‘পিপ্পো’ এখন পুরোপুরিই কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন পুরোদস্তুর কোচ ফিলিপ্পো ইনজাগি। বর্ণাঢ্য ফুটবলার জীবনের ইতি টেনে ইতালি ও এসি মিলানের এই সাবেক তারকা গত শুক্রবার কোচ হিসেবে তাঁর নতুন জীবন শুরু করেছেন। ইনজাগির কাঁধে এখন এসি মিলানের যুবদলকে গড়ে-পিঠে নতুন প্রজন্মের তারকা তৈরির গুরুদায়িত্ব।শুক্রবার যুবদলের দায়িত্ব নেওয়ার শুভলগ্নটি স্মরণীয় হয়েই থাকবে ইনজাগির। সানসিরোর পিনজোলো ট্রেনিং সেন্টারে কোচ হিসেবে ইনজাগির দায়িত্ব নেওয়ার ক্ষণে উপস্থিত ছিলেন প্রায় শ দেড়েক উত্সুক সমর্থক। তারা নেচে-গেয়ে, স্লোগান দিয়ে তাদের আদরের ‘পিপ্পো’কে জানিয়েছে সাদর সম্ভাষণ। এসি মিলানের সমর্থকেরা প্রথম থেকেই ইনজাগিকে আদর করে ডাকে পিপ্পো।এসি মিলানের হয়ে ৩০০টি ম্যাচ খেলে ইনজাগির গোলসংখ্যা ১২৬। সর্বশেষ মৌসুমটিই যে ৩৮ বছর বয়সী এই স্ট্রাইকারের ফুটবলার হিসেবে শেষ মৌসুম ছিল, এর ইঙ্গিত মিলেছিল মাস খানেক আগেই। এসি মিলানের যুবদলের কোচ হিসেবে ইনজাগির নাম আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। শুক্রবার কেবল আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব হাতে নিলেন তিনি।‘এখন থেকে “পিপ্পো”র চেয়ে কোচ পরিচয়টিই আমাকে বেশি আনন্দিত করবে।’ ইনজাগির মন্তব্য। তিনি আরও বলেন, ‘আমি আজ সত্যিই কিছুটা নার্ভাস। এত সমর্থক আমাকে সম্ভাষণ জানাবে, সেটা কখনোই ভাবিনি।’কোচ হিসেবে নতুন এই ক্যারিয়ার শুরু হওয়ার আগে ইনজাগি স্মরণ করেছেন তাঁর দুই কোচকে। তিনি জানান, তাঁর কোচ হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান লুইগি কাগনি ও বরতোল্লো মুত্তির। কার্লো আনচেলত্তির কাছ থেকেও তিনি অনেক কিছু শিখেছেন বলে জানান ইনজাগি।কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই এসি মিলানের যুবদলের খেলোয়াড়দের পরখ করে নিয়েছেন তিনি। সেখানে নতুন কোনো ইনজাগিকে খুঁজে বের করাই তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন। ওই লক্ষ্যে দুজন স্ট্রাইকারের দেখাও তিনি পেয়েছেন বলে জানান। তবে তাঁরা এখনই আরও একজন ইনজাগি হয়ে উঠবেন কি না, সে বিষয়ে মন্তব্য করার সময় আসেনি বলেই জানান ইতালির এই সাবেক স্ট্রাইকার।খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগ জেতার গৌরবে সিক্ত হয়েছেন ইনজাগি। এবার তাঁর লক্ষ্য কোচ হিসেবেও ক্লাবকে তেমনই কোনো সাফল্য এনে দেওয়া। ‘খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগ জিতেছি। আমার স্বপ্ন এখন কোচ হিসেবেও চ্যাম্পিয়নস লিগের দেখা পাওয়া।’চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এই ইনজাগি। তাঁর গোলসংখ্যা ৭০। ৭৭টি গোল নিয়ে তাঁর ঠিক ওপরের অবস্থানে রয়েছেন স্পেনের রাউল গঞ্জালেস। ইএসপিএন।