'পুরো মনোযোগই এখন মেক্সিকোর দিকে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতবার ছুঁতে ছুঁতেও ছোঁয়া হয়নি বিশ্বকাপটা।ওয়েসলি স্নাইডারকে কাঁদিয়ে বিশ্বকাপটা নিয়ে গিয়েছিল স্পেন। হল্যান্ড জিতলে দক্ষিণ আফ্রিকায় স্নাইডারই হতেন সেরা খেলোয়াড়। এবার কি শাপমোচন করতে পারবেন ডাচ মিডফিল্ডার? মেক্সিকো ম্যাচের আগে ফিফাডটকমের মুখোমুখি স্নাইডার—

ওয়েসলি স্নাইডার (বাঁয়ে), আরিয়েন রোবেন। শেষ ষোলোতে মেক্সিকো-বাধা পেরোতে আজ এ দুজনই হবেন ডাচদের বড় অস্ত্র l রয়টার্স
ওয়েসলি স্নাইডার (বাঁয়ে), আরিয়েন রোবেন। শেষ ষোলোতে মেক্সিকো-বাধা পেরোতে আজ এ দুজনই হবেন ডাচদের বড় অস্ত্র l রয়টার্স
ওয়েসলি স্নাইডার
ওয়েসলি স্নাইডার

 তিন ম্যাচেই জয়, গ্রুপসেরা। দলের ভেতরের আবহটা কেমন?
ওয়েসলি স্নাইডার: দল জিততে থাকলে পরিবেশটা সব সময়ই দারুণ থাকে। আমরা কঠিন এক গ্রুপে পড়েছিলাম, অনেকেই মনে করেছিল আমরা গ্রুপপর্ব পেরোতে পারব না। তবে আমাদের বিশ্বাস ছিল। এ ছাড়া (বিশ্বকাপের ঠিক আগে) আমরা নতুন পদ্ধতিতে খেলা শুরু করলাম। তখন থেকেই আমাদের আত্মবিশ্বাসটা বেড়েছে। স্পেন, চিলি ও অস্ট্রেলিয়ার গ্রুপে প্রথম হওয়া ও ১০ গোল করা মানে আপনারা দারুণ করেছেন। সবাই ভেবেছিল এটা অসম্ভব, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বাস, আমরা প্রথম দিন থেকেই সেটা করে আসছি। যেকোনো প্রতিযোগিতাতেই কাপ জেতার উচ্চাশা থাকতে হয়, আমাদের লক্ষ্যটাও এখন তাই। আমাদের সব ম্যাচেই ওই ক্ষুধাটা আপনারা দেখেছেন।
 প্রশংসা কি লুই ফন গালও পাবেন না?
স্নাইডার: অবশ্যই। ম্যানেজারই তো দলের সর্বেসর্বা, আমরা তাঁর বাতলে দেওয়া পথেই খেলছি। পথটা আমাদের প্রায় সবার কাছেই অচেনা ছিল। তাই নতুন পদ্ধতিতে অভ্যস্ত হতে আমাদের প্রচুর খাটতে হয়েছে, প্রস্তুতি ম্যাচগুলোতেও তা করেছি। স্পেন, চিলি ও অস্ট্রেলিয়াকে আমরা খুব সামান্যই সুযোগ দিয়েছি। এ জন্য কোচই প্রথম ধন্যবাদ পাবেন কারণ তিনিই আমাদের এভাবে খেলিয়েছেন। এর পরই ধন্যবাদ পাবে খেলোয়াড়েরা কারণ কাজটা তারাই করেছে। প্রত্যাশাটা সবার জানা, কী করতে হবে সেটাও। আমরা জানি প্রতি-আক্রমণে আমরা কতটা ভয়ংকর।
 গ্রুপে শীর্ষস্থান পাওয়ায় একটি দিন বেশি বিশ্রাম পাওয়ার গুরুত্ব কতটা?
স্নাইডার: অতিরিক্ত একটা দিন পাওয়া আসলেই গুরুত্বপূর্ণ। ব্যস্ত মৌসুমের শেষে গ্রুপপর্বের ওই তিনটি ম্যাচও ছিল খুব কঠিন। ওই ম্যাচগুলো আমরা প্রচণ্ড তীব্রতা নিয়ে খেলেছি। তাই অতিরিক্ত দিনটাকে যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা করেছি। এখন আমাদের মনোযোগ ও প্রস্তুতি সব মেক্সিকো ম্যাচ ঘিরেই।
 ২০১০ সালের ফাইনাল এবার চ্যাম্পিয়ন হতে আপনাকে কতটা অনুপ্রাণিত করবে?
স্নাইডার: আমি যেকোনো টুর্নামেন্টে খেলতে নেমেই সেটা জিততে চাই। চার বছর আগে আমাদের চ্যালেঞ্জটা খুব বড় ছিল। ঠিকঠাকই চলছিল সবকিছু। কিন্তু শেষ পর্যন্ত আমরা ফাইনালে হেরে গেলাম। ওটা এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের একটা সময়। তবে ফুটবলের সুন্দর দিকটা হলো, প্রতিশোধ নেওয়ার সুযোগ সব সময়ই থাকে। চার বছর পর এখানে আমরা সেটাই করেছি। এবার আমরা কেন জিতব না? আমি মনে করি আমাদের দলটা খুব ভালো, আমাদের মানসিকতাও তুঙ্গে। তাই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়ব।
 তা থেকে তো মাত্র চার ম্যাচের দূরে আপনারা। এখন প্রতিপক্ষ মেক্সিকো। দলটা সম্পর্কে কী জানেন?
স্নাইডার: মাত্র চার ম্যাচ? (হাসি) এখনো অনেক দূর যেতে হবে। আমরা খুবই আশাবাদী, তবে সব সময় সামনের প্রতিপক্ষ নিয়েই ভাবতে হয়। মেক্সিকো দলটাও ভালো, প্রতিপক্ষ হিসেবে খুব কঠিন। আমাদের পুরো মনোযোগই এখন মেক্সিকোর দিকে। এরপর দেখা যাবে কী হয়।