‘পানেনকা’র ইউরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের খেলা তখন শেষ। একটু পরই টাইব্রেকার নামের লটারি, টসের জন্য ক্রিস্টিয়ানো রোনালদো হাত মেলালেন ইকার ক্যাসিয়াসের সঙ্গে। ‘আজকে আমার শটটা ঠেকিয়ে দিয়ো না, বন্ধু,’ রিয়াল-সতীর্থকে কি এমনটাই বলছিলেন? পেনাল্টি কিক নেওয়াই হয়নি রোনালদোর, আর তাঁকে রুখে দেওয়া তো দূরের কথা। তবে সবচেয়ে বড় ঘটনার জন্ম দিয়েছেন কিন্তু সার্জিও রামোস। ইনিয়েস্তা, পিকের পর রামোস যখন পেনাল্টি কিক নিতে আসেন তখন চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের কথা নিশ্চয়ই উঁকি দিচ্ছিল মাথায়। সেবার টাইব্রেকারে রামোসের কিক পোস্ট ছাড়িয়ে চলে গিয়েছিল গগনচুম্বী উচ্চতায়। স্পেন সমর্থকদের বুক তাই তখন না কেঁপে পারেনি। কিন্তু এ কী করলেন রামোস? ইংল্যান্ডের ম্যাচে আন্দ্রেয়া পিরলোর নেওয়া পেনাল্টি কিকই তাঁকে অনুপ্রাণিত করল! দুর্দান্ত এক চিপে বল জড়িয়ে দিলেন জালে, জানান দিলেন চাপকে জয় করতে তিনি জানেন। বিজয়োৎসবের পর রামোসের মুখে শোনা গেল পিরলোরই প্রতিধ্বনি, ‘মিথ্যা বলব না, আমি এটা আগেই ঠিক করে রেখেছিলাম। রিয়াল মাদ্রিদের হয়ে আমার শেষ পেনাল্টি অভিজ্ঞতার পর সবাই বলেছিল আমি ওটা নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল, চেয়েছিলাম আরও একবার চেষ্টা করতে।’ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার পর স্বীকার করলেন এতে ঝুঁকিটা ভালোই ছিল, ‘এতে অবশ্যই একটা ঝুঁকি ছিল। কিন্তু আমি দেখেছিলাম গোলরক্ষক কীভাবে নড়াচড়া করছিল। আমি নিশ্চিত ছিলাম, সে যেকোনো এক দিকে ঝাঁপাবে। ভাগ্য সহায় ছিল, আর আমার জন্যও দারুণ ছিল ব্যাপারটা।’ ১৯৭৬ ইউরোর ফাইনালে জার্মানির বিপক্ষে চেক প্রজাতন্ত্রের আন্তোনিন পানেনকা প্রথম নির্লিপ্ত ভঙ্গিতে চিপ করে গোল করে তাঁর দলকে জিতিয়েছিলেন টাইব্রেকারে। তার পর থেকেই এই পেনাল্টি শটের নাম হয়ে যায় ‘পানেনকা’। সেই পানেনকা আবার ফিরে এল ২০১২ ইউরোতে। টানা দু-দুটি ম্যাচেই ‘পানেনকা’ শট দেখল এই ইউরো। এটা কারও সুদূরতম কল্পনাতেও হয়তো ছিল না। এবারের ইউরোতে নজরকাড়া গোল খুব বেশি নেই, মাঠের ভেতরে-বাইরে ঘটনার ঘনঘটা ছিল কম, উদ্ভাবনী ট্যাকটিকসের ঝলকও দেখা যায়নি তেমন। শেষ পর্যন্ত এটি ‘পানেনকা’ ইউরো না হয়ে যায়? ওয়েবসাইট।