‘পারিবারিক’ পাইবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিচার্ড পাইবাস আশাবাদী, বাংলাদেশে আসতে পরিবারের অনুমোদন মিলবে। বিসিবি আশাবাদী, পরিবারকে রাজি করিয়ে বাংলাদেশ দলের দায়িত্ব নেবেন দক্ষিণ আফ্রিকায় বসত গড়া ইংলিশ কোচ। তবে এর মধ্যে একটা খচখচানিও আছে। পাইবাস বাংলাদেশ দলের দায়িত্ব নিলে থাকবেন তো?দুই বছরের চুক্তি থাকলেও স্টুয়ার্ট ল-র এক বছরের মধ্যে চাকরি ছেড়ে যাওয়াই চিন্তাটা ঢোকাচ্ছে। পাইবাসের অতীত আর পারিবারিক পিছুটানটাও জানা। বছর বছর কোচ বদলাতে কেউ চায় না। পাইবাসকে নেওয়ার ক্ষেত্রে তাই এদিকেই জোর দেওয়া হচ্ছে বেশি। পাকিস্তানের সাবেক এই কোচের কোচিং-জ্ঞান ও দক্ষতা নিয়ে প্রশ্ন নেই বিসিবির। বোঝার বাকি একটাই—চুক্তির মাঝপথে ‘গুডবাই’ বলে দেবেন না তো কোচ?কাল ঢাকা ছেড়ে গেছেন রিচার্ড পাইবাস। এর আগে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে চুক্তিসংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলাপ করেছেন। পরশু কোচের সৌজন্যে গুলশানে নিজের রেস্তোরাঁয় নৈশভোজ দিয়েছিলেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা প্রধান এনায়েত হোসেন। বিসিবির আরও কয়েকজন পরিচালক ছাড়াও সেখানে ছিলেন তিন নির্বাচক এবং জাতীয় দলের কোচিং স্টাফের সবাই। জাতীয় দলের তিন ক্রিকেটারের আমন্ত্রণ থাকলেও সহ-অধিনায়ক মাহমুদউল্লাহই গেছেন শুধু। অধিনায়ক মুশফিকুর রহিম পরীক্ষা নিয়ে ব্যস্ত। মাশরাফি বিন মুর্তজা ছিলেন ঢাকার বাইরে।নৈশভোজে পাইবাসের সঙ্গে মাহমুদউল্লাহর কথাবার্তা ‘হাই-হ্যালো’র বেশি যায়নি। নির্বাচকদের সঙ্গে আলোচনাটা অবশ্য একটু দীর্ঘই হয়েছে। প্রধান নির্বাচক আকরাম খান জানালেন, ‘কোচ এখানকার ক্রিকেট সম্পর্কেই জানতে চেয়েছেন বেশি। ঘরোয়া ক্রিকেটের কাঠামো, দল নির্বাচনপ্রক্রিয়া, খেলোয়াড়েরা কেমন, এসব নিয়ে কথা হয়েছে।’ ২০০১ সালের এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে পাইবাসের পাকিস্তান দলের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন আকরাম-হাবিবুল। কথা হয়েছে সেই ম্যাচ নিয়েও।প্রাথমিকভাবে বাংলাদেশ দল ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে পাইবাসের আগ্রহ আশা-জাগানিয়া। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বললেন, ‘পাইবাস আমাদের বলেছেন, তিনি চ্যালেঞ্জ নিতে চান। দায়িত্ব নিলে বাংলাদেশের ক্রিকেটকে আরও ওপরে ওঠানোই হবে তাঁর লক্ষ্য।’পাইবাসের কাছে বিসিবিরও প্রত্যাশা সেটাই। কিন্তু কেপটাউন থেকে স্ত্রী ও চার সন্তানের সংসার ফেলে পাইবাস কেন আসবেন বাংলাদেশে? এখানে কতটা স্বস্তিদায়ক হবে তাঁর অবস্থান? চাইলে কি দক্ষিণ আফ্রিকা থেকে সংসারটাও উড়িয়ে আনা যাবে—দুই দিনের ঢাকা সফরে এসেছিলেন মূলত এসব বুঝতেই। গুলশানে তাঁর জন্য নির্ধারিত ফ্ল্যাটটাও ঘুরে দেখেছেন পাইবাস। সব দেখে ও বুঝে তিনি সন্তুষ্ট, এমনটাই জানালেন জালাল ইউনুস, ‘সে যেসব দেখতে এসেছিল, সেসব বিষয়ে সন্তুষ্ট বলেই জানিয়েছে। বাংলাদেশের ক্রিকেটের প্রায় সবকিছুই পছন্দ হয়েছে। এখন পরিবার রাজি হলেই দায়িত্ব নেবেন।’শঙ্কাটা এই জায়গাতেই। পাইবাসকে বাংলাদেশে আসতে দেবে তো পরিবার? বেতনের বাইরে বিসিবির সঙ্গে শর্ত নিয়ে আলোচনায় পরিবারের সঙ্গে যোগাযোগ রাখাটাকেই নাকি বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। মানুষ পাইবাসকে ১০০-তে ১০০ নম্বর দিলেও বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা প্রধান এনায়েত হোসেন চিন্তিত এই জায়গায়, ‘বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা নিয়ে গেছেন পাইবাস। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পরিবারের সঙ্গে কথা বলে। বাংলাদেশে আসার ব্যাপারে পরিবারের কারণেই একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন তিনি।’পরিবারের প্রতি পাইবাসের দুর্বলতা প্রকাশ পেয়েছে শর্তেই। চুক্তি অনুযায়ী চাকরির শুরু ও শেষের বিমান টিকিট ছাড়া সাবেক কোচ স্টুয়ার্ট ল বছরে পেতেন দুবার দেশে যাওয়া-আসার বিমান টিকিট। পাইবাস সেটা আরেকটু বেশি চাইছেন বলে জানিয়েছে সূত্র। পরিবার-পরিজন নিয়ে স্থায়ী হতে না পারলেও মাঝেমধ্যে তাঁদের ঢাকাভ্রমণটা মসৃণ করার অনুরোধও নাকি করেছেন। পাইবাসের মাসিক বেতনও হবে ল-র চেয়ে কিছু বেশি। আয়কর বাদ দিয়ে মাসে সাড়ে ১৪ হাজার মার্কিন ডলারের মতো পেতেন ল।বিসিবির আশা, আগামী মাসের মধ্যেই দায়িত্ব নেবেন নতুন কোচ। জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড সফর দুটি হলে হয়তো পাওয়া যাবে পাইবাসকেও। তবে তা নির্ভর করছে পাইবাসের পরিবারের সিদ্ধান্তের ওপর।