‘পামেল আছেন পামেল থাকবেন’
১০ বছরের শিশু আরিয়ান বাবার স্মৃতিচারণা করছিল। শুনতে শুনতে উপস্থিত সবার চোখ ভিজে এল। ‘বাবাকে আমি খুব ভালোবাসি। বাবাই ছিল আমার সবচেয়ে প্রিয়। বাবাকে কোনো দিন ভুলব না’—ছোট্ট ছেলে বাবাকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুলে দিল। আরিয়ান সদ্য প্রয়াত আল মুসাব্বির সাদীর (পামেল) বড় ছেলে। পিতৃস্নেহ হারাল শিশুটি। ক্রীড়া সাংবাদিকেরা হারিয়েছেন প্রিয় সতীর্থকে। ক্যানসারের কাছে হার মেনে পামেল লোকান্তরিত হয়েছেন গত শুক্রবার। ক্রীড়া সাংবাদিকতা ছেড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে যোগ দিলেও ক্রীড়া সাংবাদিকই ছিল তাঁর বড় পরিচয়। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সিনিয়র সদস্য ছিলেন পামেল। কাল বিএসজেএ কার্যালয়ে পামেলের জন্য মিলাদ ও স্মরণসভায় শোকস্তব্ধ ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া-সংশ্লিষ্ট ব্যক্তিরা স্মৃতিচারণা করলেন। জালাল আহমেদ চৌধুরী, কাশীনাথ বসাক, উৎপল শুভ্র, সৈয়দ মামুন, আরিফুর রহমান বাবু, সাইদুর রহমান শামীম, রায়হান আল মুঘনি প্রমুখ তুলে ধরলেন প্রয়াত পামেলের সঙ্গে তাঁদের ব্যক্তিগত অনেক স্মৃতি। তাঁদের আবেগময় স্মৃতিচারণার সার কথা ছিল, বিনয়, ভদ্রতা ও খেলাধুলা সম্পর্কে জানাশোনা—সব মিলিয়ে পামেল ছিলেন এক আলোকিত মানুষ। তিনি আছেন, তিনি থাকবেন। স্মরণসভায় প্রয়াত পামেলের স্ত্রী, বড় ভাইসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন পামেলের স্কুল-বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুরাও।