‘পিন্ডি এক্সপ্রেস’ থামছে অবশেষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বন্ধুরা, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজ আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আমি সিদ্ধান্ত নিয়েছি বিদায় বলে দেওয়ার। এই বিশ্বকাপই আমার শেষ, সামনের ম্যাচ কটিই আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ কিছু মুহূর্ত...।’আর যা-ই হোক, সুশৃঙ্খল বা গোছানো ছিলেন, এমন ‘অপবাদ’ তাঁকে কেউ দেবে না। অথচ বিদায় ঘোষণার সংবাদ সম্মেলনে সেই মানুষটিই আশ্চর্য রকম গোছানো। একটার সংবাদ সম্মেলন শুরু হতে যখন দেড়টা বেজে গেল, সবাই শোয়েব আখতারের স্বভাবজাত আচরণ বলেই ধরে নিচ্ছিল। কিন্তু কারণ পরিষ্কার হলো তাঁকে দেখেই। অনুশীলন শেষ করে পোশাক পাল্টে স্যুট পরে একেবারে পরিপাটি হয়ে এসেছেন। হাতে লিখিত বিবৃতি। ক্যারিয়ার-জুড়ে যাঁর আরেক নাম অস্থিরতা, সেই তিনিই এখানে কী শান্ত, স্থির! একেকটা লাইন পড়ছিলেন অনেকটা সময় নিয়ে, ধীরে...নিচু কণ্ঠে। কথাগুলো যেন বের হচ্ছিল বুকের ভেতর থেকে দমকে দমকে। মাঝে যেন গলাটাও একটু ধরে এল। ভ্রান্তি নয়, পরিষ্কার শোনা। কাগজে-কলমে বিশ্বের সর্বকালের দ্রুততম বোলার, প্রথম ১০০ মাইল গতি পেরোনো শোয়েব আখতার, কম্পিত কণ্ঠে জানিয়ে দিলেন, এবার বিদায়!খবরটা ছড়িয়ে পড়ছিল কাল সকাল থেকেই। অনুশীলনে এসে প্রেমাদাসার ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে ছোটখাটো একটা বক্তৃতা দিয়েছেন। বাইরে বেরিয়ে সতীর্থদের কেউ তাঁকে জড়িয়ে ধরছিলেন, কেউ দিচ্ছিলেন পিঠ চাপড়ে। অনুশীলনের ফুটবল খেলাতেও সবারই চেষ্টা থাকল বলটা তাঁকে দেওয়ার। ‘উড়ো খবর’টার সত্যতা মিলে গেল এই টুকরো টুকরো ছবিতেই। এবার সত্যিই থামছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস!এর আগে কতবারই না বিকল বলে দেওয়া হয়েছিল রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে! চোট-আঘাত আর বিতর্ক-জর্জরিত ১৪ বছরের ক্যারিয়ার। কতবার লিখে ফেলা হলো এই ক্যারিয়ারের এপিটাফ। সবাইকে চমকে দিয়ে ঠিকই আবার গর্জেছে এক্সপ্রেস, ছুটেছে তীব্র গতিতে। কিন্তু ক্রিকেটটাও যে জীবনের মতোই। একদিন সবাইকেই থামতে হয়। হলো তাঁকেও। শোয়েবও সেটাই বললেন, সময় হয়েছে যাওয়ার।বিশ্বকাপে পাকিস্তানের ৫ ম্যাচের তিনটিতে খেলেছেন। কানাডার বিপক্ষে পেয়েছিলাম বিশ্রাম, কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে রস টেলরের হাতে তুলোধুনো হওয়া আর ইয়র্কার দেওয়ার চেষ্টায় বারবার ফুলটস দেওয়াই প্রমাণ করছিল দিন ফুরিয়ে এসেছে। জিম্বাবুয়ের বিপক্ষে বাদ পড়ে গেলেন। বিশ্বকাপে সেরা একাদশে আর সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল কম। সংবাদ সম্মেলনে শোয়েব তাই যতই দাবি করুন, অনেক আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া, নিউজিল্যান্ড ম্যাচ আর বাদ পড়ার একটা ভূমিকা না থেকে পারেই না। বাস্তবতাটা হয়তো বুঝতে পারছিলেন শোয়েবও। এ জন্যই সম্মানজনক বিদায়!শোয়েবের জন্য এমন বিদায়টাও কি কম বিস্ময়কর! উপমহাদেশের অনেক ক্রিকেটারেরই ‘বিদায়’ বলে বিদায় নেওয়ার সৌভাগ্য হয় না। শোয়েবের তো সেখানে ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে অনেকবার, কখনো কখনো সেটা ছিল প্রায় সাপে-নেউলে পর্যায়ের। বিদায়বেলায় শোয়েবের কণ্ঠেও সেটা উঠে এল খানিকটা। সতীর্থ, বন্ধু, পরিবার, স্পনসর সবাইকে ধন্যবাদ দেওয়ার পর হঠাৎই ঠোঁটে বাঁঁকা হাসি এনে বললেন, ‘ধন্যবাদ বোর্ডকেও, আমার প্রিয় পাকিস্তান ক্রিকেট বোর্ড!’শোয়েবের বিদায়ে শেষ হতে যাচ্ছে এমন এক অধ্যায়ের, পাকিস্তান ক্রিকেটের মতোই যা ছিল অনিশ্চয়তায় ভরা। শোয়েবের ভাষায়, ‘পাকিস্তানের হয়ে খেলা প্রতিটি মুহূর্ত যেন স্বপ্নের মতো, সুন্দর ও রোমাঞ্চকর স্বপ্ন।’ আদতে রোমাঞ্চকর, কিন্তু সব সময়ই এমন সুন্দর ছিল না। ছিল চোট-আঘাত, অ্যাকশন নিয়ে বিতর্ক, সতীর্থদের সঙ্গে ঝামেলা, ডোপ, জরিমানা, নিষেধাজ্ঞা—এমন অনেক কিছুই। তবে বিদায়বেলায় এসবের আগে চোখে ভাসে তীব্র গতিতে স্টাম্প উপড়ে ফেলা বা ব্যাটসম্যানকে মাটিতে শুইয়ে ফেলা, একাই পাকিস্তানকে ম্যাচের পর ম্যাচ জেতানো, ক্রিকেট রোমান্টিকদের মনভরানো সব মুহূর্ত। তাই তো জনাকীর্ণ সংবাদ সম্মেলনে পেলেন দাঁড়িয়ে অভিবাদন আর করতালি। পুরো ক্রিকেট-বিশ্বও নিশ্চিত তাই-ই দেবে!