‘পাকিস্তানের দরকার বিদেশি কোচ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাকিস্তানি ক্রিকেটের সমস্যা সমাধানের জন্য বিদেশি কোচ দরকার।’ কথাটা এর আগেও একবার বলেছিলেন জিওফ লসন। এবার ওয়াকার ইউনুসও কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর সেই কথাটাই আবার স্মরণ করিয়ে দিলেন পাকিস্তানের সাবেক এই কোচ।২০০৭ সালের জুলাইয়ে দুই বছরের এক চুক্তিতে পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন লসন। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে বরখাস্ত করেন পিসিবির সভাপতি ইজাজ বাট। এখন ভারতীয় প্রিমিয়ার লিগের দল কোচির কোচ হিসেবে কাজ করছেন অস্ট্রেলীয় সাবেক এই ক্রিকেটার। ওয়াকার ইউনুসের সরে দাঁড়ানোর সংবাদ শোনার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘আমি যখন পাকিস্তানের দায়িত্ব ছেড়ে দিই, তখনো আমি বলেছিলাম যে পাকিস্তানের একজন বিদেশি কোচ দরকার। এখন তারা করাচি বা লাহোর যেখান থেকেই কোচ নিয়ে আসুক না কেন, তাঁর উপরে দেশটির অভ্যন্তরীণ অনেক চাপ থাকে। যার ফলে ইচ্ছা থাকলেও তিনি সুষ্ঠুভাবে কাজগুলো করতে পারেন না। কিন্তু বিদেশি কারও ওপর এই চাপ থাকে না। তাঁকে দেশের রাজনীতি নিয়ে মাথা ঘামাতে হয় না। তিনি শুধু দলকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার দিকেই মনোযোগ দিতে পারেন। আমার সময়ে ভাষাটা কোনো সমস্যা ছিল না। খোদ ক্রিকেট খেলাটাই ছিল আমাদের যোগাযোগের সাধারণ ভাষা। আর এটা সবাই বোঝে।’ ইএসপিএন।