‘পিতা’ ওয়ালশ
ছিলেন একসময়ের ত্রাস জাগানো বোলার। টেস্টের সর্বোচ্চ উইকেটের রেকর্ডটাও কিছুদিন ছিল তাঁর নামের পাশে। কোর্টনি ওয়ালশের এখনকার পরিচয় একজন ‘পিতা’র। সন্তানসংখ্যা যাঁর গোটা পনেরো!না, এই সন্তানেরা তাঁর রক্তের কেউ নয়। কিন্তু তার পরও সম্পর্কের বাঁধনটা যেন রক্তের চেয়েও বেশি কিছু। কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজারের দায়িত্ব নিয়েছেন। দলের সফরসঙ্গী হয়ে এসেছেন ভারতে। এখানেই শুরু হয়েছে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজ।দলের ম্যানেজার হলেও খুদে ক্রিকেটারদের সঙ্গে তাঁর সম্পর্কটা পিতা-পুত্রের বলেই জানালেন ৫১৯টি টেস্ট উইকেটের মালিক, ‘আমি ওদের কাছে বাবার মতো। ম্যানেজার হিসেবে আমার মূল কাজ দলের প্রশাসনিক দিকটা সামলানো। কিন্তু আমার খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতার ভাঁড়ারটিও মেলে ধরছি ওদের কাছে। কারণ এই তরুণদের নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের উন্নয়নের স্বপ্ন দেখি আমরা।’অভিজ্ঞতাটা তাঁর জন্য একেবারেই নতুন নয়। নিজের দেশ জ্যামাইকার যুবদলের হয়েও এর আগে কাজ করেছেন। তবে ওয়েস্ট ইন্ডিজ যুবদলের দায়িত্ব নেওয়াটা একটু অন্য রকম তো বটেই। নতুন এই ভূমিকা ওয়ালশ উপভোগও করছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে আমিও কিছু দেওয়ার চেষ্টা করছি। জ্যামাইকায় জুনিয়র ক্রিকেটারদের কোচিং আর সহায়তা করেছি। এখন এখানে এসেছি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। কাজটা আমার জন্য অনেক আনন্দের। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের উন্নয়নে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত।’ভারত সফরে ছয় ম্যাচের তিনটা হয়ে গেছে এরই মধ্যে। একটি ম্যাচেও জেতেনি ওয়েস্ট ইন্ডিজ যুবদল। তবে ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী এ মাসেই ৫০-এ পা রাখতে চলা ওয়ালশ, ‘এই খেলোয়াড়দের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে পারলে এরা খুব ভালো খেলোয়াড় হয়ে উঠবে। আমি সব সময় এদের বলি নিজেদের সেরাটা ঢেলে দাও। বলি নিজের আত্মবিশ্বাসটাকে দৃঢ় করো। এমনও দিন আসে ব্যাটসম্যানরা যখন রান পায় না, বোলাররা পায় না উইকেট। তাই নিজের সেরা দিনটার সর্বোচ্চ ব্যবহার করো।’ ওয়েবসাইট।