'পাটকেলে'ই জবাব দিচ্ছে ভারত!

ভারতে এ পর্যন্ত অস্ট্রেলিয়ার কম দল সফর করেনি। কিন্তু জর্জ বেইলির এই দলটা যেভাবে ভারতীয় বোলারদের বেধড়ক পেটাল, এমন পিটুনি আর কোনো অস্ট্রেলীয় দলই দিতে পারেনি। ৫০ বলে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলে বেইলি নিজে সামনে থেকে তাতে নেতৃত্ব দিলেন। জয়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে ৩৫৯ রান করেছে অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে এটাই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোর।
প্রথমে ব্যাট করে এত রান তুলে ভারতে কেউ হারেনি। তবে ৩৬ ওভারে ১ উইকেটে ২৭১ রান তুলে ভারতও ইটের জবাব পাটকেলেই দিচ্ছে। জয়টা দেখতেই পাচ্ছে ভারত। ৮৪ বলে ৮৯ রান চাই তাদের। হাতে ৯ উইকেট নিয়ে তা করতে না পারলে সেটাই হবে বিস্ময়কর। কঠিন লক্ষ্যটাকে ভারতের জন্য সহজ করে দিয়েছে শিখর ধাওয়ান ও রোহিত শর্মার ১৭৬ রানের জুটি। এটাই অস্ট্রেলিয়ার বিপক্ষে উদ্বোধনী জুটিতে ভারতের নতুন রেকর্ড।
৮৬ বলে ১৪টি চারে ধাওয়ান ৯৫ রান করে ফিরে গেলেও রোহিত মনে হচ্ছে সেঞ্চুরি নিয়েই ছাড়বেন। ৯০ রানে ব্যাট করছিলেন তিনি। সঙ্গী বিরাট কোহলি ৩৫ বলে ৫টি করে চার ও ছক্কায় ৬৭ রানে অপরাজিত।
জিতলেও এই ম্যাচ শেষে ভারতীয় ব্যাটসম্যানদের কাছে ভারতীয় বোলারদের ‘স্যরি’ বলা উচিত। ভারতীয় বোলাররা এই ম্যাচেও দলের ব্যাটসম্যানদের কাজ কঠিনস্য কঠিন করে তুলেছিল। প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ার পর মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, এত ‘লুজ’ বল করে রান দিয়ে ম্যাচ জেতা কঠিন। ভুল থেকে শিখতে হবে। সেই শিক্ষাটা তাঁর বোলাররা কেউ নেননি বলেই আজ মনে হলো। বরং প্রথম ম্যাচের চেয়েও আজ ৫৫ রান বেশি দিলেন ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়ার প্রথম পাঁচ ব্যাটসম্যানই পেয়েছেন ফিফটির দেখা।
গত ম্যাচের মতো এই ম্যাচেও ফিঞ্চ ও হিউজের উদ্বোধনী জুটি এনে দিয়েছে ভালো শুরু। ৭৪ রানের জুটিটা ভেঙেছে রানআউটে। তাতে ভারতের বিপদ বেড়েছে বৈ কমেনি। কারণ, এরপর ওয়াটসন-হিউজের জুটিটা ওভারে রান তুলেছে সাড়ে ছয় করে। মাত্র ১৬.৪ ওভারেই ১০৮ রান যোগ করেছে এই জুটি। ৫৯ রান করে ফিরেছেন ওয়াটসন, আর তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থাকতে ফিরেছেন হিউজ।
অস্ট্রেলিয়ার সবচেয়ে ঝোড়ো জুটিটা অবশ্য হয়েছে চতুর্থ উইকেটে। ম্যাক্সওয়েল আর বেইলি যেন একে অন্যকে পাল্লা দিয়ে পেটাচ্ছিলেন ভারতীয় বোলারদের। তারই সুবাদে মাত্র ৮.৩ ওভারে ৯৬ রান যোগ করেছে এই জুটি। ওভারে রান তুলেছে ১১.২৯ করে। ভুল বোঝাবুঝির শিকার হয়ে ম্যাক্সওয়েল ৩২ বলে ৫৩ (৭টি চার ও ১ ছক্কা) করে আউট হয়ে গেলেও বেইলি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। আটটি চারের পাশাপাশি পাঁচটি ছক্কাও হাঁকিয়েছেন তিনি। শেষ ১০ ওভারে ১২২ রান তুলেছে অস্ট্রেলিয়া।
ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে