‘পাপের’ সাজা পেলেন ত্রিমূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমান বাটের এখন অন্য জীবিকা খুঁজে নেওয়াই ভালো। চাইলে ব্যবসা শুরু করে দিতে পারেন বন্ধু মোহাম্মদ আসিফকে নিয়ে। ১৮ বছর বয়সী মোহাম্মদ আমিরের জন্য ক্রিকেটের দুয়ার অবশ্য এখনো খোলা। পাঁচ বছর পরও ক্রিকেটে ফিরে আসতে পারবেন। তবে আইসিসির ট্রাইব্যুনালের রায় শিরোধার্য মেনে নিলে বাট-আসিফের ক্রিকেটে ফেরার আশা ছেড়ে দেওয়াই ভালো। বাট ১০ বছর, আসিফ ৭ এবং আমির নিষিদ্ধ হয়েছেন ৫ বছরের জন্য।দোহায় কাল নয় ঘণ্টার শুনানি শেষে রায় ঘোষণা করে আইসিসির তিন সদস্যের ট্রাইব্যুনাল। তদন্তে তিনজনের বিরুদ্ধেই অভিযোগ প্রমাণের তথ্যপ্রমাণ হাজির করা হয়। বাটই সবচেয়ে বেশি শাস্তি পেলেন। ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিং কেলেঙ্কারির সময় দলের অধিনায়ক ছিলেন তিনি।অবশ্য তাঁর ১০ বছরের শাস্তির মধ্যে পাঁচ বছর স্থগিত নিষেধাজ্ঞা। প্রথম পাঁচ বছরের মধ্যে এ ধরনের অন্যায় না করলে শেষ পাঁচ বছরের সাজা থেকে মুক্তি পেতে পারেন বাট। আসিফের সাত বছরের মধ্যে স্থগিত নিষেধাজ্ঞা দুই বছর। আমির স্থগিত নিষেধাজ্ঞার সুবিধা পাননি। এক অর্থে তাই তিনজনই কমপক্ষে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হলেন।আসিফ অবশ্য আগেও নিষেধাজ্ঞা পেয়েছেন। এর আগেও ডোপ পরীক্ষায় ধরা পড়ে নিষিদ্ধ হয়েছিলেন। ২৮ বছর বয়সী আসিফ আর ২৬ বছর বয়সী বাটের ক্যারিয়ার এখানেই শেষ হয়ে গেল বলে ধারণা করা হচ্ছে। আমিরের সামনে থাকছে ফিরে আসার সুযোগ। অবশ্য তিনজনই এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের (সিএএস) দ্বারস্থ হতে পারেন।তবে ভয়ের কথা হলো, তিনজনের বিরুদ্ধে যুক্তরাজ্যেও আলাদা একটি তদন্ত চলছে। পরশুই জানা গেছে, তাঁদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ পেয়েছে সেখানকার পুলিশ। অভিযোগ দায়েরও করা হয়েছে। ১৭ মার্চ লন্ডনের আদালতে হাজির হতে হবে তাঁদের। অভিযোগ প্রমাণিত হলে ব্রিটিশ আইনে তিনজনের জেলও হতে পারে।অভিষেকের পর থেকে একের পর এক বিস্ময় উপহার দিয়ে চলা আমিরের হয়তো এখন অনুতাপই হচ্ছে লোভের ফাঁদে পা দেওয়ায়। এই রায়ের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল, ক্রিকেটে বাজিকরদের ছায়া এখনো আছে। সেই সত্য উন্মোচন করায় বাহবা পাবে ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’। তাদের ছদ্মবেশী সাংবাদিকই ফাঁস করে দেন, বাজিকরদের ইশারায় নাচছেন পাকিস্তানের তিন ক্রিকেটার। ম্যাচের নির্দিষ্ট সময়ে ইচ্ছা করে দিচ্ছেন নো বল।নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে সিএএসে আবেদন করতে হবে এই তিনজনকে। আমিরের আইনজীবী শহীদ করিম জানিয়েছেন, তাঁরা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার কথাই ভাবছেন। এমন একটা রায় যে হবে, সেটি আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। ২০০০ সালে ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে ক্রিকেটের ভিত নড়ে যাওয়ার পর এ ব্যাপারে আপসহীন অবস্থান নিয়েছে আইসিসি।কাল রায় ঘোষণার পর তিন ক্রিকেটারই নিজেদের হতাশার কথা জানিয়েছেন। মাত্র ১৪ টেস্টে ৫১ উইকেট নেওয়া আমির বলেছেন, ‘আমি মানসিকভাবে খুবই আহত এবং হতাশ। এতটা শাস্তি আমি আশা করিনি। আমি বরং আত্মবিশ্বাসী ছিলাম, কোনো শাস্তি না পেয়েই মুক্ত হব। আমার জন্য এটি অনেক কঠোর শাস্তি হয়ে গেল।’শাস্তি কঠোর হয়েছে, এটা মানছেন ওয়াসিম আকরামও। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক তিন ক্রিকেটারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে এ ধরনের একটা রায় দরকার ছিল বলেও মনে করেন আকরাম, ‘এটা বাকিদের জন্য একটা শিক্ষা হয়ে থাকল।’আমিরকে অনেকেই তুলনা করছিল তাঁর সঙ্গে। এই বাঁহাতি ফাস্ট বোলারের জন্য বাড়তি সহানুভূতিও ঝরেছে আকরামের কণ্ঠে, ‘আমির যেভাবে উন্নতি করছিল, সত্যিই মুগ্ধ হয়ে দেখছিলাম। এই শাস্তির প্রভাব ওর ক্যারিয়ারে অবশ্যই পড়বে। তবে আমি আশা করব, ও ভালোভাবেই ফিরে আসবে।’ ইকবাল কাশিম, রশিদ লতিফের মতো সাবেক ক্রিকেটাররাও আইসিসির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।