'পাকিস্তানের ক্রিকেট এখন তলানিতে'

দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নেই। ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্মও সুবিধার নয়। গত মাসে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে পাকিস্তান দল। ক্রিকেটারদের স্পট ফিক্সিং কেলেঙ্কারি, অভিযোগ আছে আম্পায়ারদের বিরুদ্ধেও। সার্বিক পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নজম শেঠির বিশ্বাস, একেবারে তলানিতে এসে ঠেকেছে পাকিস্তানের ক্রিকেট। লন্ডনে আইসিসির বার্ষিক সভা শেষে গতকাল বুধবার দেশে ফিরে পাকিস্তানি পত্রিকা ডনের সঙ্গে কথা বলার সময় নজম শেঠির কণ্ঠে ছিল হতাশার সুর, ‘আমাদের ক্রিকেট তলানিতে এসে ঠেকেছে। ম্যাচ জিততে পারছি না। ক্রিকেটারদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। একজন আম্পায়ার নিষিদ্ধ হয়েছেন। কেউ পাকিস্তান সফরে আসছে না। এখন সবকিছু নিয়েই ভাবতে হচ্ছে আমাদের।’ ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলকে বহনকারী গাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় পাকিস্তানের ছয় পুলিশ ও একজন গাড়িচালক নিহত হন। আহত হন পাঁচ ক্রিকেটার। এরপর থেকে পাকিস্তানে খেলতে যায়নি কোনো টেস্ট খেলুড়ে দেশ। খুব দ্রুত যে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সম্ভাবনা নেই, সেটা স্বীকার করছেন নজম শেঠি, ‘সবাই নিরাপত্তার নিশ্চয়তা চায়। যতক্ষণ আমরা সেই নিরাপত্তা নিশ্চিত করতে না পারব, কেউ পাকিস্তান সফর করবে না।’
দেশে ক্রিকেট ফিরিয়ে আনতে আইসিসির সভায় গিয়ে কী কী চেষ্টা করেছেন, তার ফিরিস্তিও দিয়েছেন নজম, ‘ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে কথা বলেছি। তাদের অনুরোধ করেছি, যেকোনো একটা দল পাকিস্তানে পাঠাতে, যেন আমরা অন্তত প্রক্রিয়াটা শুরু করতে পারি। নিরাপত্তার ব্যাপারে আইসিসিকেও নিশ্চয়তা দিয়েছি। বলেছি, পাকিস্তানে নতুন সরকার গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশ থেকে সন্ত্রাসের মূলোত্পাটন করতে বদ্ধপরিকর। কর্মকর্তারা আমাকে জানিয়েছেন, পাকিস্তানের নিরাপত্তার অগ্রগতি মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবেন তাঁরা।’
সাম্প্রতিক বছরগুলোতে স্পট ফিক্সিংয়ের কারণে পাকিস্তানের চার ক্রিকেটার নিষিদ্ধ হয়েছেন। লর্ডস টেস্টে ফিক্সিংয়ে জড়িত থাকায় ২০১১ সালে সালমান বাটকে ১০, মোহাম্মদ আসিফকে সাত ও মোহাম্মদ আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। অন্যদিকে কাউন্টিতে ফিক্সিংয়ে জড়িত থাকায় দানিশ কানেরিয়া ইংল্যান্ড ক্রিকেটে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন। এই লেগস্পিনার নিষিদ্ধ আছেন পাকিস্তান ক্রিকেটেও। শুধু ক্রিকেটার নন, ভারতীয় একটি টেলিভিশনের ফাঁদে পা দিয়ে গত বছর ফিক্সিং করতে রাজি হওয়ায় পাকিস্তানি আম্পায়ার নাদিম ঘৌরি নিষিদ্ধ হন চার বছরের জন্য