'পাকিস্তানি'র হাতে নাকাল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান মাসুদকে দিয়ে শিকার শুরু ইমরান তাহিরের। পরে আরও ৪ উইকেট নিয়েছেন প্রোটিয়া স্পিনার, পাকিস্তান অলআউট ৯৯ রানেই  এএফপি
শান মাসুদকে দিয়ে শিকার শুরু ইমরান তাহিরের। পরে আরও ৪ উইকেট নিয়েছেন প্রোটিয়া স্পিনার, পাকিস্তান অলআউট ৯৯ রানেই এএফপি

দুবাই টেস্টটাকে এমনিতেই হয়তো মনে রাখতেন ইমরান তাহির। এই ম্যাচ দিয়েই যে ১১ মাসের নির্বাসন কাটিয়ে ফিরলেন টেস্ট ক্রিকেটে। দুবাইয়ের এই ম্যাচেই যে প্রথম খেলা হলো জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচকে মনে রাখার আরেকটি উপলক্ষও পেয়ে গেলেন কাল দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পেলেন ৫ উইকেট। লাহোরে জন্ম নেওয়া তাহিরের ঘূর্ণি বলেই কাল বিপর্যস্ত পাকিস্তান অলআউট মাত্র ৯৯ রানে। এরপর ৩ উইকেটে ১২৮ রান তুলে প্রথম দিন শেষে ২৯ রানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
প্রথম ১১ ম্যাচে মাত্র ২৬ উইকেট, যার সর্বশেষটিতে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬০ রান দিয়ে উইকেটশূন্য। ৩৪ বছর বয়সী সেই তাহিরই কাল দেখলেন মুদ্রার উল্টো পিঠ। প্রথম সেশনের শেষ ১০ মিনিটে ৩ উইকেট, লাঞ্চের পর দ্রুত আরও ২ উইকেট। হ্যামস্ট্রিংয়ের চোটে খেলা নিয়ে সংশয় ছিল যাঁর, সেই ডেল স্টেইনও ধ্বংসযজ্ঞে যোগ দিলেন। ফল, ২০০৯ সালের জানুয়ারি পর সপ্তমবারের মতো ১০০-এর নিচে শেষে পাকিস্তানের ইনিংস। ৩৮ রানে ৩ উইকেট নিয়েছেন বিশ্বসেরা বোলার। পরে ‘নৈশপ্রহরী’ হিসেবে নেমে ব্যাট হাতেও ৩ রানে অপরাজিত আছেন স্টেইন। সঙ্গী অধিনায়ক গ্রায়েম স্মিথ অপরাজিত রয়েছেন ক্যারিয়ারের ৩৮তম ফিফটি করে।
সকালে পাকিস্তানের জন্য মনে রাখার মতো একটা ব্যাপারই ছিল, টস জয়। এরপর শুধুই দুঃস্বপ্ন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান খুররম মনজুর কোনো রান না করেই আউট দিনের দ্বিতীয় বলে। সেই শুরু, এরপর লাঞ্চের আগে ৬০ রানেই নেই ৬ উইকেট। এই ৬ উইকেটের তিনটি আবার পড়েছে ঠিক ৬০ রানেই। ৭৬ রানে ৯ উইকেট হারানো দলটি ৯৯ পর্যন্ত যেতে পেরেছে জুলফিকার বাবরের কারণে। মাত্রই দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই বোলারই ২৫ রান করে কাল পাকিস্তানের সেরা ব্যাটসম্যান।
গত বছর এই দুবাইয়েই সে সময়ের এক নম্বর দল ইংল্যান্ডের বিপক্ষে ৯৯ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তানের প্রথম ইনিংস। তবে ম্যাচটা শেষ পর্যন্ত ৭১ রানে জিতেছিল পাকিস্তানই। সিরিজে ১-০-তে এগিয়ে থাকা পাকিস্তানের এখন ওই স্মৃতিটাই প্রেরণা। এএফপি, ওয়েবসাইট।
স্কোরকার্ড
টস: পাকিস্তান
পাকিস্তান ১ম ইনিংস
রান বল ৪ ৬
মনজুর ক ডু প্লেসিস ব স্টেইন ০ ২ ০ ০
মাসুদ ব তাহির ২১ ৬০ ১ ০
আজহার এলবিডব্লু ব মরকেল ১৯ ৫৪ ০ ০
ইউনিস ক ডি ভিলিয়ার্স ব স্টেইন ১০ ২৬ ০ ০
মিসবাহ এলবিডব্লু ব তাহির ২ ৭ ০ ০
শফিক ব তাহির ১০ ১৯ ২ ০
আদনান ব তাহির ০ ৩ ০ ০
আজমল রানআউট ০ ২ ০ ০
বাবর অপরাজিত ২৫ ৩৩ ৩ ০
ইরফান ব তাহির ০ ২ ০ ০
জুনাইদ ব স্টেইন ৪ ১২ ০ ০
অতিরিক্ত (বা ৫, লেবা ৩) ৮
মোট (৩৬.৪ ওভারে অলআউট) ৯৯
উইকেট পতন: ১-০, ২-৩৮, ৩-৫২, ৪-৬০, ৫-৬০, ৬-৬০, ৭-৬৪, ৮-৭৬, ৯-৭৬।
বোলিং: স্টেইন ১৩.৪-২-৩৮-৩, ফিল্যান্ডার ৫-২-৯-০, মরকেল ৫-১-১২-১, তাহির ১৩-৩-৩২-৫।
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস
পিটারসেন এলবিডব্লু ব বাবর ২৬ ৩৬ ৪ ০
স্মিথ ব্যাটিং ৬৭ ১৩৮ ৪ ০
এলগার ক আজহার ব আজমল ২৩ ৭০ ২ ০
ক্যালিস এলবিডব্লু ব আজমল ৭ ৩০ ০ ০
স্টেইন ব্যাটিং ৩ ২০ ০ ০
অতিরিক্ত (বা ৩, ও ১) ২
মোট (৪৯ ওভারে, ৩ উইকেটে) ১২৮
উইকেট পতন: ১-৩৭, ২-৯১, ৩-১১৯।
বোলিং: ইরফান ৯-০-২৯-০ (ও ১), জুনাইদ ১২-২-৩৪-০, আজমল ১৮.৪-৪-৪২-২, বাবর ৭.২-২-৭-১, আজহার ২-০-১৫-০।