ বের করে ফেলবে। কিন্তু তারা তা পারেনি।’
দলের খেলোয়াড়দের একই ভুল বারবার করা দেখে প্রচণ্ড বিরক্ত ওয়াকার, ‘ব্যাটসম্যানদের একই ভুল করতে দেখাটা খুবই বেদনাদায়ক। আমার মনে হয় নির্বাচক ও ক্রিকেট বোর্ডের সময় এসেছে এ ব্যাপারে কিছু করার। এই খেলোয়াড়দের পারফরম্যান্স মোটেও যথেষ্ট নয়।’

ওয়াকার ক্ষোভের সঙ্গে বলেন, ‘ম্যাচের একটা পর্যায়ে আমরা এমন অবস্থানে ছিলাম, যেখান থেকে এক-দুই রান করে নিলেই আমরা ম্যাচটা জিতে যেতাম। কিন্তু আমরা আসলেই ভালো নই। বারবার তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু খেলোয়াড়দের তো ব্যাপারটা অনুধাবন করতে হবে যে তারা পাকিস্তানের জন্য খেলছে।’
পাকিস্তান অবশ্য এখনো টিকে আছে টুর্নামেন্টে। এখনো সেমিফাইনালে আশা তারা করতেই পারে। কিন্তু ওয়াকার যে নিজেই বলছেন, এই দল সেমিফাইনালের যোগ্য নয়! সূত্র: জি নিউজ।