‘পাকিস্তানপন্থী’ গাভাস্কার
সাড়ে তিন বছর হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট হয় না পাকিস্তানে। কোনো দলই যায় না, ‘চিরশত্রু’ ভারতের তো প্রশ্নই ওঠে না। কিন্তু ক্রিকেটের কাজেই শিগগিরই পাকিস্তানে যেতে পারেন এই ভারতীয় গ্রেট! পাকিস্তান ক্রিকেট লিগে (পিপিএল) নানা দেশের ক্রিকেটারদের মেলা বসাতে চায় পিসিবি। এই টুর্নামেন্টকে ঘিরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর স্বপ্নও দেখছে বোর্ড। আর এই পুরো প্রক্রিয়াটার সঙ্গে যুক্ত থাকবেন বলে কথা দিয়েছেন সুনীল গাভাস্কার!পিপিএল নিয়ে অনেক হইচই হলেও এখনো তা মাঠে নামাতে পারেনি পিসিবি। তবে এবার নামছে আটঘাট বেঁধে, চেষ্টা করছে কাঠামো দাঁড় করানোর। এরই অংশ হিসেবে পিসিবির প্রধান জাকা আশরাফ সম্প্রতি দীর্ঘ সময় কথা বলেছেন ওয়াসিম আকরাম ও গাভাস্কারের সঙ্গে। লিটল মাস্টারকে পাকিস্তানে আসার আমন্ত্রণও জানিয়েছেন আশরাফ। অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের খবর, গাভাস্কার আমন্ত্রণ সাদরে গ্রহণ করে আশরাফকে টুর্নামেন্ট আয়োজনে সব রকম সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সাবেক টেস্ট ক্রিকেটারদের এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত করতে চেষ্টা করে যাবেন বলেও জানিয়েছেন গাভাস্কার। আর আকরাম তো সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেনই। এই টুর্নামেন্ট সত্যিই সফল হলে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পথে সেটা হবে বড় এক পদক্ষেপ। ভারত-পাকিস্তান সিরিজ আবার মাঠে গড়াচ্ছে, দল ভালো খেলছে—সব মিলিয়ে মেঘ সরিয়ে একটু একটু করে যেন সূর্য উঁকি দিচ্ছে পাকিস্তানের ক্রিকেটাকাশে। ওয়েবসাইট।