'পুসকাস ছিলেন খুব মজার মানুষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্তেভান উরবানি
ইস্তেভান উরবানি

ফেরেঙ্ক পুসকাসের দেশের কোচ। তাই বাড়তি একটা আগ্রহ তো পাবেনই ইস্তেভান উরবানি। তা আরও বেড়ে যাচ্ছে মালদ্বীপ দলের হয়ে এটি তাঁর তৃতীয় সাফ ফুটবল টুর্নামেন্ট হওয়ায়। কাল বিকেলে অনুশীলনে যাওয়ার আগে পুসকাস এবং সাফ ফুটবলের প্রাসঙ্গিক অনেক কিছু নিয়েই বললেন এই হাঙ্গেরিয়ান
l পুসকাসের প্রসঙ্গ দিয়েই শুরু করছি। বিখ্যাত এই ফুটবলারের সঙ্গে আপনার পরিচয় ছিল?
ইস্তেভান উরবানি: পরিচয় তো ছিলই, আমাকে খুব ভালো চিনতেন। অনেক সখ্য ছিল। বহুবার দেখা হয়েছে। কারণ পুসকাসের সাবেক দল হনভেদ বুদাপেস্টে কয়েক বছর খেলেছি আমি। তিনি মাঠে আসতেন খেলা দেখতে।
l ১৯৫৪ বিশ্বকাপের তারকা পুসকাসের সঙ্গে এমন কোনো স্মৃতি কি আছে, যেটি এ মুহূর্তে আপনার মনে পড়ছে?
উরবানি: অনেক স্মৃতি। পুসকাস ছিলেন খুব মজার মানুষ। মজা করতেন সারাক্ষণ। আমাকে তো মজা করে রুজা সান্দ্রো নামে ডাকতেন (হাসিতে ফেটে পড়লেন)। রুজা সান্দ্রো মানে নায়ক, যাদের মানুষ পছন্দ করে। আমি দেখতে সুদর্শন ছিলাম তো, তাই ওভাবে মজা করতেন আমার সঙ্গে।
l সাফ টুর্নামেন্টে আগের চেয়ে এখন কি কোনো পার্থক্য দেখছেন?

উরবানি: আগের চেয়ে এখন প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। দলগুলোর মধ্যে শক্তির ব্যবধান কমে গেছে, আট দলের পাঁচ-ছয়টিই চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে। সবাই বলছে ভারতের কথা। কিন্তু গ্রুপ অব ডেথ থেকে তারা সেমিতে কোয়ালিফাই করবেই, এটা আপনি নিশ্চিত ভাববেন কীভাবে?

l তার মানে নিজেদেরও ফেবারিট ভাবছেন আপনি। তা সাফ ফুটবল আপনার নিজের কাছে কতটা উপভোগ্য?

উরবানি: অবশ্যই মালদ্বীপ অন্যতম ফেবারিট। আমি সব সময় এই টুর্নামেন্ট উপভোগ করি। তবে ২০০৯ সাফের কথা ভুলতে পারব না। ঢাকায় ষষ্ঠ সাফের ফাইনালে আমরা ভারতের কাছে টাইব্রেকারে হেরে গিয়েছিলাম। আগেরবারের চ্যাম্পিয়ন হিসেবে যা ছিল আমাদের জন্য ভীষণ হতাশার।

l সেই হতাশা কি এখনো বয়ে বেড়ান?

উরবানি: হ্যাঁ, এখনো বয়ে বেড়াচ্ছি। সেবার সেমিফাইনালে আমরা শ্রীলঙ্কাকে ৫-১ গোলে গুঁড়িয়ে দিয়েছিলাম। ফাইনালে আমাদের দুই সেরা খেলোয়াড় তারেক (টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা) ও আলী আশফাক টাইব্রেকার মিস করে বসল। দুর্ভাগ্য, সাফ শিরোপা জেতা হয়নি আমার।

l গতকাল (পরশু) বাংলাদেশ-নেপাল ম্যাচটা দেখেছেন?

উরবানি: দেখেছি। বাংলাদেশ দলের খেলায় কিছু একটা মিস করছিলাম। যাক, এসব নিয়ে আমার কথা বলা উচিত নয়। তবে এটা বলব, বাংলাদেশ দল সম্ভাবনাময়। একটা দিন খারাপ কেটেছে এত হতাশার কিছু নেই।

l নেপালের দর্শক-উন্মাদনা দেখেছেন? একটু কি ভয় লাগছে না? যদি সেমিফাইনালে বা ফাইনালে ওদের সামনে পড়েন...

উরবানি: এটা ঠিক, ভরা গ্যালারির সামনে স্বাগতিক নেপালকে সামলানো কঠিন। বাংলাদেশের বিপক্ষে নেপাল মাঠে ছিল অনেক উজ্জীবিত। এই নেপালের বিপক্ষেই গত দুটি সাফে আমরা প্রথম ম্যাচ খেলেছি এবং দুটিই ড্র হয়েছে। প্রথম প্রতিপক্ষ হিসেবে নেপাল ভয়ের কারণই হয়ে দাঁড়িয়েছে।

l এই অঞ্চলের ফুটবলে সবচেয়ে বড় ঘাটতিটা কী মনে হচ্ছে আপনার কাছে?

উরবানি: বেশির ভাগ খেলোয়াড়ই পেশাদার নয়। মালদ্বীপ, নেপাল, বাংলাদেশ...সব দেশেই একই অবস্থা। ভারত একটু এগিয়েছে বটে, কিন্তু সেটিও পর্যাপ্ত নয়। আরও পেশাদার হতে হবে।

l সেভাবে তারকাও তো বেরিয়ে আসছে না এই দক্ষিণ এশিয়ায়...

উরবানি: আমাদের আলী আশফাকের যোগ্যতা ছিল ইউরোপে খেলার। কিন্তু যে কারণেই হোক, হলো না। তবে ভারতের বাইচুং ভুটিয়া ইংল্যান্ডের তৃতীয় বিভাগের দল বারি এফসিতে খেলেছে। সুনীল ছেত্রীও সম্প্রতি পর্তুগালের লিসবন স্পোর্টিংয়ের টিম ‘বি’তে খেলেছে বলে জানি। তবে আরও তারকা দরকার।

l মালদ্বীপে এমনিতে আপনার সময় কেমন কাটছে?

উরবানি: ভালোই। থাকার জন্য মালদ্বীপ দুর্দান্ত জায়গা। কিন্তু আপনি আমার ছেলেদের দেখুন (হোটেল লবিতে বসে পাশেই মালদ্বীপের খেলোয়াড়দের দেখিয়ে), কত ছোটখাটো। ওদের স্কিল আছে, কিন্তু উচ্চতা এবং শারীরিক শক্তি কম। যেটা এগোনোর পথে বড় বাধা।