'পিস্টোরিয়াসের ক্ষমা নেই'
আবেগ সামলাতে পারছিলেন না বেরি স্টিনক্যাম্প। আদালতে মেয়ের হত্যাকাণ্ড নিয়ে সাক্ষ্য দিতে গেলে কোন বাবাই-বা স্বাভাবিক থাকতে পারেন! পারেননি রিভা স্টিনক্যাম্পের বাবাও। কাল প্রিটোরিয়ায় আদালতে আপিল শুনানিতে অস্কার পিস্টোরিয়াসের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে কেঁদেই ফেললেন ৭৩ বছর বয়সী বেরি। এটাও স্পষ্ট বলে দিলেন, রিভার মা জুন স্টিনক্যাম্প পিস্টোরিয়াসকে ক্ষমা করে দিলেও তিনি কখনোই তাঁকে ক্ষমা করবেন না। পিস্টোরিয়াসকে ‘কৃতকর্মের জন্য অবশ্যই মূল্য দিতে হবে’—জানিয়ে দিলেন এই বিশ্বাসের কথাও।
২০১৩ সালে ভ্যালেন্টাইন ডেতে পিস্টোরিয়াসের বাড়িতে পিস্টোরিয়াসের গুলিতে নিহত হন বান্ধবী রিভা স্টিনক্যাম্প। পিস্টোরিয়াসের দাবি, চোর ভেবেই গুলি করেছিলেন তিনি। এরপর বিচারে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে পাঁচ বছরের জেল হয় পিস্টোরিয়াসের। কিন্তু এই রায় পরে বাতিল হয়ে যায় দক্ষিণ আফ্রিকার আপিল আদালতে। আদালত পিস্টোরিয়াসকে হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত করেন। নতুন করে সাজা নির্ধারণের জন্য মামলাটি ফেরত পাঠানো হয় মূল বিচারক থোকোজাইল মাসিপার আদালতে। প্রিটোরিয়ার এই আদালতেই আগামী শুক্রবার পর্যন্ত শুনানি চলবে। এএফপি।
কাল শুনানিতে বেরি স্টিনক্যাম্প বলেছেন, ‘আমার পক্ষে ক্ষমা করা কঠিন। আমি মনে করি, অস্কার যা করেছে, তার মূল্য তাকে দিতেই হবে। তাকে পাপের শাস্তি পেতেই হবে।’
নতুন বিচারে সর্বোচ্চ ১৫ বছরের জেল হতে পারে পিস্টোরিয়াসের।