‘পাতানো’ ধরেও প্রশ্নবিদ্ধ শাস্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একপর্যায়ে সংবাদ সম্মেলন তড়িঘড়ি করে শেষ করলেন সালাম মুর্শেদী। বাংলাদেশ লিগ কমিটির চেয়ারম্যান প্রায় সব প্রশ্নই পাশ কাটিয়ে গেলেন। তাতে রইল নানা বিভ্রান্তি। পাতানো খেলা হয়েছে মনে হওয়ার পরও বাইলজ অনুযায়ী শাস্তির সুপারিশ করেনি সালামের কমিটি। পাতানো খেলা প্রমাণিত হলেই সংশ্লিষ্ট দলগুলোর লিগ থেকে বহিষ্কার হওয়ার কথা।শুরুতেই বাংলাদেশ লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী সংবাদ সম্মেলনে বললেন, ‘আমাদের অনেক উত্তর হয়তো আপনাদের কাছে সঠিক মনে হবে না। তবে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তথ্যের ভিত্তিতে কিছু সিদ্ধান্ত এবং সুপারিশ পেশ করছি।’অভিযুক্ত শেখ জামাল-রহমতগঞ্জ পাতানো ম্যাচের তদন্তের ফল কয়েক দিন ধরেই পত্রিকায় ছাপা হচ্ছিল। একটু ঘুরিয়ে-পেঁচিয়ে শেষ পর্যন্ত সেটিই হলো। অর্থাৎ ম্যাচটি পাতানো ছিল বলে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং দুই দলকে বহিষ্কারের বদলে অর্থদণ্ড দিয়েই ছেড়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে।বাংলাদেশের ফুটবলে এই দিনটা ঐতিহাসিক হয়ে উঠতে গিয়েও তাই হতে পারল না! বরং বিতর্কেরই রসদ জোগাল। লিগ কমিটির চেয়ারম্যান ম্যাচটিকে সরাসরি পাতানো বলছেন না, ‘পাতানো বলব না। আমাদের কাছে মনে হয়েছে, ম্যাচটি ছিল সমঝোতার।’সেই সমঝোতার ম্যাচের ব্যাপারে শেখ জামালকে ২০ লাখ ও রহমতগঞ্জকে ৫ লাখ টাকা জরিমানা, রহমতগঞ্জ গোলরক্ষক ইরান শেখকে দুই বছর ও একই দলের কর্মকর্তা সালাউদ্দিন কালাকে তিন বছরের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। দুই মাস নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে মুক্তিযোদ্ধা কোচ মারুফুল হককে। আর্থিক জরিমানার বিষয়টা নিয়ে কাল শেষ মুহূর্তেও লিগ কমিটির সভায় নানা কথা হয়েছে। কিন্তু দুদলের সামর্থ্যের কথা ভেবে ভারসাম্য নীতি নিয়েছে লিগ কমিটি।এর মধ্যে পাতানো খেলার ব্যাপারে কালার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে উল্টো দণ্ড পেলেন মারুফ! তাঁর ‘অপরাধ’ সম্পর্কে সালাম বললেন, ‘মারুফ কক্সবাজারে কালাকে ডিনারের দাওয়াত দিয়েছে। মিষ্টি খাওয়াতে চেয়েছে। টাকাও নাকি দিতে চেয়েছে। যদিও টাকার অঙ্কটা (সাড়ে তিন লাখ) আমাদের কাছে বেশি মনে হয়েছে। সে যা করেছে, ঠিক হয়নি।’ যোগ করলেন আরও, ‘ওই দিন দুই দলের অন্য খেলোয়াড়দের সতর্কীকরণ চিঠি দেওয়া হবে। ভবিষ্যতে কোচদেরও সতর্ক করা হবে।’