'পুরস্কার না পেয়ে খারাপ লাগছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওসেই মরিসনের
ওসেই মরিসনের

বাংলাদেশ লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মোহামেডানের জার্সি গায়ে। ওসেই মরিসনের খুশিই থাকার কথা। কিন্তু কাল মোহামেডান ক্লাবে ঘানাইয়ান স্ট্রাইকার মন খারাপ করে ঘুরছিলেন। কারণটা বেরিয়ে এল কথা বলার পর

 ১৫ ম্যাচে ১২ গোল করে এবারের বাংলাদেশ লিগের সর্বোচ্চ গোলদাতা আপনি। কিন্তু মুখে হাসি নেই কেন?

ওসেই মরিসন: এমনিতে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে আমি খুশিই। কিন্তু পুরস্কার না পেয়ে মনটা খারাপ। বাংলাদেশ লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কোনো পুরস্কার দেওয়া হচ্ছে না। বিশ্বাস করুন, এ ব্যাপারটা মন থেকে সরাতেই পারছি না।

 বাংলাদেশ লিগে এর আগে এক-দুবার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার দেওয়া হয়েছিল। এটার ধারাবাহিকতা না থাকায় আপনি হয়তো বঞ্চিত হচ্ছেন...

মরিসন: আমি আশা করব, ফেডারেশন পুরস্কারটা দেবে। স্প্যানিশ লিগে সর্বোচ্চ গোলদাতাকে পিচিচি ট্রফি দেওয়া হয়। প্রায় সব দেশেই এই পুরস্কার আছে। আমার কথা হলো, বাংলাদেশে এই পুরস্কার দিলে সমস্যা কী? পুরস্কার দিলে তো খেলোয়াড়েরা উৎসাহ পাবে।

 বাফুফে কিন্তু আপনার গোল দেখাচ্ছে ১১টি। এটা কি জানেন?

মরিসন: জানি, আমি এটা অনলাইনে দেখেছি। মুক্তিযোদ্ধার বিপক্ষে লিগের প্রথম পর্বের ম্যাচটাই শুধু খেলিনি, আর ফিরতি পর্বে এই দলের বিপক্ষে আমার গোলটা ফেডারেশন দিয়েছে মানিকের নামে। আশা করব, ফেডারেশন এটা সংশোধন করবে।

 এর আগে কখনো সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন?

মরিসন: ঘানায় আমি প্রিমিয়ারের চারটি দলে খেলেছি। লিগে সর্বোচ্চ গোলদাতা হইনি, তবে দুটি টুর্নামেন্টে ৭ ও ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা হই।

 আপনাকে দেখলাম মোহামেডানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে কথাবার্তা বলছেন। কোনো বোঝাপড়া হলো?

মরিসন: কথা চলছে। মোহামেডান আমাকে রাখতে চাইলে নিশ্চয়ই এই দলেই খেলতে চাইব। এই অঞ্চলের ফুটবলের মান অত উঁচু নয়, কিন্তু টাকা আছে। ঘানার চেয়ে বেশি টাকা ঢাকায়। সে কারণেই আসলে আমার এখানে আসা।

 সর্বোচ্চ গোলদাতা হয়ে তো অনেকের নজরে পড়ে গেলেন আপনি। তা মোহামেডান ছাড়া আর কোনো প্রস্তাব আছে?

মরিসন: শেখ রাসেল ও আবাহনী আমার সঙ্গে কথা বলেছে। বড় প্রস্তাবও পেয়েছি। ভারতের চার্চিল ব্রাদার্স ও এবার আই-লিগে ওঠা কলকাতা মোহামেডানের প্রস্তাব পেয়েছি।

 এখন কি দেশেই ফিরে যাচ্ছেন, নাকি অন্য কোনো দেশে?

মরিসন: না, ১৫ মে দেশেই ফিরছি। বেশ কয়েক বছর আগে বাবা মারা গেছেন। মা-ই আমার সব। তাঁকে ভীষণ মিস করছি। এখন আমার বয়স ২৭, সামনে বিয়ে করব ভাবছি।

 মোহামেডান লিগে পঞ্চম। এর চেয়ে ভালো কিছু আশা করেছিলেন?

মরিসন: আরও ভালো আশা করেছিলাম। কিন্তু হলো না। চ্যাম্পিয়ন হতে পারিনি বলে ভীষণ খারাপ লাগছে। আসলে স্থানীয় ও বিদেশিরা মিলে রাসেল, জামাল বা আবাহনী যতটা ভারসাম্যপূর্ণ ছিল, মোহামেডান ততটা নয়। শুনেছি, আগামী মৌসুমে শক্তিশালী দল করছে মোহামেডান। আমার বিশ্বাস,  ভবিষ্যতে মোহামেডান অনেক ট্রফি জিতবে।

 বাংলাদেশে এবারই প্রথম খেললেন। কেমন দেখলেন এ দেশের ঘরোয়া ফুটবল?

মরিসন: এমনিতে আমার অভিজ্ঞতা খারাপ নয়। লিগটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে কমলাপুর ও ফেনীর মাঠ মানসম্মত ফুটবলের উপযোগী মনে হয়নি। ভালো ফুটবলের জন্য ভালো মাঠ দরকার।

 বাংলাদেশে এলেন কীভাবে? মানে এই পথটা কে চেনাল?

মরিসন: আবাহনীর ফরোয়ার্ড ইব্রাহিম আমার কাজিন। সে-ই এখানে আমাকে এনেছে। ঘানায় আমরা কাছাকাছিই থাকি।