'পিস্টোরিয়াসের কাহিনি বিশ্বাস করি না'

‘একবার ভেবে দেখুন তো কী যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছে আমাদের মেয়ের! অস্কারই তো এ জন্য দায়ী। অথচ পরিকল্পিত হত্যাকাণ্ডের দায় থেকে সে রেহাই পেয়ে গেল। আমার ভাবতে অবাক লাগছে, সবাই অস্কারের কথাই বিশ্বাস করল। আমার মেয়ের যন্ত্রণার মৃত্যুটা যেন কিছুই নয়’—কথাগুলো পিস্টোরিয়াসের বান্ধবী রিভা স্টিনক্যাম্পের বাবা ব্যারির। গত বৃহস্পতিবার থেকে তাঁদের পরিবারে অন্ধকার নেমে এসেছে নতুন করে। মেয়ে হত্যার সুবিচার পাননি বলেই মনে করছেন তাঁরা। অথচ, স্টিনক্যাম্পের পরিবারের বিশ্বাস, তাঁদের মেয়ের এই দুঃসহ মৃত্যুর জন্য দায়ী ওই পিস্টোরিয়াসই।
রিভার মা জুন স্টিনক্যাম্প সোজাসাপ্টাই বলেছেন, ‘পিস্টোরিয়াসের কাহিনি বানোয়াট, এই কাহিনিতে আমার কোনো বিশ্বাসই নেই। সে-ই আমার মেয়ের খুনি। অথচ, বিচারব্যবস্থার ফাঁক গলে সে কী চমৎকারভাবেই না ঘটনাটির দায় থেকে রেহাই পেয়ে যাচ্ছে।’
এই রায়ের পর স্বাভাবিকভাবেই প্রচণ্ড হতাশ জুন, ‘পিস্টোরিয়াসকে নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি তার সর্বোচ্চ শাস্তিই চেয়েছিলাম। পিস্টোরিয়াসের সর্বোচ্চ শাস্তি হলেও বা আর কী হতো! আমার মেয়েটি তো আর ফিরত না!’
আইনের মারপ্যাঁচ বুঝতেও চান না রিভার মা-বাবা, ‘ইচ্ছাকৃতই বলুন আর অনিচ্ছাকৃত, ওটা ছিল একটা হত্যাকাণ্ড। আসল কথা হচ্ছে আমাদের মেয়ে হত্যার শিকার হয়েছে। আর সেটার পুরো দায়ভার পিস্টোরিয়াসেরই। কিন্তু তার পরও কেন তাঁর শাস্তিটা কমে যাবে?’
গোটা দক্ষিণ আফ্রিকাতেই পিস্টোরিয়াসের রায় নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইনজীবী মহল, সুশীল সমাজ, সাধারণ নাগরিক সবাই পিস্টোরিয়াসের রায়কে দেশটির বিচার বিভাগের দুর্বলতার একটি বাজে উদাহরণ হিসেবে চিহ্নিত করে চলেছেন। সরকারি আইনজীবীদের সংগঠন এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করারও প্রস্তুতি নিচ্ছে। দেশটির একজন সিনিয়র আইনজীবী মার্টিন হুড বলেছেন, ‘এই রায়ে পরিকল্পিতভাবে খুন করেও আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার রাস্তার সঙ্গে পরিচিতি হয়ে গেল সবার। এটা দক্ষিণ আফ্রিকার ইতিহাসে ফৌজদারি অপরাধের বিচারের ক্ষেত্রে একটি বাজে উদাহরণই হয়ে রইল।’
গত বছরের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে খুন হন দক্ষিণ আফ্রিকার দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াসের বান্ধবী রিভা স্টিনক্যাম্প। বৃহস্পতিবার এই হত্যা মামলার রায়ের প্রথম অংশটি ঘোষণা করা হয়, প্রথম অংশে পিস্টোরিয়াসকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ডের দায় থেকে রেহাই দেওয়া হয়। তবে শুক্রবার রায়ের দ্বিতীয় অংশে বলা হয়, ইচ্ছাকৃতভাবে খুন না করলেও পিস্টোরিয়াস অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত। এর পাশাপাশি আগ্নেয়াস্ত্রের অপ্রয়োজনীয় ব্যবহারের বিষয়ে তাঁকে অস্ত্র আইনের একটি ধারাতে দোষী সাব্যস্ত করা হয়। দক্ষিণ আফ্রিকার আইনে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডও অপরাধ তবে তার শাস্তি সর্বোচ্চ শাস্তির চেয়ে অনেকটাই কম। গতকালই তুমুল বাগ্বিতণ্ডার মধ্যে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। আগামী ১৩ অক্টোবর তাঁর শাস্তির ধরন ও মেয়াদের বিষয়ে আরও একটি রায় দেওয়া হবে। অনেকেই বলছেন, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে কারা অভ্যন্তরে না পাঠিয়েও পিস্টোরিয়াসের বিপক্ষে শিথিল ও স্থগিত কারাদণ্ডের রায় ঘোষিত হতে পারে। তবে দক্ষিণ আফ্রিকায় অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি ১৫ বছরের কারাবাস। সূত্র: এনবিসি নিউজ।