কথা ছিল বাফুফে সভাপতিকে প্রতিবেদন দিয়ে তারপর সংবাদমাধ্যমকে জানানো হবে। কিন্তু সভাপতিকে প্রতিবেদন দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনের ঘণ্টা খানেক পর! সভাপতিকে দেওয়ার আগে তো বটেই, এভাবে এই প্রতিবেদন প্রকাশ করা নিয়ে প্রশ্ন আছে। বাফুফের এক সহসভাপতিই ক্ষোভ জানালেন, ‘এটা তো কমিটি করতে পারে না।’সংবাদ সম্মেলনে ধেয়ে যাওয়া সব প্রশ্নের উত্তর একাই দিলেন সালাম। তবে শুরুতেই তাঁর আত্মসমর্পণ, ‘...আমরা তিন ঘণ্টা উত্তর দিয়েও আপনাদের কনভিন্স, স্যাটিসফাই করতে পারব না। ...অতীতেও অনেক পাতানো ম্যাচ হয়েছে। কিন্তু কিছুই তো হয়নি।’প্রশ্ন এল, শেখ জামালকে কি বেশি সুবিধা দিল কমিটি? সালাম পাশ কাটালেন প্রশ্নটা, ‘কালা সাহেব বাংলাদেশ লিগের বাইলজ অমান্য করেছেন, টেলিফোন নিয়ে গেছেন মাঠে, অনেক কথোপকথন করেছেন, ভুল করে ওনার সেক্রেটারির জায়গায় মারুফকে ফোন করেছেন, ওনার কথায় উনি ধরা পড়ে গেছেন, তাই ওনাকে পানিশমেন্ট।’সমঝোতার ম্যাচ হলে দই ক্লাবের কর্মকর্তাই জড়িত। তাহলে জামালের কোনো কর্মকর্তা শাস্তি পেলেন না কেন? সালামের যুক্তি, ‘ফোন নম্বরগুলো নিয়ে কথা বলতে পারবেন। সেই অপশন আছে।’ পাতানো হলে কেন সে অর্থে শাস্তি নেই? এবার সালামের কথা, ‘...আমাদের শুরুটা করতে দিন।’ রহমতগঞ্জকে মাত্র পাঁচ লাখ টাকা জরিমানার পক্ষে তাঁর সওয়াল, ‘আমরা মনে করি, এটা ঠিকই আছে।’ এখন কী লেখা হবে, পাতানো খেলা হয়েছে, নাকি হয়নি—এই প্রশ্নে সালামের উত্তর, ‘আগে যেভাবে লিখেছেন, আজও সেভাবে লেখেন।’ অর্থ জরিমানা করে বাফুফের কি আয়ের খাত খুলল? এটা শেষ পর্যন্ত প্রহসন হয়ে যাবে না? বিব্রত সালাম বললেন, ‘এটা আয়ের খাত নয়। পরের লিগ শুরুর আগে এই টাকা দিতে হবে।’জুভেন্টাসের মতো দলকে পাতানো খেলার অভিযোগে দ্বিতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। ফিফা-এএফসি যদি জানে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন পাতানো হয়েছে সিদ্ধান্ত দিয়ে বাইলজ অনুযায়ী দুই দলকে বহিষ্কার করেনি, তাহলে? ‘বাফুফের সে রকম কোনো দুর্বলতা নেই’—বলেছেন সালাম। দুই দলের পয়েন্ট কেন কাটা হলো না এই প্রশ্নে বললেন ‘বাইলজে সর্বোচ্চ শাস্তি বহিষ্কার। বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে আমরা সেই পথে যাইনি।’ শাস্তির সুপারিশ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২০ লাখ টাকা জরিমানা রহমতগঞ্জ ক্লাবকে ৫ লাখ টাকা জরিমানা রহমতগঞ্জ গোলরক্ষক ইরান শেখ ২ বছর নিষিদ্ধ রহমতগঞ্জ কর্মকর্তা সালাউদ্দিন কালা ৩ বছর নিষিদ্ধ মুক্তিযোদ্ধা কোচ মারুফুল হককে ২ মাসের নিষেধাজ্ঞা